১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

১২৮ বছর আগে আফ্রিকান এক রাজার শিরশ্ছেদ করেছিল ফ্রান্স, অবশেষে বাড়ি ফিরছে তার খুলি

১৮৯৭ সালের অগাস্টে ফরাসী বাহিনীর চালানো গণহত্যায় রাজা তোয়েরা নিহত হন ও তার শিরশ্ছেদ করা হয়। পরে তার খুলি ‘ট্রফি’ হিসেবে প্যারিসে নিয়ে যাওয়া হয়।

১২৮ বছর আগে আফ্রিকান এক রাজার শিরশ্ছেদ করেছিল ফ্রান্স, অবশেষে বাড়ি ফিরছে তার খুলি
ফ্রান্সে নিয়ে যাওয়ার ১২৮ বছর পর এ খুলিগুলো নিজভূমে ফেরত যাচ্ছে। ছবি: এক্স/এনডিটিভি

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2025, 02:59 PM

Updated : 26 Aug 2026, 02:12 PM

আফ্রিকার দ্বীপদেশ মাদাগাস্কারকে মানুষের তিনটি খুলি ফেরত দিচ্ছে ফ্রান্স; এর মধ্যে একটি সাকালাভা জনগোষ্ঠীর মালাগাজি রাজা তোয়েরার বলে ইতিহাসবিদদের ধারণা। 

ফ্রান্সে নিয়ে যাওয়ার ১২৮ বছর পর এ খুলিগুলো নিজভূমে ফেরত যাচ্ছে। 

মঙ্গলবার ফ্রান্সের সংস্কৃতি মন্ত্রণালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে এ খুলিগুলো ফিরিয়ে দেওয়া হয় বলে জানিয়েছে এনডিটিভি। 

২০২৩ সালে ফ্রান্সে হওয়া এক আইনে শেষকৃত্যের জন্য দেহাবশেষ নিজ দেশে ফিরিয়ে দেওয়ার কথা বলা হয়েছিল। এবারই প্রথম আইনটি ব্যবহার করা হল। 

বাকি দুটি খুলিও সাকালাভা যোদ্ধাদের, যারা রাজা তোয়েরার সঙ্গে যুদ্ধে ছিল। পশ্চিম মাদাগাস্কারের মেনাবে রাজ্যে ফরাসী সেনাদের সঙ্গে লড়াইয়ে তারা নিহত হন, জানিয়েছে সিএনএন।

উনিশ শতকের শেষভাগে ফরাসী সেনারা সাকালাভা রাজ্যগুলোকে পরাজিত করে মাদাগাস্কারকে ফ্রান্সের উপনিবেশে পরিণত করেছিল।  

১৮৯৭ সালের অগাস্টে ফরাসী বাহিনীর চালানো গণহত্যায় রাজা তোয়েরা নিহত হন ও তার শিরশ্ছেদ করা হয়। পরে তার খুলি ‘ট্রফি’ হিসেবে প্যারিসে নিয়ে যাওয়া হয় এবং মাদাগাস্কার থেকে নেওয়া অন্যান্য জিনিসপত্রের সঙ্গে ন্যাশনাল মিউজিয়াম অব নেচারাল হিস্ট্রিতে রাখা হয়।

“ঔপনিবেশিক সহিংসতার প্রেক্ষাপটে এই খুলিগুলো যেভাবে আমাদের জাতীয় সংগ্রহশালায় ঢুকেছিল তা মানব মর্যাদার সুস্পষ্ট লঙ্ঘন,” বলেছেন ফ্রান্সের সংস্কৃতিমন্ত্রী রাসিদা দাতি।   

খুলি হস্তান্তরকে ‘যুগান্তকারী পদক্ষেপ’ আখ্যা দিয়ে মাদাগাস্কারের সংস্কৃতিমন্ত্রী ভোলমিরান্তি দোনা মারা বলেছেন, এই ঘটনা দুই দেশের সহযোগিতায় এক নতুন দ্বার উন্মোচন করবে। 

“এক শতাব্দীর বেশি, ১২৮ বছর ধরে তাদের অনুপস্থিতি আমাদের দ্বীপের হৃদয়ে গভীর ক্ষত হয়ে আছে,” বলেছেন তিনি।

২০১৭ সালে দায়িত্ব নেওয়ার পর ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ আফ্রিকায় অতীতে ফ্রান্স কিছু অন্যায় করেছিল বলে স্বীকার করে নিয়েছিল।

এপ্রিলে মাদাগাস্কারের রাজধানী আনতানানারিভো সফরে গিয়ে ম্যাক্রোঁ আফ্রিকার দক্ষিণপূর্ব উপকূলে অবস্থিত দেশটিতে ফ্রান্সের ‘রক্তাক্ত ও বেদনাদায়ক’ ঔপনিবেশিক শাসনের জন্য ‘ক্ষমা প্রার্থনা’ করেছিলেন। 

মাদাগাস্কার ১৯৬০ সালে ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা লাভ করে। 

সমাধিস্থ করতে খুলি তিনটি রোববারই ভারত মহাসাগরে অবস্থিত দ্বীপদেশটিতে পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে।