সাবেক এফবিআই পরিচালক জেমস কোমির বিরুদ্ধে দুই অভিযোগ গঠন
তার বিরুদ্ধে মিথ্যা বিবৃতি দেওয়ার একটি অভিযোগ এবং ন্যায়বিচারে বাধা দেওয়ার আরেকটি অভিযোগ আনা হয়েছে।
এফবিআইয়ের সাবেক পরিচালক জেমস কোমির বিরুদ্ধে কংগ্রেসে দেওয়া সাক্ষ্য সংশ্লিষ্ট দুটি অভিযোগ গঠন করেছে ভার্জিনিয়ার একটি ফেডারেল গ্র্যান্ড জুরি।
বিবিসি লিখেছে, প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের দীর্ঘদিনের সমালোচনার লক্ষ্য ছিলেন কোমি। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি ২০২০ সালের সেপ্টেম্বর মাসে কংগ্রেসে দেওয়া তার সাক্ষ্যে- সংবাদমাধ্যমকে শ্রেণিবদ্ধ তথ্য ফাঁস করার অনুমোদন দিয়েছিলেন কি না, সে বিষয়ে মিথ্যা বলেছেন।
এ তদন্তের নেতৃত্ব দিচ্ছেন লিন্ডসে হ্যালিগান, যিনি পূর্ব ভার্জিনিয়ার মার্কিন অ্যাটর্নি এবং একসময় ট্রাম্পের ব্যক্তিগত আইনজীবী ছিলেন।
অভিযোগের প্রতিক্রিয়ায় কোমি বৃহস্পতিবার ইনস্টাগ্রামে এক মিনিটের ভিডিওতে নিজেকে নির্দোষ দাবি করে বলেন, “আমি ফেডারেল বিচার ব্যবস্থার উপর পূর্ণ আস্থা রাখি।”
সিবিএসের প্রতিবেদন অনুযায়ী, কোমির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপাঠের (অ্যারেইনমেন্ট) জন্য স্থানীয় সময় ৯ অক্টোবর সকাল ১০টায় (স্থানীয় সময়) ভার্জিনিয়ার আলেকজান্দ্রিয়া ঠিক করা হয়েছে। সেদিন আসামির সামনে অভিযোগগুলো পড়ে শোনানো হবে।
মার্কিন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি এক বিবৃতিতে বলেছেন, যারা আমেরিকার জনগণকে বিভ্রান্ত করার জন্য ক্ষমতার অপব্যবহার করে, তাদের জবাবদিহিতায় যে অঙ্গীকার রয়েছে বিচার বিভাগের; এই অভিযোগ গঠন তারই প্রতিফলন।
কোমির বিরুদ্ধে মিথ্যা বিবৃতি দেওয়ার একটি অভিযোগ এবং আরেকটি ন্যায়বিচারে বাধা দেওয়ার অভিযোগ আনা হয়েছে।
বিচার বিভাগ কোমির বিরুদ্ধে তিনটি অভিযোগ বিবেচনা করতে গ্র্যান্ড জুরির কাছে অনুরোধ করেছিল, কিন্তু আদালতে মামলা চলার জন্য কেবল দুটি অভিযোগের পক্ষে পর্যাপ্ত প্রমাণ রয়েছে বলে জুরি একমত হতে পেরেছে। তৃতীয় অভিযোগটি ছিল মিথ্যা বিবৃতি দেওয়ার আরেকটি অভিযোগ।
গ্র্যান্ড জুরি হল নাগরিকদের একটি দল, যারা যাচাই-বাছাই করে অভিযোগ আনা যেতে পারে কি না তা ঠিক করে। আইনি ভাষায়, কোনো অপরাধ সংঘটিত হয়েছে বলে যুক্তিসঙ্গত প্রমাণ আছে কি না তা দেখে গ্র্যান্ড জুরি।
কোমি হচ্ছেন প্রথম কোনো সাবেক এফবিআই পরিচালক, যার বিরুদ্ধে অপরাধমূলক অভিযোগ আনা হয়েছে। তিনি সবসময়ই বলে আসছেন, তিনি শপথভঙ্গ করেননি।
যদি দোষী প্রমাণিত হন, তাহলে তার সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।
কোমির একজন আইনজীবী প্যাট্রিক ফিটজেরাল্ড সংক্ষিপ্ত বিবৃতিতে বলেছেন, “জিম কোমি আজ দায়ের হওয়া অভিযোগগুলো পুরোপুরি অস্বীকার করেছেন। আমরা আদালত কক্ষে তার নির্দোষতা প্রমাণের অপেক্ষায় আছি।”
ভিডিও বার্তায় কোমি বলেন, “আমার পরিবার এবং আমি বহু বছর ধরে জানি যে ডনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে দাঁড়ানোর একটা মূল্য দিতে হবে।
“আমরা কখনো মাথা নিচু করে বাঁচব না, আপনাদেরও উচিত না। এবং আমি নির্দোষ। চলুন তাহলে আদালতে দেখা হোক।”
