২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনায় বসছে ভারত, পাকিস্তানের সামরিক কর্মকর্তারা

ভারত জানিয়েছে, অস্ত্রবিরতির পর পাকিস্তান সীমান্তে শান্ত অবস্থা বিরাজ করছে আর তাদের শেয়ার বাজারের দর কিছুটা বেড়েছে।

পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনায় বসছে ভারত, পাকিস্তানের সামরিক কর্মকর্তারা
অস্ত্রবিরতির পর ভারত শাসিত কাশ্মীরের শ্রীনগর শহরের বাজারে মানুষের ভিড়। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2025, 03:23 PM

Updated : 10 Sep 2026, 12:41 PM

ভারত ও পাকিস্তানের সামরিক অভিযান বিষয়ক প্রধানরা পরবর্তী পদক্ষেপ ঠিক করতে সোমবার আলোচনায় বসবেন বলে জানিয়েছে রয়টার্স। 

ভারত জানিয়েছে, অস্ত্রবিরতির পর পাকিস্তান সীমান্তে শান্ত অবস্থা বিরাজ করছে আর তাদের শেয়ার বাজারের দর কিছুটা বেড়েছে।  

অস্ত্রবিরতি শুরুর পর ভারত ও পাকিস্তানের সীমান্তে কিছু লঙ্ঘনের ঘটনা ঘটলেও রাতে কোনো বিস্ফোরণ বা গোলা ছোড়া হয়েছে বলে খবর হয়নি। ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, কয়েকদিনের মধ্যে ওই সীমান্ত বরাবর প্রথম শান্তিপূর্ণ রাত ছিল রোববার। তবে পরিস্থিতি শান্তিপূর্ণ হয়ে উঠলেও ওই অঞ্চলের কিছু স্কুল এখনও বন্ধ আছে।  

চার দিন ধরে তীব্র লড়াইয়ের পর কূটনীতি ও ওয়াশিংটনের চাপের মুখে দুই দেশ অস্ত্রবিরতিতে সম্মত হয়। শনিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প হিমালয় অঞ্চলের দেশ দুটির মধ্যে অস্ত্রবিরতির ঘোষণা দেন। 

রোববার ভারতের সামরিক বাহিনী এক ‘হটলাইন’ বার্তায় আগের দিনের অস্ত্রবিরতি লঙ্ঘনের জন্য পাকিস্তানকে ‘সতর্ক’ করে বলেছে, ফের এ ধরনের ঘটনা ঘটলে ভারত জবাব দেবে; জানিয়েছেন ভারতীয় সেনাবাহিনীর এক শীর্ষ কর্মকর্তা। 

তবে পাকিস্তান সামরিক বাহিনীর একজন মুখপাত্র কোনো লঙ্ঘনের কথা অস্বীকার করেছেন; জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। 

শনিবার এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, উভয় দেশের সামরিক বাহিনীর অভিযান বিষয়ক মহাপরিচালকগণ সোমবার দুপুর ১২টায় পরস্পরের সঙ্গে আলোচনায় মিলিত হবেন।  

তবে এই আলাপের বিষয়ে রয়টার্সের মন্তব্যের অনুরোধে পাকিস্তান তাৎক্ষণিভাবে সাড়া দেয়নি। 

সোমবার পাকিস্তানের স্টক এক্সচেঞ্জে বেঞ্চমার্ক শেয়ারের সূচক প্রায় ৯ শতাংশ বেড়ে যাওয়ার পর কর্তৃপক্ষ লেনদেন এক ঘণ্টার জন্য বন্ধ রাখে। তবে ভারতের আক্রমণের পর আগের তিন সেশনে সূচক যতটা পড়ে গিয়েছিল সেই ক্ষতির বেশিরভাগ এদিন পুষিয়ে যায়। 

শুক্রবার রাতে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) পাকিস্তানের জন্য ১৪০ কোটি ডলারের নতুন ঋণ মঞ্জুর করে। 

আগের তিন সেশনে ভারতের শেয়ার বাজার দেড় শতাংশ ক্ষতির শিকার হওয়ার পর এ দিন প্রাথমিক লেনদেনের সময় বেঞ্চমার্ক শেয়ারগুলোর সূচক আড়াই শতাংশ বৃদ্ধি পায়। পাকিস্তানের সঙ্গে সংঘাত নিয়ে উদ্বেগে শুক্রবারের আগের দুই দিন ইক্যুইটি থেকে আট হাজার ৩০০ কোটি ডলার মুছে যায়।