Published : 25 Nov 2025, 04:44 PM
পাকিস্তানের খাইবার পাখতুনখওয়া প্রদেশের বান্নু জেলায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে পরিচালিত নিরাপত্তা বাহিনীর অভিযানে ২২ সন্ত্রাসী নিহত হয়েছেন বলে সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা জানিয়েছে।
মঙ্গলবার আন্তঃবাহিনী জনসংযোগ (আইএসপিআর) এক বিবৃতিতে জানিয়েছে, সোমবার নিরাপত্তা বাহিনী ভারতীয় ছায়া বাহিনী ‘ফিতনা আল খাওয়ারিজ’ এর সন্ত্রাসীদের উপস্থিতির সুনির্দিষ্ট তথ্য পেয়ে অভিযান চালায়। এ সময় দুই পক্ষের মধ্যে তীব্র গোলাগুলিতে ২২ সন্ত্রাসী নিহত হয়।
ওই এলাকায় আরও কোনো সন্ত্রাসী লুকিয়ে আছে কি না, তা নিশ্চিত হতে চিরুণী অভিযান চালানো হচ্ছে।
পাকিস্তানের সামরিক বাহিনী ‘ফিতনা আল খাওয়ারিজ’ বলতে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি গোষ্ঠী তেহরিক-ই-তালেবান (টিটিপি)-কে বোঝায়।
পাকিস্তানে বিশেষ করে খাইবার পাখতুনখওয়া ও বেলুচিস্তানে একের পর এক সন্ত্রাসী হামলার ঘটনা ঘটছে। টিটিপি সরকারের সঙ্গে বিদ্যমান এক অস্ত্রবিরতি ২০২২ সালের নভেম্বরে ভেঙে দেওয়া পর থেকেই দেশটিতে সন্ত্রাসবাদী হামলা বাড়তে শুরু করে।
টিটিপি ওই সময় নিরাপত্তা বাহিনী, পুলিশ ও আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের ওপর হামলা জোরদার করার প্রত্যয় জানিয়েছিল।
সোমবার পেশাওয়ারের আধাসামরিক বাহিনী ফেডারেল কন্সটাবুলারির (এফসি) সদর দফতরে জোড়া আত্মঘাতী হামলায় তিন জওয়ান নিহত ও আরও ১২ জন আহত হয়েছেন। এ ঘটনায় হামলাকারীসহ মোট ৬ জন নিহত হন।
তিন হামলাকারী মূলত সদর দফতরের সাপ্তাহিক সমাবেশকে লক্ষ্যস্থল করেছিল, যেখানে প্রায় ৪০০ নিরাপত্তা কর্মী উপস্থিত ছিলেন।
পাকিস্তানের রাষ্ট্রতত্ত্ব সংবাদ সংস্থা এএপিপি জানিয়েছে, প্রাথমিক তদন্তে হামলায় অংশ নেওয়া তিনজনই আফগান নাগরিক বলে নিশ্চিত হওয়া গেছে।