১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ভেনেজুয়েলার নেতা রদ্রিগেজের সহযোগিতা নিয়ে সন্দিহান যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা

যুক্তরাষ্ট্র চায়, ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ইরান, চীন ও রাশিয়ার মতো দেশগুলোর সঙ্গে সম্পর্ক ছিন্ন করুন। কিন্তু এখনও এমন কোনও পদক্ষেপের ঘোষণা দেয়নি ভেনেজুয়েলা।

ভেনেজুয়েলার নেতা রদ্রিগেজের সহযোগিতা নিয়ে সন্দিহান যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা
ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2026, 08:25 PM

Updated : 26 Aug 2026, 02:48 PM

ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ দেশগুলোর সঙ্গে আনুষ্ঠানিকভাবে সম্পর্ক ছিন্ন করে ট্রাম্প প্রশাসনকে সহযোগিতা করবেন কি না- তা নিয়ে  এক প্রতিবেদনে সন্দেহ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা।

প্রতিবেদনটি সম্পর্কে জানেন এমন চারজন সম্প্রতি বার্তা সংস্থা রয়টার্সকে একথা জানিয়েছেন। 

যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা প্রকাশ্যেই বলেছেন, তারা চান ভেনেজুয়েলার প্রেসিডেন্ট রদ্রিগেজ ইরান, চীন ও রাশিয়ার মতো ঘনিষ্ঠ মিত্রদের সঙ্গে সম্পর্ক ছিন্নের পাশাপাশি এই দেশগুলোর কূটনীতিক ও উপদেষ্টাদের বহিস্কার করুন।

চলতি মাসের শুরুতে রদ্রিগেসের শপথ গ্রহণ অনুষ্ঠানে ওই দেশগুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।  আর রদ্রিগেজ এখন পর্যন্ত দেশগুলোর সঙ্গে সম্পর্ক ছিন্ন করার মতো কোনও পদক্ষেপ নেওয়ার ঘোষণা দেননি।

যুক্তরাষ্ট্র গত ৩ জানুয়ারি ভেনেজুয়েলায় হামলা চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণ করে নিয়ে যাওয়ার পর রদ্রিগেজ দেশটির প্রেসিডেন্টের দায়িত্ব নেন।

নাম প্রকাশে অনিচ্ছুক চার সূত্র রয়টার্সকে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে, রদ্রিগেজ তার দেশে যুক্তরাষ্ট্রের কৌশল পুরোপুরি সমর্থন করে কি না, তা স্পষ্ট নয়।

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) পরিচালক জন র‍্যাটক্লিফ ১৫ জানুয়ারি কারাকাস সফর করেন এবং সেখানে তিনি রদ্রিগেজের সঙ্গে দেশটির রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেন।

তবে সেই আলোচনা গোয়েন্দা সংস্থাগুলোর মতামতের কোনও পরিবর্তন আনতে পেরেছে কি না, তা নিশ্চিত করতে পারেনি রয়টার্স।

ওয়াশিংটন ভেনেজুয়েলাসহ পশ্চিম গোলার্ধে তাদের শত্রু দেশগুলোর প্রভাব কমিয়ে আনতে চায়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প প্রশাসন সেখানে ওপেক দেশগুলোর বিশাল তেলসম্পদ কাজে লাগানোর সুযোগ খুঁজছে।

রয়টার্স বলছে, রদ্রিগেজ যদি যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ দেশগুলোর সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন, তাহলে ভেনেজুয়েলার জ্বালানি খাতে যুক্তরাষ্ট্রের বিনিয়োগের আরও সুযোগ তৈরি হবে। 

কিন্তু রদ্রিগেজকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হলে তা যুক্তরাষ্ট্রের জন্য দূর থেকে ভেনেজুয়েলা পরিচালনা করা এবং বড় ধরনের সামরিক হস্তক্ষেপ এড়ানোর প্রচেষ্টা বাধাগ্রস্ত হতে পারে।

এ বিষয়ে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ ও ভেনেজুয়েলা সরকারের পক্ষ থেকে কোনও মন্তব্য পাওয়া যায়নি।

তবে ট্রাম্প প্রশাসনের এক উচ্চপদস্থ কর্মকর্তা বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প ভেনেজুয়েলার নেতাদের ওপর ‘সর্বোচ্চ চাপ’ বজায় রাখছেন এবং তাদের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা করছেন।