১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

দিল্লির লালকেল্লায় ধর্মীয় অনুষ্ঠানে কোটি রুপির সোনার কলস চুরি

ছোট কলসটি হীরা, পান্না ও চুনি দিয়ে সাজানো ছিল। ধর্মীয় কাজে ব্যবহৃত হওয়ায় এগুলোকে ‘পবিত্র’ বলে গণ্য করা হতো।

দিল্লির লালকেল্লায় ধর্মীয় অনুষ্ঠানে কোটি রুপির সোনার কলস চুরি
লালকেল্লার ধর্মীয় অনুষ্ঠান থেকে চুরি যাওয়া দুটি সোনার কলস। ছবি: এমএসএন

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2025, 01:48 AM

Updated : 26 Aug 2026, 02:15 PM

ভারতের রাজধানী দিল্লির লালকেল্লায় জৈন সম্প্রদায়ের এক ধর্মীয় অনুষ্ঠান থেকে প্রায় দেড় কোটি রুপির মূল্যবান সামগ্রী চুরির ঘটনা ঘটেছে। এগুলোর মধ্যে ছিল দুটি সোনার কলস, একটি সোনার নারকেল ও রত্নখচিত ছোট আরেকটি কলস।

দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, বুধবার ‘দশলক্ষণ মহাপর্ব’ উপলক্ষে লালকেল্লা প্রাঙ্গণের ১৫ আগস্ট পার্কে আয়োজিত অনুষ্ঠানে ঘটনাটি ঘটেছে। এক ব্যক্তি জৈন পুরোহিতের ছদ্মবেশে এসব সামগ্রী নিয়ে পালিয়ে যায়। 

সিসিটিভি ফুটেজে পুরো ঘটনাটি ধরা পড়েছে। পুলিশ জানিয়েছে, সন্দেহভাজনকে শনাক্ত করা হয়েছে আর দ্রুতই তাকে গ্রেপ্তার করা হবে।

দায়ের করা মামলায় বলা হয়েছে, চুরি যাওয়া সামগ্রীর মধ্যে ছিল ৭৬০ গ্রাম ওজনের সোনার নারকেল, ১১৫ গ্রাম ওজনের রত্নখচিত ছোট একটি কলস এবং আরেকটি বড় সোনার কলস। ছোট কলসটি হীরা, পান্না ও চুনি দিয়ে সজ্জিত ছিল। ধর্মীয় কাজে ব্যবহৃত হওয়ায় এগুলোকে ‘পবিত্র’ বলে গণ্য করা হতো।

এগুলো এক জৈন ব্যবসায়ীর মালিকানাধীন ছিল। তিনি ধর্মীয় আচার পালনের জন্য প্রতিদিনই সেগুলো নিয়ে আসতেন। 

আয়োজকরা জানান, অনুষ্ঠানস্থলে আসা গণ্যমান্য অতিথিদের স্বাগত জানানোর ব্যস্ততার সময় চুরির ঘটনাটি ঘটে। আচারের আনুষ্ঠানিক কার্যক্রম শুরুর পর দেখা যায়, মঞ্চ থেকে ওই সামগ্রীগুলো নিখোঁজ। 

“রত্নগুলো শোভাবর্ধনের জন্য লাগানো হলেও কলসগুলো আমাদের ধর্মীয় অনুভূতির সঙ্গে জড়িত। এর কোনও আর্থিক মূল্য নির্ধারণ করা যায় না,” সাংবাদিকদের বলেন ওই ব্যবসায়ী। 

তিনি জানান, পুলিশের হাতে একটি সূত্র আছে আর তাই অপরাধী দ্রুতই ধরা পড়বে।

এই ব্যবসায়ীর ভাই অভিযোগ করেন, একই ব্যক্তি এর আগে তিনটি মন্দিরে এমন চুরির চেষ্টা চালিয়েছে।

জৈন ধর্মীয় এই উৎসব চলবে আগামী ৯ সেপ্টেম্বর পর্যন্ত। মঙ্গলবার এই আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা।