২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

বিমান বিধ্বস্তের ঘটনায় এক নিহতের পরিবারকে ২৮ মিলিয়ন ডলার দেওয়ার নির্দেশ বোয়িংকে

রায়ে জাতিসংঘের নিহত পরিবেশ কর্মী শিখা গার্গের পরিবারকে ওই ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

বিমান বিধ্বস্তের ঘটনায় এক নিহতের পরিবারকে ২৮ মিলিয়ন ডলার দেওয়ার নির্দেশ বোয়িংকে
ইথিওপিয়ায় বোয়িং ৭৩৭ ম্যাক্স জেট উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় নিহতদের ছবি তুলে ধরেছেন এক ব্যক্তি। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2025, 01:35 PM

Updated : 26 Aug 2026, 05:06 PM

যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের এক ফেডারেল আদালত বিমান নির্মাতা কোম্পানি বোয়িংকে তাদের নির্মিত ৭৩৭ ম্যাক্স জেট উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় নিহত জাতিসংঘের এক পরিবেশ কর্মীর পরিবারকে অন্তত ২ কোটি ৮০ লাখ ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে। 

২০১৯ সালে ইথিওপিয়ায় উড়োজাহাজ বিধ্বস্তের এই ঘটনাটি ঘটেছিল, জানিয়েছে রয়টার্স।  

এই দুর্ঘটনার আগে ২০১৮ সালে ইন্দোনেশিয়ায় আরেকটি ৭৩৭ ম্যাক্স বোয়িং উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছিল। এই দুই দুর্ঘটনায় মোট ৩৪৬ জন নিহত হয়। এ দুটি দুর্ঘটনার পর বোয়িংয়ের বিরুদ্ধে বহু মামলা হয়। 

বুধবার সেগুলোরই প্রথমটির রায় হয়েছে। রায়ে জাতিসংঘের নিহত কর্মী শিখা গার্গের পরিবারকে ওই ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। 

গার্গের পরিবারের আইনজীবী জানিয়েছেন, বুধবার স্থানীয় সময় সকালে দুই পক্ষের মধ্যে একটি চুক্তি হয়েছে। চুক্তি অনুযায়ী, গার্গ পরিবার রায়ে নির্দেশ দেওয়া পুরো অর্থ এবং ২৬ শতাংশ সুদসহ মোট ৩ কোটি ৫৮ লাখ ৫০ হাজার ডলার পাবেন। রায়ের বিরুদ্ধে বোয়িং আর আপিল করবে না। 

এক বিবৃতিতে বোয়িংয়ের মুখপাত্র জানিয়েছেন, ওই দুই ফ্লাইট বিধ্বস্তের ঘটনায় যারা তাদের প্রিয় স্বজনদের হারিয়েছেন তাদের সবার প্রতি গভীর সহমর্মিতা জানাচ্ছে কোম্পানিটি।  

বিবৃতিতে তিনি বলেছেন, “যদিও আমরা এই দাবিগুলোর বেশিরভাগই সমঝোতার মাধ্যমে নিষ্পত্তি করেছি, পরিবারগুলো আদালতে ক্ষতিপূরণ মামলার মাধ্যমেও তাদের দাবি জানানোর অধিকার রাখে আর আমরা তাদের এই অধিকারের প্রতি শ্রদ্ধাশীল।” 

গার্গের পরিবারের প্রতিনিধিত্ব করা আইনজীবী শানিন স্পেকটার ও এলিজাবেথ ক্রফোর্ড এক বিবৃতিতে বলেছেন, “এই রায় বোয়িংয়ের অন্যায় আচরণের জন্য জনসাধারণের কাছে তাদের জবাবদিহিতা নিশ্চিত করেছে।”  

নিহত গার্গের এই দুই আইনজীবী জানিয়েছেন, ইথিওপিয়া এয়ারলাইন্সের ফ্লাইট ৩০২ এর যাত্রী ছিলেন শিখা গার্গ (৩২) । ফ্লাইটটি ইথিওপিয়ার আদ্দিস আবাবা থেকে কেনিয়ার নাইরোবি যাচ্ছিল। কিন্তু উড্ডয়নের কয়েক মিনিটের মধ্যেই সেটি বিধ্বস্ত হয়। 

মামলায় অভিযোগ করে বলা হয়, ৭৩৭ ম্যাক্স বিমান ক্রুটিপূর্ণভাবে নকশা করা হয়েছিল আর এর বিপদ সম্পর্কে বোয়িং যাত্রীদের ও জনগণকে সতর্ক করতে ব্যর্থ হয়েছিল।  

ইথিওপিয়া এয়ারলাইন্সের ফ্লাইট ৩০২ বিধ্বস্ত হওয়ার পাঁচ মাস আগে ইন্দোনেশিয়ার লায়ন এয়ারের ফ্লাইট ৬১০ জাভা সাগরে বিধ্বস্ত হয়। উভয় দুর্ঘটনায় ভূমিকা রেখেছিল ৭৩৭ ম্যাক্সের একটি স্বয়ংক্রিয় ফ্লাইট নিয়ন্ত্রণ ব্যবস্থা। 

মার্কিন বিমান নির্মাতা কোম্পানিটি ওই দুই দুর্ঘটনার সঙ্গে সম্পর্কিত দেওয়ানি মামলাগুলোর ৯০ শতাংশের বেশি বিভিন্নভাবে শত শত কোটি ডলার ক্ষতিপূরণ দিয়ে নিষ্পত্তি করেছে বলে এর আগে রয়টার্সকে জানিয়েছিল। 

কোম্পানিটির আইনজীবীর ভাষ্য অনুযায়ী, ইথিপিয়ান এয়ারলাইন্সের দুর্ঘটনায় নিহত কয়েজনের পরিবারের করা তিনটি মামলার নিষ্পত্তি তারা করেছেন ৫ নভেম্বর। তবে কী শর্তে এসব নিষ্পত্তি হয়েছে তা কোম্পানিটি প্রকাশ করেনি।