Published : 23 Aug 2026, 02:36 PM
ভারতের ওড়িশা উপকূলে বঙ্গোপসাগরে এক বাংলাদেশিসহ ডুবে যাওয়া কার্গো জাহাজটির বাকি ২২ নাবিকের খোঁজে তল্লাশি চালিয়ে যাচ্ছে ভারতীয় কোস্টগার্ড ও নৌবাহিনী।
শনিবার পানামার পতাকাবাহী এমভি ওশেন উইনার ওড়িশা রাজ্যের উপকূল থেকে প্রায় ২৪০ নটিক্যাল মাইল দূরে ২৪ জন নাবিকসহ ডুবে যায়। নাবিকদের মধ্যে ২০ চীনের, তিনজন মিয়ানমারের ও একজন বাংলাদেশের নাগরিক। তাদের মধ্যে মাত্র দুইজনকে উদ্ধার করা সম্ভব হয়েছে।
উদ্ধার পাওয়া দুই নাবিক চীনের নাগরিক বলে ভারতের ঊধ্র্বতন কর্মকর্তাদের বরাতে জানিয়েছে রয়টার্স।
ভারতের মেরিটাইম অ্যাডমিনিস্ট্রেশনের মহাপরিচালক শ্যাম জগন্নাথন রোববার রয়টার্সকে জানান, উদ্ধার পাওয়া চীনের দুই নাবিক জানিয়েছেন, শুক্রবার জাহাজটি ভারসাম্য হারিয়ে একদিকে হেলে পড়ে আট মিনিটের মধ্যে ডুবে যায়, যার ফলে নাবিকরা জাহাজটি ত্যাগ করতে বাধ্য হন।
জগন্নাথন জানান, সাধারণত ১২ ঘণ্টা পর জীবিত কাউকে খুঁজে পাওয়ার সম্ভাবনা দ্রুত কমে যায়, কিন্তু তারপরও উদ্ধাকারীরা সন্ধান অব্যাহত রেখেছেন।
ভারতীয় নৌবাহিনী এক্স এ এক পোস্টে জানিয়েছে, বাকি ২২ নাবিককে খুঁজে বের করতে তারা কোস্টগার্ডের সঙ্গে মিলে নিবিড় অনুসন্ধান চালাচ্ছে।
উদ্ধার অভিযানের জন্য কোস্টগার্ড আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী শ্রী বিজয়া পুরম (সাবেক পোর্ট ব্লেয়ার) থেকে দুটি জাহাজ পাঠিয়েছে বলে বাহিনীটির এক মুখপাত্র জানিয়েছেন।
ভারতের মেরিটাইম অ্যাডমিনিস্ট্রেশনের প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, লৌহ আকরিকের গুঁড়াবাহী ওশেন উইনার শুক্রবার ওড়িশার পারাদ্বীপ বন্দর থেকে চীনের উদ্দেশে রওনা হয়েছিল।
ভারতীয় কোস্টগার্ড একটি লাইফ র্যাফ্ট থেকে ওই দুই চীনা নাবিককে উদ্ধার করেছে। কী কারণে ওশেন উইনার ডুবে গেছে তা তাৎক্ষণিকভাবে পরিষ্কার হয়নি।