Published : 06 Jun 2026, 09:03 PM
রাশিয়ার কর্তৃপক্ষ বলেছে, ইউক্রেইন রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ শহরে ও এর আশপাশে ‘নজিরবিহীন’ ড্রোন হামলা চালিয়েছে। শহরটিতে অনুষ্ঠিত রাশিয়ার আন্তর্জাতিক অর্থনৈতিক সম্মেলনের শেষ দিন হামলাটি চালানো হয়।
শহরটি ঘিরে থাকা লেনিনগ্রাদ অঞ্চলেরর গভর্নর আলিক্সান্দার দ্রজদিয়েঙ্কো শনিবার জানিয়েছেন, তার অঞ্চলের উপর থেকে ১৪০টিরও বেশি ড্রোন গুলি করে নামানো হয়। আর সেন্ট পিটার্সবার্গ শহরের গভর্নর আলেকজান্দর বেগলভ যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এই প্রথমবারের মতো নগরীর বাসিন্দাদের ঘরে থাকার আহ্বান জানিয়েছেন।
ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, তার বাহিনীগুলো রাশিয়ার অস্ত্রাগার ও নৌ ঘাঁটিতে আঘাত হেনেছে। এটিকে ইউক্রেইনে চালানো রাশিয়ার হামলার প্রতিক্রিয়া হিসেবে বর্ণনা করেছেন তিনি।
বিবিসি জানিয়েছে, শুক্রবার ওই বার্ষিক সম্মেলনে ইউক্রেইন যুদ্ধ অবসানের প্রশ্নে প্রেসিডেন্ট জেলেনস্কির সরাসরি বৈঠকের প্রস্তাব প্রত্যাখ্যান করেন প্রেসিডেন্ট পুতিন। এর পরদিন শনিবার হামলাটি চালানো হয়।
এদিন সামাজিক মাধ্যমে এক পোস্টে জেলেনস্কি বলেন, “এই যুদ্ধ শেষ করার সময় হয়েছে।” কিন্তু রাশিয়ার নেতা যুদ্ধটি ‘চালিয়ে যেতে চান’ বলে মন্তব্য করেছেন তিনি।
তিনি জানান, তার দেশের ড্রোনগুলো সেন্ট পিটার্সবার্গ পর্যন্ত যেতে ১০০০ কিলোমিটার পাড়ি দিয়েছে আর ‘রাশিয়ার প্রধান নৌ-ঘাঁটি ক্রনস্টাডে ও নৌবাহিনীর অস্ত্রাগারে আঘাত হেনেছ ‘।
রাশিয়ার ‘প্রধান নৌ-ঘাঁটি’ বলতে দেশটির বাল্টিক নৌবহরের প্রধান ঘাঁটিকে বুঝিয়েছেন জেলেনস্কি।
লেনিনগ্রাদ অঞ্চলের গভর্নর দ্রজদিয়েঙ্কো জানিয়েছেন, ইউক্রেইনের হামলায় একটি সামরিক স্থাপনায় আগুন ধরে যায়। সেখান থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। এ হামলায় কিছু ভবনের ‘সামান্য’ ক্ষতি হয়েছে।
জেলেনস্কি জানিয়েছেন, একইদিন ৫০০ কিলোমিটার দূরে দক্ষিণে ক্রাসনোদর অঞ্চলে একটি তেলের ডিপোতেও হামলা চালানো হয়েছে।
সেন্ট পিটার্গবার্গে আন্তর্জাতিক অর্থনৈতিক সম্মেলনের শেষ দিনের মতো শুরুর আগেও ড্রোন হামলা চালিয়েছিল ইউক্রেইন। তবে শনিবারের হামলার তুলনায় বুধবারে ওই হামলার মাত্রা ও তীব্রতা অনেকটা কম ছিল।
রাশিয়ার ‘দাভোস’ নামে পরিচিত এই গুরুত্বপূর্ণ সম্মেলনে যোগ দিতে একটি মার্কিন প্রতিনিধি দলসহ ১৩০টি দেশ থেকে হাজার হাজার অতিথি সেন্ট পিটার্সবার্গে সমবেত হয়েছিল। এই সম্মেলনের উদ্দেশ্য রাশিয়ায় বিদেশি বিনিয়োগ আকর্ষণ।
আরও পড়ুন:
যুদ্ধ অবসানে জেলেনস্কির সঙ্গে বৈঠকের কোনো 'যৌক্তিকতা নেই': পুতিন