Published : 24 Jul 2025, 04:21 PM
কম্বোডিয়ার সেনাদের সঙ্গে সীমান্ত সংঘর্ষে সামরিক বাহিনীর এক সদস্যসহ ১২ জন নিহত এবং ১৪ বেসামরিক আহত হয়েছেন বলে থাইল্যান্ডের কর্তৃপক্ষ জানিয়েছে।
থাই কর্তৃপক্ষের বরাতে বিবিসি জানিয়েছে, থাইল্যান্ডের পূর্বাঞ্চলীয় শ্রীসাকেত প্রদেশে ১৫ বছর বয়সী এক কিশোরসহ আট বেসামরিক ও সামরিক বাহিনীর একজন সদস্য নিহত হয়েছেন। সুরিন প্রদেশে আট বছর বয়সী এক বালকসহ দুইজন নিহত হয়েছেন এবং উবন রচাথানি প্রদেশে একজন বেসামরিক নিহত হয়েছেন।
যে ১৪ জন বেসামরিক আহত হয়েছেন তাদের মধ্যে পাঁচ বছর বয়সী এক বালকও আছে।
থাইল্যান্ড অভিযোগ করেছে, কম্বোডিয়ার সেনারা থাই গ্রামগুলোতে ও একটি হাসপাতালে রকেট নিক্ষেপ করেছে। এর জবাবে থাইল্যান্ড এফ-১৬ যুদ্ধবিমান নিয়ে কম্বোডিয়ার সামরিক লক্ষ্যস্থলগুলোতে আঘাত হেনেছে।
থাইল্যান্ড কম্বোডিয়ার সঙ্গে তাদের পুরো সীমান্ত বন্ধ করে দিয়ে সীমান্তের কাছে বসবাসকারী নাগরিকদের সেখান থেকে সরে আসার নির্দেশ দিয়েছে।
অপরদিকে কম্বোডিয়া থাইল্যান্ডের বিরুদ্ধে ‘অতিরক্তি শক্তিপ্রয়োগ করার’ অভিযোগ তুলেছে। তবে তারা তাদের পক্ষে কতোজন হতাহত হয়েছেন তা প্রকাশ করেনি।
বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল সাড়ে ৭টার পর সীমান্তের কাছে থাই সেনা অবস্থানে নজরদারি করতে কম্বোডিয়া একটি ড্রোন মোতায়েন করে বলে জানিয়েছেন থাইল্যান্ডের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের (এনএসসি) মুখপাত্র।
তিনি জানান, এর কিছুক্ষণ পর কম্বোডিয়ার সেনারা সীমান্তের কাছে আরপিজি এনে জড়ো করা শুরু করে। থাই সেনারা চিৎকার করে তাদের ডেকে আলোচনা করতে চাইলেও সফল হয়নি। এরপর কম্বোডিয়ার সেনারা ৮টা ২০ মিনিটের দিকে আরপিজি থেকে গোলাবর্ষণ শুরু করলে থাই পক্ষ জবাব দিতে বাধ্য হয়।
থাইল্যান্ড অভিযোগ করেছে, কম্বোডিয়া সীমান্তে বিএম-২১ রকেট লঞ্চার ও কামানসহ ভারী অস্ত্র মোতায়েন করছে। তাদের হামলা সীমান্তের থাই পাশে বেসামরিক ঘরবাড়ি ও সরকারি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।
কম্বোডিয়া বলছে, স্থানীয় সময় ভোর সাড়ে ৬টার দিকে থাইল্যান্ডের সেনারা প্রথম হামলা শুরু করেছে। ওই সময় তারা পূর্ব চুক্তি লঙ্ঘন করে বিরোধপূর্ণ সীমান্তের খামের-হিন্দু মন্দির তা মোয়ান থোমের দিকে অগ্রসর হয় আর তাদের ঘাঁটির চারপাশে তারকাঁটার বেড়া দেওয়া শুরু করে।
এর সকাল ৭টার পর থাই সেনারা সীমান্তে একটি ড্রোন মোতায়েন করে এবং সাড়ে ৮টার দিকে ‘উপরের দিকে ফাঁকা গুলি ছুড়তে’ শুরু করে বলে অভিযোগ করেছে কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।
এরপর ৮টা ৪৬ মিনিটের দিকে থাই সেনারা ‘আগ বাড়িয়ে’ কম্বোডিয়ার সেনাদের ওপর গুলি ছুড়তে শুরু করে বলে মন্ত্রণালয়টির মুখপাত্র মালি সওচেতা দাবি করেছেন।
তিনি জানান, থাই সেনারা বিনা উস্কানিতে আক্রমণ করার পর কম্বোডিয়ার সেনারা আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়েছে।
থাইল্যান্ড সীমান্তে অতিরিক্ত সেনা মোতায়েন করেছে, তাদের সেনাদের বিরুদ্ধে হামলা চালাতে ভারী অস্ত্রশস্ত্র ব্যবহার করছে এবং কম্বোডিয়ার ভূখণ্ডে বিমান হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।
এক শতাব্দীরও বেশি সময় আগে ফরাসিরা কম্বোডিয়ার দখলদারিত্ব ছেড়ে চলে যাওয়ার পর দক্ষিণপূর্ব এশিয়ার এই দুই প্রতিবেশী দেশ নিজেদের সীমান্ত নির্ধারণ করে। তখন থেকেই সীমান্তের কিছু অংশ নিয়ে উভয়পক্ষের মধ্যে দ্বিমত রয়ে যায় এবং পরে সেসব অংশকে কেন্দ্র করে বিরোধ দেখা দেয়। এই সীমান্ত সহিংসতা সেই বিরোধ নিয়ে উত্তেজনার সর্বশেষ নজির।