১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

হরমুজ খোলার ঘোষণায় ইরানকে ট্রাম্পের ‘ধন্যবাদ’

ধন্যবাদ জানালেও শান্তিচুক্তি না হওয়া পর্যন্ত হরমুজ দিয়ে ইরানের তেল রপ্তানিতে মার্কিন অবরোধ অব্যাহত রাখার কথা বলেছেন তিনি।

হরমুজ খোলার ঘোষণায় ইরানকে ট্রাম্পের ‘ধন্যবাদ’
ফাইল ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2026, 08:26 PM

Updated : 26 Aug 2026, 03:26 PM

বাণিজ্যিক জাহাজের জন্য হরমুজ প্রণালি ‘পুরোপুরি’ খোলা রাখার ঘোষণা দিয়েছে ইরান।

দেশটির পররাষ্ট্রমন্ত্রী আবাস আরাকচি শুক্রবার এক্স পোস্টে লিখেছেন, “ইসরায়েল ও লেবাননের মধ্যকার ১০ দিনের যুদ্ধ বিরতি কার্যকর থাকার সময় তেহরান গুরুত্বপূর্ণ নৌপথটি বাণিজ্যিক চলাচলের জন্য পুরোপুরি খোলা রাখবে।”

এ ঘোষণা আসার পর তেহরানকে ধন্যবাদ জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

“ইরান এইমাত্র ঘোষণা করেছে যে, হরমুজ প্রণালি এখন পুরোপুরি খোলা এবং জাহাজ চলাচলের জন্য প্রস্তুত। ধন্যবাদ!”

তবে ধন্যবাদ জানালেও শান্তিচুক্তি না হওয়া পর্যন্ত হরমুজ দিয়ে ইরানের তেল রপ্তানিতে মার্কিন অবরোধ অব্যাহত রাখার কথা বলেছেন তিনি। 

যদিও অবরোধের মধ্যে ইরানের তেলবাহী তিনটি ট্যাঙ্কারের পারস্য উপসাগর ত্যাগ করার তথ্য দিয়েছে কেপলার। 

সমুদ্রে জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠানটি বলেছে, ‘ডিপ সি’, ‘সোনিয়া ১’ এবং ‘ডিওনা’  নামে তিনটি জাহাজে ৫০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল রয়েছে। 

তেহরানের তেল রপ্তানি বন্ধ করার লক্ষ্যে গত সোমবার ইরানর বন্দরগুলোতে নৌ-অবরোধ শুরু করে মার্কিন বাহিনী। 

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মিলে ইরানে হামলা শুরু করে। তাদের হামলায় মৃত্যু হয়েছে প্রায় তিন হাজার মানুষের। নিহতের তালিকায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিও আছেন।

এদিকে পাল্টা হামলায় ইসরায়েলসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন সামরিক স্থাপনাকে নিশানা বানায় ইরান।

জর্ডান, ইরাক, সৌদি আরব, বাহরাইন, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতসহ প্রায় এক ডজন দেশে হামলা চালায় তারা।

এ যুদ্ধে প্রাণহানি ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতির পাশাপাশি স্থবির হয়ে পড়েছে মধ্যপ্রাচ্যের বিমান পরিবহন ব্যবস্থা; অস্থিরতা তৈরি হয়েছে জ্বালানি পণ্যের বৈশ্বিক বাজারে।

বর্তমানে দুই সপ্তাহের যুদ্ধবিরতি চলছে, যার মেয়াদ ২২ এপ্রিল শেষ হবে। এর মধ্যে একটা চুক্তিতে পৌঁছাতে গত শনিবার ইসলামাবাদে সরাসরি শান্তি আলোচনায় বসেন মার্কিন ও ইরানি কর্মকর্তারা। তবে কোনো সমঝোতা ছাড়াই সে আলোচনা শেষ হয়।

এরপর সোমবার থেকে হরমুজ প্রণালিতে অবরোধ শুরু করে মার্কিন বাহিনী। তবে দুই দেশের কর্মকর্তারা ফের আলোচনায় বসতে পারেন, এমন খবরও গণমাধ্যমে আসছে। 

এরমধ্যে বৃহস্পতিবার হোয়াইট হাউজের বাইরে ব্রিফিংয়ে এসে ট্রাম্প বলেন, ইরান ও যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির খুব কাছাকাছি রয়েছে।

এর আগে ইসরায়েল ও লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি হওয়ার কথা জানান মার্কিন প্রেসিডেন্ট। আর সবশেষ হরমুজ প্রণালি খোলা রাখার ঘোষণা এল ইরানের তরফে।