১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

গ্রিসে দাবানলে ৩ দমকল কর্মীর মৃত্যু

ইউরোপ এখন বিশ্বের সবচেয়ে দ্রুত উষ্ণ হয়ে উঠতে থাকা মহাদেশ। এটি চলতি বছর রেকর্ড ভাঙা দাবদাহের মধ্য দিয়ে গেছে।

গ্রিসে দাবানলে ৩ দমকল কর্মীর মৃত্যু
ক্রীটের ক্রিয়া ভ্রিসি গ্রামের পাশে একদিকে দাবানল ও অপরদিকে ভেড়া চড়ছে। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2026, 12:44 PM

Updated : 11 Sep 2026, 03:45 PM

স্পেন ও ফ্রান্সে কয়েকদিন ধরে আগুনের ধ্বংসাত্মক তাণ্ডব চলার পর এবার পূর্ব ইউরোপেও দাবানল ছড়িয়েছে। গ্রিসের ক্রিট দ্বীপে ও মূলভূখণ্ডে দাবানলের বিরুদ্ধে লড়তে গিয়ে তিন দমকল কর্মীরা মৃত্যু হয়েছে। 

গ্রিসের দমকল বিভাগের এক মুখপাত্র রয়টার্সকে জানিয়েছেন, ক্রিটের দাবানলে ক্রিয়া ভ্রিসি গ্রামের কাছে আগুনের দুই প্রান্তের মাঝখান দিয়ে যাওয়ার সময় দুই দমকল কর্মী আটকা পড়ে গিয়ে মারা যান। আরেক দমকল কর্মী মারা যান পেনোপোলিস উপদ্বীপ অঞ্চলের পৃথক আরেক দাবানলে।  

 স্থানীয়রা রয়টার্সকে ফোনে জানিয়েছেন, ক্রিয়া ভ্রিসি ও নিকটবর্তী গ্রামগুলো থেকে বাসিন্দাদের ও পর্যটকদের সরিয়ে নেওয়া হয়েছে। প্রবল বাতাসে আগুন প্রায় নিয়ন্ত্রিত হয়ে পড়েছে। 

স্থানীয় বাসিন্দা ক্রিসা ইয়ুউকাকি বলেন, “বাতাসের গতি অবিশ্বাস্য। আপনি কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবেন না। আগুনের শিখা বিশাল হয়ে উঠেছে। এটি সত্যি ভয়ঙ্কর।” 

দাবানল ক্রিটের আগিয়া গালিনি শহরের দিকে এগিয়ে যাচ্ছে যেখানে ছোট একটি বন্দরের পাশে পাহাড়ের ওপর লাইন ধরে অনেক হোটেল আছে। গালিনি মারে হোটেলের মালিক খারাল্যাম্বোস সেব্বাস জানিয়েছেন, বুধবার স্থানীয় সময় বিকালে বাস ও গাড়ি দিয়ে এখান থেকে পর্যটকদের সরিয়ে নেওয়া হয়েছে।  

বুধবার সকালে ইউরোপীয় ইউনিয়নের জরুরি সাড়া কেন্দ্রের প্রধান জানিয়েছেন, আগামী সপ্তাহগুলোতে গ্রিস ও ইতালি তীব্র দাবানলের ঝুঁকির মুখে পড়তে যাচ্ছে।   

গত কয়েকদিনের দাবানলে স্পেন ও ফ্রান্সের বহু এলাকা পুড়ে গেছে। ওইসব এলাকার বিপুল সংখ্যক মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। দাবানলে ব্যাপক ধ্বংসযজ্ঞের পাশাপাশি বহু বন্যপ্রাণীর মৃত্যু হয়েছে। 

ইউরোপ এখন বিশ্বের সবচেয়ে দ্রুত উষ্ণ হয়ে উঠতে থাকা মহাদেশ। এটি চলতি বছর রেকর্ড ভাঙা দাবদাহের মধ্য দিয়ে গেছে। মানুষের সৃষ্ট জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বজুড়ে উষ্ণতা বৃদ্ধির পাশাপাশি ঘন ঘন খরাজনিত পরিবেশ দেখা দিচ্ছে আর এ ধরনের পরিস্থিতি দাবানল দ্রুত ছড়ানোর জন্য আদর্শ হয়ে উঠছে।