১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মস্কোয় বোমা বিস্ফোরণে দুই পুলিশসহ নিহত ৩

অদ্ভুত আচরণ করা এক ব্যক্তির দিকে দুই পুলিশ কর্মকর্তা এগিয়ে গেলে একটি বোমা বিস্ফোরণে তারা নিহত হন।

মস্কোয় বোমা বিস্ফোরণে দুই পুলিশসহ নিহত ৩
ঘটনাস্থলে কাজ করছেন তদন্তকারী সংস্থার কর্মকর্তারা। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2025, 04:32 PM

Updated : 26 Aug 2026, 05:23 PM

রাশিয়ার রাজধানী মস্কোর যেখানে দুই দিন আগে গাড়ি বোমা হামলায় এক জেনারেল নিহত হয়েছেন তার কাছে এক ব্যক্তিকে সন্দেহজনক আচরণ করতে দেখে তার দিকে যাওয়ার পর বোমা বিস্ফোরণে দুই পুলিশ কর্মকর্তাসহ তিনজন নিহত হয়েছেন।  

ঊর্ধ্বতন ওই সামরিক কর্মকর্তাকে হত্যা করতে ইউক্রেইনের গোয়েন্দা সংস্থা গাড়িতে বোমাটি পেতে রেখেছিল বলে অভিযোগ করেছে রাশিয়া। 

রাশিয়া ও ইউক্রেইন যুদ্ধের প্রায় চার বছর হতে চলল। এর মধ্যে রাশিয়ার বেশ কয়েকজন ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা ও ইউক্রেইন যুদ্ধের সুপরিচিত সমর্থক গুপ্তহত্যার শিকার হয়েছেন। ইউক্রেইনীয় সামরিক গোয়েন্দা সংস্থা জানিয়েছে, এসব হামলার অনেকগুলোই তারা চালিয়েছে। 

রাশিয়ার রাষ্ট্রীয় তদন্ত কমিটি জানিয়েছে, অদ্ভুত আচরণ করা এক ব্যক্তির দিকে দুই পুলিশ কর্মকর্তা এগিয়ে গেলে একটি বোমা বিস্ফোরণে তারা নিহত হন, এ ঘটনায় তৃতীয় এক ব্যক্তিও নিহত হন। তবে এই তৃতীয় ব্যক্তি কে সেটি নির্দিষ্ট করে জানায়নি তারা। 

ঘটনাস্থলে কাজ করছেন আইনপ্রয়োগকারী সংস্থার কর্মকর্তারা। ছবি: রয়টার্স 

ঘটনাস্থলে কাজ করছেন আইনপ্রয়োগকারী সংস্থার কর্মকর্তারা

কমিটি জানিয়েছে, আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তাদের হত্যা এবং বোমার অবৈধ পাচার সংক্রান্ত ধারায় এ ঘটনায় একটি ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে।

ঘটনাস্থলের নিকটবর্তী বাসিন্দা আলেকজান্দার রয়টার্স টেলিভিশনকে বলেছেন, “সেখানে একটি বিস্ফোরণ ঘটেছিল। বিস্ফোরণের বিকট শব্দ হয়েছিল, অনেকটা কয়েকদিন আগে ঘটা গাড়ি বোমার মতো।” 

রোজা নামের আরেক বাসিন্দা জানিয়েছেন, ভোরে বিস্ফোরণের শব্দে তার ঘুম ভেঙে যায়, তাদের পুরো ভবনটি কেঁপে উঠেছিল। 

রাশিয়ার সরকারি নিয়ন্ত্রণমুক্ত কয়েকটি টেলিগ্রাম নিউজ চ্যানেল জানিয়েছে, হামলাকারী নিজেই বিস্ফোরণে নিহত হয়েছেন। পুলিশ কর্মকর্তারা কাছাকাছি পৌঁছালে তিনি বোমার বিস্ফোরণ ঘটান। তবে রয়টার্স স্বতন্ত্রভাবে এই তথ্যের সত্যতা নিশ্চিত করতে পারেনি।

বিস্ফোরণটি রাশিয়ার সশস্ত্র বাহিনীর অপারেশনাল ট্রেনিং বিভাগের প্রধান লেফটেন্যান্ট জেনারেল ফ্যানিল সারভারভ যেখানে নিহত হয়েছিলেন তার একেবারেই কাছে ঘটেছে। সোমবার সকালে এক গাড়ি বোমা হামলায় ৫৬ বছর বয়সী এই জেনারেল নিহত হন।

রাশিয়ার জানিয়েছে, তাদের সন্দেহ ইউক্রেইনীয় গোয়েন্দা সংস্থা গাড়ির নিচে ওই বোমাটি পেতে রেখেছিল। তবে ইউক্রেনের পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

মিরোত্বোরেৎস নামের ইউক্রেইনীয় একটি বেসরকারি ওয়েবসাইট, যারা তাদের কথিত যুদ্ধাপরাধী বা বিশ্বাসঘাতকদের ডাটাবেজ সংরক্ষণ করে, তারা সারভারভের প্রোফাইল আপডেট করে জানিয়েছে যে এই জেনারেলকে ‘শেষ করে দেওয়া’ হয়েছে।

আরও পড়ুন: 

মস্কোতে বিস্ফোরণে রুশ জেনারেল নিহত