Published : 15 Aug 2026, 08:09 PM
লেবাননের দক্ষিণাঞ্চলে শনিবার ইসরায়েলি হামলায় অন্তত নয়জন নিহত হয়েছে, জানিয়েছে লেবাননের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা।
বার্তা সংস্থাটির বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, দক্ষিণাঞ্চলের গ্রাম আনসারের একটি বাড়িতে ইসরায়েলি যুদ্ধবিমানের হামলায় সাতজন নিহত হয়। এরপর দিয়ের আল জাহরানি গ্রামে চালানো আরেক হামলায় আরও দুইজন নিহত হয়। এসব হামলায় আরও ১১ জন আহত হয়েছে।
লেবানন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েলের সঙ্গে একটি শান্তি প্রক্রিয়ায় রাজি হওয়ার পর থেকে এটি লেবাননে প্রতিবেশী ইহুদি রাষ্ট্রটির চালানো সবচেয়ে প্রাণঘাতী হামলা।
এই চুক্তি অনুযায়ী হিজবুল্লাহ অস্ত্র ত্যাগ না করা পর্যন্ত ও লেবাননের সেনাবাহিনী দক্ষিণ লেবাননের নিয়ন্ত্রণ গ্রহণ না করা পর্যন্ত ইসরায়েলি বাহিনী দক্ষিণাঞ্চলের অধিকৃত অঞ্চলেই অবস্থান করবে। কিন্তু ইরান সমর্থিত হিজবুল্লাহ এই চুক্তি মেনে নেয়নি, তারা এটিকে ‘আত্মসমর্পণ’ বলে অভিহিত করেছে।
শুক্রবার এক বক্তৃতায় হিজবুল্লাহর প্রধান নাঈম কাসেম বলেছেন, “এই চুক্তি একটি ইসরায়েলি আদেশ যা লেখা হয়েছে ইসরায়েলি কালি দিয়ে আর লেবাননি কর্তৃপক্ষ শুধু স্বাক্ষর করেছে।”
ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, ভোররাতে তারা দক্ষিণ লেবাননে তাদের কথিত ‘নিরাপত্তা জোনে’ হিজবুল্লাহর অবকাঠামোতে আঘাত হেনেছে।
তাদের সেনাদের বিরুদ্ধে হামলার জবাবে তারা এ আঘাত হেনেছে বলে দাবি করেছে ইসরায়েলি বাহিনী।
লেবাননের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা জানিয়েছে, আনসার গ্রামে যে সাতজন নিহত হয়েছে তাদের মধ্যে তিনটি শিশু ও দুই নারী আছেন।
লেবাননের কর্মকর্তারা ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছেন। দেশটির প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম এক্স এ এক পোস্টে বলেছেন, “আনসার গ্রামে ইসরায়েলি হামলায় নিহতরা কোনো ‘সামরিক অবকাঠামো নন’ আর সেখানে নিহত নারী ও শিশুরা সামরিক লক্ষ্যবস্তু নয়।”
চলতি বছরের প্রথমদিকে হিজবুল্লাহর সঙ্গে লড়াই চলাকালে ইসরায়েলি সামরিক বাহিনী লেবাননের দক্ষিণাঞ্চলের বিশাল একটি অঞ্চল দখল করে নেয়। এখন ইসরায়েল বলছে, ইসরায়েলের উত্তরাঞ্চলকে হিজবুল্লাহর রকেট হামলা থেকে বাঁচাতে তারা লেবাননের এ অঞ্চলটিতে তাদের বাহিনী মোতায়েন করে রাখবে।
বৃহস্পতিবার ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ অধিকৃত দক্ষিণ লেবানন পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি বলেছেন, হিজবুল্লাহ নিরস্ত্র না হওয়া পর্যন্ত দক্ষিণ লেবাননের অধিকৃত অঞ্চল থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহার করা হবে না।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেছেন, দক্ষিণ লেবাননে ইসরায়েলি সামরিক বাহিনীর স্থায়ী উপস্থিতি লেবানন সরকারের সঙ্গে যে চুক্তি করা হয়েছে তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
২ মার্চ থেকে শুরু হওয়া সর্বশেষ সংঘাতে ইসরায়েলি বাহিনীর হামলায় এ পর্যন্ত অন্তত ৪৩০০ জন লেবাননি নিহত হয়েছে।