১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

হংকংয়ে প্রবল ঝড়বৃষ্টির কারণে সর্বোচ্চ আবহাওয়া সতর্কতা জারি

ভারি বৃষ্টিতে নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দেওয়ায় জনজীবন অচল হয়ে পড়লে সর্বোচ্চ সতর্কতার মেয়াদ আরও ৬ ঘণ্টা বাড়ানো হয়।

হংকংয়ে প্রবল ঝড়বৃষ্টির কারণে সর্বোচ্চ আবহাওয়া সতর্কতা জারি
আবহাওয়ার সর্বোচ্চ ‘ব্ল্যাক’ সতর্কতা জারি হওয়া সত্ত্বেও কিছু মানুষ বাইরে বের হয়েছেন। ছবি: সাউথ চায়না মর্নিং পোস্ট

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2025, 04:02 PM

Updated : 26 Aug 2026, 01:31 PM

হংকংয়ের আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র ঝড়বৃষ্টির জন্য তাদের সর্বোচ্চ ‘ব্ল্যাক’ সতর্কতা জারি করেছে। ভারি বৃষ্টির কারণে এশিয়ার এই আর্থিক কেন্দ্রটির হাসপাতালের ওয়ার্ড, স্কুল, আদালত ও নিবন্ধন দপ্তরগুলো বন্ধ রাখা হয়েছে। 

রয়টার্স জানায়, ‘ব্ল্যাক’ সতর্কতা মঙ্গলবার স্থানীয় সময় সকাল ১১টা পর্যন্ত বজায় থাকার কথা ছিল। কিন্তু সাউথ চায়না মর্নিং পোস্ট জানিয়েছে, ভারি বৃষ্টিতে নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দেওয়ায় জনজীবন অচল হয়ে পড়লে সর্বোচ্চ সতর্কতার মেয়াদ আরও ছয় ঘণ্টা বাড়ানো হয়। ফলে স্থানীয় সময় বিকাল ৫টা পর্যন্ত ‘ব্ল্যাক’ সতর্কতা বজায় থাকছে।    

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে এ পর্যন্ত ১০১টি ফ্লাইটের সূচি বিঘ্নিত হয়েছে, দুটির সূচি বাতিল হয়েছে আর অবতরণের কথা থাকা দুইটি ফ্লাইটকে অন্য বিমানবন্দরে পাঠিয়ে দেওয়া হয়েছে।  

চীনের দক্ষিণাঞ্চলীয় গুয়াংডং প্রদেশে শনি ও রোববার প্রবল ঝড়বৃষ্টির মধ্যে ভূমিধস ও হড়কা বানে অন্তত পাঁচজনের মৃত্যু হয়। এই একই আবহাওয়া প্যাটার্নের প্রভাবে হংকংয়ে তুমুল ঝড়বৃষ্টি হচ্ছে।   

ভারি বৃষ্টিতে নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। ছবি: রয়টার্স 

ভারি বৃষ্টিতে নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে

হংকংয়ের আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র তাদের ওয়েবসাইটে এক বুলেটিনে বলেছে, “অবিরাম বৃষ্টিপাতের ফলে রাস্তায় জলবদ্ধতা ও তীব্র যানজট দেখা দিতে পারে। জনসাধারণকে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার পরাশর্ম দেওয়া হচ্ছে।”

কর্তৃপক্ষ জানিয়েছে, শহরটিতে ভোর ৬টা থেকে সকাল ৬টা ৫৯ পর্যন্ত ৯৮৩৭টি বজ্রপাত হয়েছে।  

চীনের আবহাওয়া কর্তৃপক্ষ জানিয়েছে, হংকং ও নিকটবর্তী চীনা শহর গুয়াংঝুতে প্রতি ঘণ্টায় ৬০ থেকে ৯০ মিলিমিটার (২ দশমিক ৪ থেকে ৩ দশমিক ৫ সেন্টিমিটার) পর্যন্ত বৃষ্টিপাত হচ্ছে। 

হংকংয়ের আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র জিয়ান শা জুই এলাকায় তাদের সদরদপ্তরে মঙ্গলবার ৩৫৫ দশমিক ৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে। এটি ১৮৮৪ সালের পর থেকে অগাস্ট মাসে একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড। 

প্রবল বৃষ্টিতে নগরীর বহু রাস্তা তলিয়ে গেছে। ছবি: সাউথ চায়না মর্নিং পোস্ট 

প্রবল বৃষ্টিতে নগরীর বহু রাস্তা তলিয়ে গেছে

হংকংয়ে বৃষ্টিপাতের স্বাভাবিক বার্ষিক গড় ২২২০ মিলিমিটার। সাধারণত এর অর্ধেকেরও বেশি বৃষ্টিপাত হয় জুন থেকে অগাষ্টের মধ্যে।   

তবে এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও হংকংয়ের স্টক এক্সচেঞ্জ খোলা রাখা হয়েছে। যে কোনো আবহাওয়ার মধ্যে স্টক এক্সচেঞ্জ খোলা রাখার এই সিদ্ধান্ত গত বছর নেওয়া হয়। 

হংকংয়ের হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, হাসপাতালগুলোর দুর্ঘটনা ও জরুরি বিভাগগুলো খোলা আছে, কিন্তু সাধারণ বহির্বিভাগ, বার্ধক্য ও মানসিক রোগের দৈনিক হাসপাতাল পরিষেবা দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বন্ধ রাখা হয়েছে। 

হংকংয়ের বিচার বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, ‘ব্ল্যাক’ ঝড়বৃষ্টির সতর্কতা তুলে নেওয়ার পর আদালত, ট্রাইব্যুনাল ও নিবন্ধন দপ্তরগুলো খোলা হবে।

হংকং পোস্ট অফিস জানিয়েছে, তাদের সব প্রাঙ্গণ ও ডেলিভারি পরিষেবা ঝড়ের সতর্কতা বজায় থাকায় পর্যন্ত বন্ধ থাকবে।