১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

তুরস্কে বন্দুক লড়াইয়ে ৬ আইএস জঙ্গি, ৩ পুলিশ কর্মকর্তা নিহত

ইস্তাম্বুলের প্রধান কৌঁসুলির দপ্তর জানিয়েছে, আইএসের জঙ্গিরা নতুন বছরের আগে ছুটির দিনগুলোতে ‘অমুসলিমদের বিরুদ্ধে হামলা চালানোর পরিকল্পনা করছে’।

তুরস্কে বন্দুক লড়াইয়ে ৬ আইএস জঙ্গি, ৩ পুলিশ কর্মকর্তা নিহত
তুরস্কের ইয়ালোভা প্রদেশের এলমালিক গ্রামের এই বাড়িটি ঘিরে অভিযান চালিয়েছে পুলিশ। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2025, 12:03 PM

Updated : 26 Aug 2026, 05:26 PM

তুরস্কের উত্তরপশ্চিমাঞ্চলে তীব্র এক বন্দুক লড়াইয়ে ইসলামিক স্টেটের (আইএস) ছয় জঙ্গি ও তিন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন, জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।  

সোমবার তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়ারলিকাইয়া জানান, নিরাপত্তা বাহিনী রাতভর ১৩টি প্রদেশজুড়ে আইএসের কথিত আস্তানাগুলোতে ১০৮টি পৃথক অভিযান চালিয়েছে।   

এগুলোর মধ্যে একটি অভিযান ছিল ইস্তাম্বুলের দক্ষিণে ইয়ালোভা প্রদেশের এলমালিক গ্রামে। সেখানে একটি আবাসিক এলাকায় স্থানীয় সময় সোমবার রাত ২টায় অভিযান শুরু করা হয়।  

এলমালিক গ্রামের একটি বাড়ির কাছে দাঁড়িয়ে আছেন পুলিশ কর্মকর্তারা। ছবি: রয়টার্স 

এলমালিক গ্রামের একটি বাড়ির কাছে দাঁড়িয়ে আছেন পুলিশ কর্মকর্তারা

ইয়ারলিকাইয়ার বরাত দিয়ে আল জাজিরা জানায়, পুলিশ কর্মকর্তারা একটি বাড়িতে অভিযান শুরু করতে গেলে গোলাগুলি শুরু হয়, এতে ছয় জঙ্গি ও তিন পুলিশ কর্মকর্তা নিহত হন। এ ঘটনায় আরও আট পুলিশ সদস্য ও এক নৈশপ্রহরী আহত হন।  

তিনি জানান, গোলাগুলিতে যে জঙ্গিরা নিহত হয়েছেন তারা সবাই তুরস্কের নাগরিক। অভিযান চলাকালে ওই বাড়িটি থেকে পাঁচ নারী ও ছয় শিশুকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়।  

অভিযানে সমর্থন যোগাতে ইয়ালোভার নিকটবর্তী বুরসা প্রদেশ থেকে পুলিশের বিশেষ বাহিনীগুলোকে নিয়ে আসা হয়। তারা ওই এলাকার নিরাপত্তা জোরদারেও ভূমিকা রাখে। 

রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম টিআরটি হ্যাবার এর আগে জানায়, যে বাড়িতে অভিযান চলছে তার আশপাশের এলাকাগুলো যাওয়ার সব রাস্তা নিরাপত্তা বাহিনী বন্ধ করে দিয়েছে, স্থানীয় বাসিন্দা ও গাড়ি সেখানে ঢুকতে দেওয়া হচ্ছে না। 

এলমালিক গ্রামের বাসিন্দারা ঘটনাস্থলের দিকে তাকিয়ে আছেন। ছবি: রয়টার্স

এলমালিক গ্রামের বাসিন্দারা ঘটনাস্থলের দিকে তাকিয়ে আছেন

গত সপ্তাহে ইস্তাম্বুলের প্রধান কৌঁসুলির দপ্তর জানিয়েছিল, আইএসের জঙ্গিরা নতুন বছরের আগে ছুটির দিনগুলোতে ‘অমুসলিমদের বিরুদ্ধে হামলা চালানোর পরিকল্পনা করছে’, গোয়েন্দা সূত্রে এমন খবর পেয়ে অভিযানে নামে পুলিশ। গত বৃহস্পতিবারের মধ্যে ১২৪টি এলাকায় অভিযান চালিয়ে ১১৫ জন সন্দেহভাজন আইএস সদস্যকে গ্রেপ্তার করে। 

সম্প্রতি তুরস্কের প্রতিবেশী সিরিয়ার মধ্যাঞ্চল ও উত্তরপূর্বাঞ্চলে ইসলামিক স্টেটের বিরুদ্ধে ব্যাপক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এসব এলাকায় মার্কিন বাহিনী ৭০টিরও বেশি লক্ষ্যে আঘাত হেনেছে। এর এক সপ্তাহ আগে সিরিয়ার পালমিরা শহরে এক সন্দেহভাজন আইএস সদস্যের হামলায় দুই মার্কিন সেনা ও এক দোভাষী নিহত হয়েছিল।