Published : 26 Sep 2025, 03:11 PM
নিয়মিত লোডশেডিং ও পানির সঙ্কট নিয়ে বিক্ষোভ সহিংস হয়ে ওঠার পর মাদাগাস্কারের কর্তৃপক্ষ বৃহস্পতিবার রাজধানীতে সন্ধ্যা থেকে পরদিন ভোর পর্যন্ত কারফিউ জারি করেছে বলে জানিয়েছেন এক শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা।
রাজধানী আনতানানারিভোতে বিক্ষোভরত হাজারো মানুষকে ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদুনে গ্যাস ছুড়েছে বলে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন।
বিক্ষোভকারীদের বেশিরভাগই ছিল তরুণ, যারা প্ল্যাকার্ড হাতে মিছিল করেছে।
আন্দোলনকারীরা সরকারবিরোধী স্লোগান দেয় এবং দেশজুড়ে পানি ও বিদ্যুৎ নিশ্চিত করার দাবি জানায়।

“দুর্ভাগ্যজনকভাবে কিছু ব্যক্তি অবস্থার সুযোগ নিয়ে অন্য মানুষের সম্পদ ধ্বংসে লিপ্ত হয়,” বৃহস্পতিবার ব্যক্তি মালিকানাধীন রিয়েল টিভিতে পড়া বিবৃতিতে এমনটাই বলেন পুলিশ ও সামরিক বাহিনীকে নিয়ে গঠিত একটি যৌথ নিরাপত্তা কাঠামোর প্রধান জেনারেল অ্যাঞ্জেলো রাভেলোনারিভো।
‘জনগণ ও তাদের সম্পদ’ রক্ষায় নিরাপত্তা বাহিনী সন্ধ্যা ৭টা থেকে ভোর ৫টা পর্যন্ত কারফিউ জারি করেছে, বলা হয়েছে বিবৃতিতে।
ভারত মহাসাগরে অবস্থিত দ্বীপরাষ্ট্র মাদাগাস্কার এমনিতেই দারিদ্রপীড়িত। পরিস্থিতির পরিবর্তন করতে না পারায় অনেকে ২০২৩ সালে পুনর্নির্বাচিত প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনাকে দুষছেন।
বৃহস্পতিবার বিক্ষোভের মধ্যে রাজধানীতে একটি শপিং মলে লুটপাট চলে ও পরে সেটি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। দুই আইনপ্রণেতার বাড়িতেও লুটপাট-ভাঙচুর হয়েছে বলে জানিয়েছেন রয়টার্সের প্রত্যক্ষদর্শী।
বিক্ষোভকারীরা এদিন পুলিশি নিষেধাজ্ঞা উপেক্ষা করেই মিছিল করেছে এবং স্লোগান দিয়েছে, “আমাদের পানি দরকার, আমাদের বিদ্যুৎ দরকার।”

নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেওয়ার পর তারা রাজধানীর বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে।
এসব নিয়ে মন্তব্যের জন্য রয়টার্স মাদাগাস্কারের নিরাপত্তা বাহিনীর মুখপাত্র জাফিসাম্বাত্রা রাভোয়াভির সঙ্গে যোগাযোগ করতে পারেনি।
এর আগে বুধবার দেশটির জাতীয় পুলিশের প্রধান জিন হার্বার্ট আন্দ্রিয়ানতাহিয়ানা রাকতোমালালা হুঁশিয়ার করে বলেছিলেন, যারাই আইন ভাঙার উসকানি দেবে তাদের কঠোর হাতে দমন করবে নিরাপত্তা বাহিনী।