২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

বছরের সবচেয়ে উষ্ণ দিন দেখল যুক্তরাজ্য, দাবানল নেভাতে লড়ছে তুরস্ক

যুক্তরাজ্যে এসেক্সের রিটেল এলাকায় মঙ্গলবার এবছরের সবচেয়ে বেশি তাপমাত্রা রেকর্ড করা হয়। তুরস্কে তিনদিন ধরে ২৬৩ টি জায়গায় দাবানল নেভাতে লড়ছে দমকলকর্মীরা।

বছরের সবচেয়ে উষ্ণ দিন দেখল যুক্তরাজ্য, দাবানল নেভাতে লড়ছে তুরস্ক
ইংল্যান্ড। ছবি: বিবিসি

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2025, 11:17 PM

Updated : 26 Aug 2026, 01:18 PM

ইউরোপ তাপপ্রবাহে পুড়তে থাকার মধ্যে এ বছরের সবচেয়ে ঊষ্ন দিন দেখল যুক্তরাজ্য। মঙ্গলবার দেশটিতে এবছর এখন পর্যন্ত সবচেয়ে বেশি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৩ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। 

এসেক্সের রিটেল এলাকায় এই তাপমাত্রা রেকর্ড করা হয়। এই মাত্রা কেন্টের ফ্রিটেনডেনে মঙ্গলবারে রেকর্ড হওয়া ৩৩ দশমিক ৬ সেলসিয়াসের চেয়েও বেশি। তাপমাত্রা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 

যুক্তরাজ্যের স্বাস্থ্য নিরাপত্তা সংস্থা দেশের বেশিরভাগ অঞ্চলজুড়ে তাপপ্রবাহের কমলা সতর্কতা জারি করেছে। এর মানে হল কেবল ঝুঁকিতে থাকা মানুষই নয় বরং বৃহত্তর জনগোষ্ঠী গরমের কারণে স্বাস্থ্যসমস্যায় পড়তে পারে।

ইংল্যান্ড এবছর সবচেয়ে উষ্ন জুন মাসের রেকর্ড গড়েছে বলে জানিয়েছে আবহওয়া দপ্তর। আর পুরো যুক্তরাজ্যর জন্য গত জুন মাসটি ছিল দ্বিতীয় সর্বোচ্চ উষ্ণ মাস।

মানব সৃষ্ট কারণে জলবায়ু পরিবর্তন হচ্ছে। ফলে তাপপ্রবাহ আরও ঘন ও তীব্র হচ্ছে। তীব্র তাপমাত্রার কারণে তুরস্কের পশ্চিম উপকূলীয় এলাকাগুলো গত কয়েকদিন ধরেই দাবানলের আগুনে পুড়ছে।

উদ্ধারকর্মীরা ৫০ হাজারের বেশি মানুষকে সরিয়ে নিয়েছে। তাদের বেশিরভাগই তুরস্কের পশ্চিমাঞ্চলের ইজমির প্রদেশের বাসিন্দা। শত শত স্থানে জ্বলতে থাকা দাবানলের আগুন নেভাতে লড়ছে দমকলকর্মীরা।

আগুন ছড়িয়ে গেছে বিলেকিক, হাতয়, শাকারয়া এবং মানিসা প্রদেশে। বনমন্ত্রী ইব্রাহিম উমাকলি সোমবার বলেছেন, গত তিনদিন ধরে দেশজুড়ে ২৬৩ টি জায়গায় দাবানল নেভাতে লড়ছে জরুরি বিভাগের দমকলকর্মীরা।

 আগুনে আহত ৪৬ জনকে হাসপাতালে নিতে হয়েছে বলেও জানিয়েছেন তুরস্কের স্বাস্থ্যমন্ত্রী।

ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহের মধ্যে ফ্রান্সের রাজধানী প্যারিসেও জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা। (রেড এলার্ট)। ইতালিতে তীব্র গরমে দুইজনের মুত্যুর খবর জানিয়েছে বিবিসি।

তীব্র গরমের কবলে রয়েছে স্পেন, পর্তুগাল, ইতালি, জার্মানি, যুক্তরাজ্য এবং ক্রোয়েশিয়াসহ বলকান অঞ্চলও। এই দেশগুলোতেও তাপপ্রবাহের সতর্কতা জারি রয়েছে।