Published : 08 Sep 2026, 07:19 PM
ইরানের সঙ্গে যুদ্ধে সফল হলে পশ্চিম এশিয়ার দেশগুলোতে সেনা ও গোয়েন্দা উপস্থিতি এবং স্থাপনার সংখ্যা কমিয়ে আনতে চায় যুক্তরাষ্ট্র। এ বিষয়ে দেশটির সামরিক বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে সম্প্রতি বেশ কিছু অপ্রকাশ্য আলোচনা শুরু হয়েছে।
মার্কিন সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থার অন্তত ছয়টি দায়িত্বশীল সূত্রের বরাত দিয়ে মঙ্গলবার সিএনএনে প্রকাশিত এক খবরে এ তথ্য দেওয়া হয়েছে।
খবরে বলা হয়, সেনা ও গোয়েন্দা উপস্থিতি কমানোর এ সিদ্ধান্ত বাস্তবায়িত হলে, তা হবে বহু বছর ধরে পশ্চিম এশিয়ার দেশগুলো ছেড়ে বের হয়ে যাওয়ার আকাঙ্খার বাস্তবায়িত করতে মার্কিন জাতীয় নিরাপত্তা ব্যবস্থার জন্য একটি বড় কৌশলগত পরিবর্তন। কারণ ২০০১ সালের ১১ সেপ্টেম্বর নিউ ইয়র্কের টুইন টাওয়ারে সন্ত্রাসী হামলার পর যুক্তরাষ্ট্র পশ্চিম এশিয়ার ইরাক, আফগানিস্তান, সিরিয়া, ইরান, ইয়েমেন ও লিবিয়ায় স্থায়ী সামরিক ও গোয়েন্দা ঘাঁটির একটি বিশাল নেটওয়ার্ক গড়ে তুলেছিল।
তবে সাম্প্রতিক যুদ্ধে ইরানের হামলায় এসব দেশে মার্কিন অবকাঠামোর মারাত্মক দুর্বলতাগুলো প্রকাশ পেয়েছে। এসব হামলায় এখন পর্যন্ত ১৮ মার্কিন সেনা নিহত হয়েছেন।
সিএনএন বলছে, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে এক খামখেয়ালী ও সব সময় মন পরিবর্তন হয় এমন মানুষ বলে মনে করছেন সামরিক ও গোয়েন্দা কর্মকর্তারা। অনানুষ্ঠানিক আলোচনায় যুক্ত এই কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন, তারা এখন ট্রাম্পের পরবর্তী পদক্ষেপ কি হতে পারে তা অনুমানের চেষ্টা করছেন। কারণ যুদ্ধপরবর্তী ভবিষ্যতের জন্য প্রেসিউেন্ট ট্রাম্প এখনো কোনো সুনির্দিষ্ট কৌশল বা পরিকল্পনা তুলে ধরেননি। অথচ অতীতে ট্রাম্প বিদেশে মার্কিন সেনা কমানোর কথা বলে নিজের রাজনৈতিক অবস্থান তৈরি করেছিলেন।
এই আলোচনা এমন এক সময়ে চলছে, যখন পশ্চিম এশিয়ায় এখনও প্রায় ৫০ হাজার মার্কিন সেনা, দুটি বিমানবাহী রণতরী ও এক ডজনেরও বেশি ক্ষেপণাস্ত্র ধ্বংসকারী জাহাজসহ বিশাল সামরিক উপস্থিতি রয়েছে।
একটি সূত্রের বরাতে খবরে দাবি করা হয়, চলতি বছরের শুরুর দিকে ইরান যুদ্ধের তীব্রতম সময়ে যে সিআইএ কর্মকর্তাদের দেশে ফেরত পাঠানো হয়েছিল, তাদের আবার ওই অঞ্চলে পাঠানো হচ্ছে।
ফলে মার্কিন সামরিক বাহিনী এখন মূল্যায়ন করছে, ইরান যুদ্ধ শেষ হওয়ার পর যে সেনারা মধ্যপ্রাচ্যে থেকে যাবেন, তাদের সুরক্ষায় কীভাবে প্রতিরক্ষা ব্যবস্থা আরও মজবুত করা যায়। এর মধ্যে ভূগর্ভস্থ কোনো স্থানে কিছু সামরিক কেন্দ্র বা স্থাপনা সরিয়ে নেওয়ার পরিকল্পনাও রয়েছে; ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার হাত থেকে আরও ভালো সুরক্ষা পাওয়া যায়।
যদিও পেন্টাগন দীর্ঘদিন ধরে এই অঞ্চলের কিছু ঘাঁটি ভূগর্ভে স্থানান্তরের কথা আলোচনা করে আসছিল। কিন্তু যুদ্ধ শুরুর সপ্তাহগুলোতে মার্কিন ঘাঁটিগুলো ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার সামনে কতটা অরক্ষিত, ইরান তা আবার প্রমাণ করে দিয়েছে। ফলে ঘাঁটিতে থাকা সেনাদের সুরক্ষার বিষয়টি আবার নতুন করে আলোচনা হচ্ছে সামরিক বাহিনীর মধ্যে।
মার্কিন সরকারের এক কর্মকর্তা বলেন, “দুর্বলতাগুলোর কথা আগে থেকেই জানা ছিল। কিন্তু যুক্তরাষ্ট্র কখনোই এটিকে জরুরি বিষয় হিসেবে দেখে পদক্ষেপ নেয়নি।”
সিএনএন বলছে, মার্কিন সামরিক বাহিনী আগামী বছরের শুরুতেই পশ্চিম এশিয়ায় তাদের কাঠামো পুনর্গঠনের বেশ কয়েকটি সম্ভাব্য পরিকল্পনা বা পদক্ষেপ তৈরি করেছে। তবে তারা এটিও স্বীকার করেছে, যুদ্ধ চলাকালে বিমান হামলার জন্য ব্যবহৃত এই কৌশলগত ঘাঁটিগুলো ছেড়ে যাওয়া মোটেও যুক্তিযুক্ত হবে না।
এ বিষয়ে জানতে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রীর কার্যালয়ের সঙ্গে সিএনএন যোগাযোগ করলে, তাদের যে কোনো প্রশ্নের জন্য প্রতিরক্ষা বিভাগের প্রধান যুদ্ধ কমান্ড বা ইউএস সেন্ট্রাল কমান্ডের সঙ্গে কথা বলতে বলেছে। তবে সিএনএন প্রতিবেদনটি প্রকাশের আগে সেন্ট্রাল কমান্ড এ বিষয়ে কোনো বার্তার জবাব দেয়নি। যুক্তরাষ্ট্রের প্রধান বেসামরিক বৈদেশিক গোয়েন্দা সংস্থা সিআইএ-ও এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।