Published : 19 Sep 2025, 04:47 PM
মিশরের রাজধানী কায়রোর মিউজিয়াম থেকে উধাও হয়ে যাওয়া ৩ হাজার বছরের পুরনো একটি সোনার ব্রেসলেট চুরি গিয়েছিল এবং এটি গলিয়ে ফেলা হয় বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
মন্ত্রণালয় জানায়,অলঙ্কারটি ফারাও রাজা অ্যামেনেমোপের আমলের। তিনি ১০০০ খ্রিস্টপূর্বাব্দে প্রাচীন মিশরীয় রাজবংশের শাসক ছিলেন। ব্রেসলেটটি জাদুঘরের সিন্দুক থেকে নয় দিন আগে তুলে নিয়েছিলেন এক শিল্পকর্ম মেরামতি বিশেষজ্ঞ।
তিনি প্রথমে পরিচিত এক রুপার কারিগরকে ব্রেসলেটটি দেন। ওই কারিগর আবার ব্রেসলেটটি ৩ হাজার ৭৩৫ ডলারে এক স্বর্ণকারের কাছে বিক্রি করেন। পরে তা ৪ হাজার ২৫ ডলারে এক সোনার কারখানার কর্মীর কাছে বিক্রি হয়, যিনি অন্য গহনার সঙ্গে মিশিয়ে এটিকে গলিয়ে ফেলেন।
চারজন অভিযুক্তকে গ্রেপ্তারের পর তারা অপরাধ স্বীকার করেছে। তাদের কাছ থেকে পাওয়া অর্থ জব্দ করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে মন্ত্রণালয়।
এর আগে মঙ্গলবার মিশরের পর্যটন ও প্রত্নতত্ত্ব মন্ত্রণালয় জানিয়েছিল, ব্রেসলেটটি নিখোঁজ হওয়ার পরই তারা তাৎক্ষণিক ব্যবস্থা নেয় এবং বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।
ব্রেসলেটটির ছবি সব বিমানবন্দর, সমুদ্রবন্দর ও স্থলবন্দর কর্তৃপক্ষকে পাঠানো হয়েছিল যাতে এটি দেশ থেকে পাচার হয়ে যেতে না পারে।
স্থানীয় গণমাধ্যম বলছে, রোমে একটি প্রদর্শনীর জন্য জাদুঘরের কর্মীদের কয়েক ডজন প্রত্নতত্ত্ব পাঠানোর প্রস্তুতিকালে ব্রেসলেটটি নিখোঁজ হওয়ার বিষয়টি ধরা পড়ে।
কায়রোর মিশরীয় জাদুঘর মধ্যপ্রাচ্যের সবচেয়ে পুরনো প্রত্নতাত্ত্বিক জাদুঘর, যেখানে এক লাখ ৭০ হাজারেরও বেশি নিদর্শন সংরক্ষিত আছে। এর মধ্যে অ্যামেনেমোপের সোনার আচ্ছাদিত কাঠের মুখোশ অন্যতম।
ব্রেসলেট নিখোঁজ হওয়ার ঘটনাটি ঘটেছে গিজার কাছে বহু প্রতীক্ষিত গ্র্যান্ড মিশরীয় জাদুঘরের উদ্বোধনের মাত্র কয়েক সপ্তাহ আগে। যেখানে তুতেনখামেনের সমাধি থেকে পাওয়া বিখ্যাত সম্পদগুলো স্থানান্তর করা হয়েছে।