Published : 11 May 2026, 08:42 PM
প্রাণঘাতী হান্টাভাইরাস প্রাদুর্ভাবের কবলে পড়া প্রমোদতরী ‘এমভি হন্দিয়াস’ থেকে নিজ দেশে ফেরার পর এক মার্কিন ও এক ফরাসি নাগরিকের দেহে এই ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে।
সোমবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, প্রমোদতরীর যাত্রীদের মধ্যে হান্টাভাইরাস আক্রান্তের সংখ্যা বেড়ে এখন ৭ জনে দাঁড়িয়েছে। তাছাড়া, আরও দুইজন এই ভাইরাসে আক্রান্ত বলে সন্দেহ করা হচ্ছে।
যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, প্রত্যাবাসন ফ্লাইটে থাকা দ্বিতীয় আরেক মার্কিন নাগরিকের শরীরেও মৃদু উপসর্গ দেখা গেছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাদের দুজনকেই বিশেষ ‘বায়োকন্টেইনমেন্ট ইউনিটে’ রাখা হয়েছে।
অন্যদিকে, ফরাসি স্বাস্থ্যমন্ত্রী স্টেফানি রিস্ট জানিয়েছেন, প্যারিসে আইসোলেশনে থাকা এক নারীর অবস্থার অবনতি হচ্ছে এবং তার সংস্পর্শে আসা ২২ ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে।
মৃত্যু ও সংক্রমণ পরিস্থিতি:
হান্টাভাইরাস প্রাদুর্ভাবে এ পর্যন্ত তিন যাত্রী মারা গেছেন, যাদের মধ্যে দুজনের শরীরে ভাইরাসের উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে।
ডব্লিউএইচও-র মতে, প্রাদুর্ভাবের শুরুতে প্রথম যে ব্যক্তি আক্রান্ত হয়েছিলেন বলে ধারণা করা হচ্ছে, তিনি পরীক্ষার আগেই মারা যান।
বর্তমানে নেদারল্যান্ডস ও দক্ষিণ আফ্রিকায় আরও দুজন ব্রিটিশ নাগরিক চিকিৎসাধীন রয়েছেন।
সাধারণত ইঁদুর বা এই জাতীয় প্রাণীর মাধ্যমে হান্টাভাইরাস ছড়ালেও, এর ‘অ্যান্ডিস স্ট্রেইন’ মানুষের মাধ্যমে ছড়াতে সক্ষম।
ডব্লিউএইচও মনে করছে, দক্ষিণ আমেরিকায় অবস্থানের সময় প্রমোদতরীটির যাত্রীরা এই ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন।
এর প্রধান লক্ষণগুলোর মধ্যে রয়েছে জ্বর, চরম ক্লান্তি, মাংসপেশিতে ব্যথা, বমি ও শ্বাসকষ্ট।
প্রত্যাবাসন ও আইসোলেশন বিতর্ক:
স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে নোঙর করা এমভি হন্দিয়াস থেকে এ পর্যন্ত ৯০ জনের বেশি যাত্রীকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।
সোমবার স্পেনের স্বাস্থ্যমন্ত্রী মনিকা গার্সিয়া জানান, জাহাজটিতে এখনও ৫৪ জন যাত্রী ও ক্রু অবস্থান করছেন।
তাদের মধ্যে ছয়জন যাত্রীকে (৪ জন অস্ট্রেলীয়, ১ জন ব্রিটিশ ও ১ জন নিউজিল্যান্ডের নাগরিক) নেদারল্যান্ডসে পাঠানো হবে এবং এরপর তরীটি নেদারল্যান্ডসের উদ্দেশে রওনা দেবে।
ওদিকে, হান্টাভাইরাস মোকাবেলায় ডব্লিউএইচও ৪২ দিনের আইসোলেশনের সুপারিশ করলেও তা না মানায় যুক্তরাষ্ট্রের সমালোচনা করেছেন সংস্থাটির প্রধান তেদ্রোস আধানম গেব্রিয়াসুস।
তিনি সতর্ক করে বলেন, ডব্লিউএইচও-র নির্দেশিকা না মানা ঝুঁকিপূর্ণ হতে পারে। তবে যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) ভারপ্রাপ্ত প্রধান ডক্টর জয় ভট্টাচার্য জনমনে আতঙ্ক না ছড়ানোর আহ্বান জানিয়ে বলেন, মানুষের মাধ্যমে এই সংক্রমণ বিরল এবং একে কোভিডের মতো দেখা উচিত নয়।
অন্যান্য দেশের চিত্র:
রোববার ২০ জন ব্রিটিশ নাগরিককে নিয়ে একটি বিমান যুক্তরাজ্যে পৌঁছেছে। তাদের বর্তমানে মের্সিসাইডের অ্যারো পার্ক হাসপাতালে ৭২ ঘণ্টার আইসোলেশনে রাখা হয়েছে।
স্পেনে ১৪ জন নাগরিককে মাদ্রিদের একটি সামরিক হাসপাতালে বাধ্যতামূলক কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।
এছাড়া, ইউক্রেইন জানিয়েছে, তাদের চার নাগরিক ক্রু হিসেবে জাহাজটিতেই থাকছেন এবং নেদারল্যান্ডসে পৌঁছানোর পর তারা কোয়ারেন্টিনে যাবেন।
উল্লেখ্য, গত ১১ এপ্রিল এমভি হোন্দিয়াস-এ প্রথম এক প্রবীণ ডাচ নাগরিকের মৃত্যু হয়। এরপর ২৪ এপ্রিল তার স্ত্রী দক্ষিণ আফ্রিকায় এবং ২ মে এক জার্মান নারী জাহাজে মারা যান।
প্রমোদতরীটি গত ১ এপ্রিল আর্জেন্টিনার উশুয়াইয়া থেকে যাত্রা শুরু করেছিল।