১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

ট্রাম্প প্রশাসন চলছে ‘অযোগ্যদের দিয়ে’: জর্জ ক্লুনি

তিনি বলেন, "ইংরেজিতে চমৎকার একটি শব্দ আছে, ‘কাকিস্টোক্রেসি’, যার অর্থ হলো সবচেয়ে অযোগ্য ব্যক্তিদের দ্বারা পরিচালিত রাষ্ট্র বা সরকার।”

ট্রাম্প প্রশাসন চলছে ‘অযোগ্যদের দিয়ে’: জর্জ ক্লুনি
ভেনিস চলচ্চিত্র উৎসবে জর্জ ক্লুনি। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 03 Sep 2026, 02:25 PM

Updated : 17 Sep 2026, 02:53 AM

যুক্তরাষ্ট্রের ইতিহাসে বর্তমান ডনাল্ড ট্রাম্প প্রশাসনের সময়কালকে একটি ‘দুর্ভাগ্যজনক’ অধ্যায় হিসেবে বর্ণনা করেছেন মার্কিন অভিনেতা জর্জ ক্লুনি। 

তার মতে, বর্তমান সরকার এমন সব মানুষদের দ্বারা পরিচালিত হচ্ছে, যারা পদের জন্য ‘সবচেয়ে কম যোগ্য’।

আল জাজিরা জানায়, বুধবার ভেনিস চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী দিনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ বিষয়ে কথা বলেন ৬৫ বছর বয়সী এই তারকা। 

চলচ্চিত্রে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে এবারের উৎসবে তাকে আজীবন সম্মাননা ‘গোল্ডেন লায়ন’ দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে নিজের দীর্ঘ কর্মজীবন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), জলবায়ু পরিবর্তন এবং চলচ্চিত্র শিল্পের বর্তমান অবস্থা নিয়ে কথা বলার পাশাপাশি মার্কিন সরকারের কর্মকাণ্ড নিয়ে খোলাখুলি কথা বলেন ক্লুনি।

অতীতেও ট্রাম্প প্রশাসনের কড়া সমালোচনা করা এই অভিনেতা বলেন, "আমি সত্যিই বিশ্বাস করি... আমরা এখন এমন একটা সময়ের মধ্য দিয়ে যাচ্ছি যা দুর্ভাগ্যজনক। তবে দুর্ভাগ্যজনক বলাটাও হয়তো কম হয়ে যায়।"

তিনি বলেন, "ইংরেজিতে চমৎকার একটি শব্দ আছে, ‘কাকিস্টোক্রেসি’, যার অর্থ হলো সবচেয়ে অযোগ্য ব্যক্তিদের দ্বারা পরিচালিত রাষ্ট্র বা সরকার। আমার মনে হয়, আমরা সম্ভবত এখন একটি কাকিস্টোক্রেসির মধ্যেই আছি। তবে আমরা এই পরিস্থিতি কাটিয়ে উঠব।"

আগামী নভেম্বরে অনুষ্ঠেয় মধ্যবর্তী (মিডটার্ম) নির্বাচন ক্ষমতার ‘ভারসাম্য’ ফিরিয়ে আনতে সাহায্য করতে পারে মন্তব্য করে ক্লুনি বলেন, "সৌভাগ্য সহায় হলে ২০২৮ সালের মধ্যে আমরা আবারও কিছুটা স্বাভাবিক অবস্থায় ফিরে যেতে পারব।"

নিজেকে একজন আশাবাদী মানুষ হিসেবে বর্ণনা করে এই অভিনেতা বলেন, যুক্তরাষ্ট্রের ইতিহাসের আরও অনেক অন্ধকার সময় পার করে আসার স্মৃতি তার মনে আছে।

"যুক্তরাষ্ট্রের ১৯৬৮ সালের পরিস্থিতি দেখার মত বয়স আমার হয়েছে। সে সময় যুক্তরাষ্ট্রের প্রায় প্রতিটি শহরে আগুন জ্বলছিল, এবং একই বছরে আমরা মার্টিন লুথার কিং ও ববি কেনেডিকে হারিয়েছিলাম। তখন প্রচুর সহিংসতা হয়েছিল, ক্যাপিটল ভবন ঘিরে রেখেছিল ট্যাংক।"

ক্লুনির ভাষ্য, "আমরা এর আগেও অনেক কঠিন সময় পার করেছি, আর বর্তমান সময়টা সেগুলোরই একটি।"

সমালোচনার এক পর্যায়ে যুক্তরাষ্ট্রের বর্তমান প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সম্প্রতি করা একটি টুইটের প্রসঙ্গ টানেন ক্লুনি। 

ওই টুইটে হেগসেথ একটি ইয়ুথ ক্যাম্পে পদক বিতরণ করা এক স্থূলকায় কানাডীয় নারী সেনার শারীরিক গঠন নিয়ে উপহাস করেছিলেন।

সেই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে ক্লুনি বলেন, "এসবের মধ্যে ন্যূনতম সৌজন্যবোধ কোথায়? এই সবকিছুর জন্য আমি লজ্জিত। তবে আমরা এই পরিস্থিতি পেরিয়ে যাব এবং আরও ভালোভাবে আত্মপ্রকাশ করব।"