১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর পৃথক অভিযানে ১৯ সন্ত্রাসী নিহত

পাকিস্তান সামরিক বাহিনী জানিয়েছে, গোয়েন্দা সূত্রে সন্ত্রাসীদের উপস্থিতির খবর পেয়ে খাইবার পাখতুনখওয়ার বিভিন্ন এলাকায় অভিযানগুলো চালানো হয়।

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর পৃথক অভিযানে ১৯ সন্ত্রাসী নিহত
পাকিস্তানের খাইবার পাখতুনখওয়া প্রদেশে দেশটির নিরাপত্তা বাহিনীর দুই সদস্যকে দেখা যাচ্ছে। ছবি: ডন

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2025, 04:18 PM

Updated : 26 Aug 2026, 02:16 PM

পাকিস্তানের খাইবার পাখতুনখওয়া প্রদেশে নিরাপত্তা বাহিনীর পৃথক তিন অভিযানে অন্তত ১৯ জন সন্ত্রাসী নিহত হয়েছেন বলে দেশটির সামরিক বাহিনী জানিয়েছে। 

পাকিস্তান সামরিক বাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ (আইএসপিআর) বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেছে, “৯-১০ সেপ্টেম্বরে খাইবার পাখতুনখওয়া প্রদেশে তিনটি পৃথক অভিযানে ভারতীয় ছায়া বাহিনী ফিতনা আল খাওয়ারিজের ১৯ জন খাওয়ারিজকে জাহান্নামে পাঠিয়ে দেওয়া হয়েছে।” 

পাকিস্তানি গণমাধ্যম ডন জানিয়েছে, বিবৃতিতে ‘ফিতনা আল খাওয়ারিজ’ বলে যে নামটি উল্লেখ করা হয়েছে তা নিষিদ্ধ ঘোষিত জঙ্গি গোষ্ঠী তেহরিক-ই-তালেবানকে বোঝাতে ব্যবহার করে পাকিস্তান সামরিক বাহিনী।     

তারা বেলুচিস্তানের প্রদেশ ভিত্তিক বিদ্রোহী গোষ্ঠীগুলোকে ‘ফিতনা-আল-হিন্দুস্তান’ বলে উল্লেখ করে। এর মাধ্যমে পাকিস্তানের জঙ্গি ও বিদ্রোহী গোষ্ঠীগুলো তৎপরতার ক্ষেত্রে ভারতের কথিত ভূমিকার দিকে ইঙ্গিত করা হয়। 

আইএসপিআর জানিয়েছে, গোয়েন্দা সূত্রে সন্ত্রাসীদের উপস্থিতির খবর পেয়ে খাইবার পাখতুনখওয়ার মোহমন্দ জেলায় একটি অভিযান চালানো হয়। 

বিবৃতিতে তারা বলেছে, “এই অভিযান চলাকালে পাকিস্তানি সেনারা খাওয়ারিজদের অবস্থানে কার্যকরভাবে আক্রমণ চালায়। তীব্র গোলাগুলির মধ্যে ভারত সমর্থিত ১৪ জন খাওয়ারিজকে জাহান্নামে পাঠানো হয়।”  

গোয়েন্দা সূত্রে পাওয়া আরেক খবরের ভিত্তিতে একই প্রদেশের নর্থ ওয়াজিরিস্তান জেলার দত্ত খেল এলাকায় অভিযান চালিয়ে আরও চার সন্ত্রাসীকে হত্যা করে পাকিস্তান নিরাপত্তা বাহিনী। এখানেও দুই পক্ষের মধ্যে গোলাগুলি হয়। নিহত সন্ত্রাসীদের কাজ থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করার কথাও জানিয়েছে পাকিস্তান সেনাবাহিনী।  

একই প্রদেশের আরেক এলাকায় নিরাপত্তা বাহিনীর অপর এক অভিযানে আরও এক সন্ত্রাসী নিহত হন।