Published : 17 Jul 2026, 10:06 PM
কানাডায় দাবানলে সৃষ্ট ধোঁয়ার কারণে যুক্তরাষ্ট্রের নিউ জার্সি, আপার মিডওয়েস্ট, গ্রেট লেকস এবং উত্তর-পূর্বাঞ্চলীয় এলাকাগুলোয় বায়ুদূষণ সতর্কতা জারি করা হয়েছে।
আগামী রোববার নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনা বনাম স্পেনের মধ্যে বিশ্বকাপের ফাইনাল ম্যাচের আগে বায়ুদূষণের এ পরিস্থিতি উদ্বেগ বাড়িয়ে দিয়েছে। এর আগে বজ্রঝড়ের কারণে বিশ্বকাপের বেশ কয়েকটি ম্যাচ শুরু হতে দেরি হয়েছিল।
সিএনএনের খবরে বলা হয়, বৃহস্পতিবার গ্রেট লেকস থেকে শুরু করে পূর্ব উপকূলের বেশ কিছু অংশ জুড়ে যুক্তরাষ্ট্রের আকাশ দাবানলের ভারি ও তীব্র ঝাঁঝাল ধোঁয়ায় ভরে গেছে। এমন পরিস্থিতিতে মার্কিন আবহাওয়া বিভাগ বাইরের বাতাসে শ্বাস নেওয়া বিপজ্জনক হতে পারে বলে সতর্কতা জারি করেছে। অনেক শহরের কর্মকর্তারা বাসিন্দাদের ঘরের ভেতরে থাকার অথবা বাইরে বের হলে মাস্ক পরার আহ্বান জানিয়েছেন।
যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলের একটি বড় অংশ এরইমধ্যে ঘন ধোঁয়ায় ঢেকে গেছে; যা দমবন্ধ পরিস্থিতি তৈরি করেছে। ধোঁয়ার কারণে ডেট্রয়েট ও শিকাগোসহ বিভিন্ন অঞ্চলে বাতাসের মান চরম অস্বাস্থ্যকর পর্যায়ে পৌঁছে যাওয়ায় অন্তত ১০ কোটির বেশি মানুষ স্বাস্থ্যঝুঁকিতে রয়েছেন। এ অবস্থায় মানুষকে বাইরে কোনো ধরনের শারীরিক পরিশ্রম না করতে বলা হয়েছে।
সব মিলিয়ে ধোঁয়ার মতই একটি বড় প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে; এই বায়ুদূষণ কি রোববার স্থানীয় সময় বিকেলে নিউ জার্সিতে হতে যাওয়া বিশ্বকাপ ফাইনালের জন্য কোনো সমস্যা তৈরি করবে?
সিএনএন লিখেছে, একমাত্র বৃষ্টিই হয়ত এ পরিস্থিতি থেকে সবাইকে রক্ষা করতে পারে।
এদিকে বিশ্বকাপ ফাইনালের আগে বায়ুমান সতর্কতার কারণে খেলোয়াড় এবং দুই দলের হাজার হাজার সমর্থক যারা বর্তমানে নিউ ইয়র্ক ও নিউ জার্সিতে অবস্থান করছেন, তাদের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
আর্জেন্টিনার শীর্ষ ইংরেজি দৈনিক বুয়েনস আইরেস হেরাল্ড তাদের খবরে বলছে, শুক্রবার ধোঁয়ার একটি ঘন আস্তরণ নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামের চারপাশকে ঢেকে ফেলেছে। এরইমধ্যে নিউ ইয়র্ক ও নিউ জার্সি শহর কর্তৃপক্ষ বায়ুমানের বিষয়ে সতর্কতা জারি করেছে, যা খেলোয়াড়, সমর্থক ও স্থানীয় বাসিন্দাদের স্বাস্থ্য সুরক্ষার পাশাপাশি ম্যাচটি কোনোভাবে প্রভাবিত হবে কি না, তা নিয়ে উদ্বেগ বাড়িয়ে দিয়েছে।

খবরে বলা হয়, স্থানীয় সময় বৃহস্পতিবার সকালেও নিউ ইয়র্কের মিডটাউন ম্যানহাটন থেকে মাত্র ১৩ কিলোমিটার দূরে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামের আকাশ কমলা রঙের আভায় ঢাকা পড়েছিল। সাধারণত তীব্র দাবানলের ধোঁয়ার কারণে এমন দৃশ্য তৈরি হয়। ওইদিনই সকালে শহরের বায়ুমান সূচক অস্বাস্থ্যকর পর্যায়ে পৌঁছানোর পর নিউ ইয়র্ক কর্তৃপক্ষ সতর্কতা এবং জনস্বাস্থ্য বিষয়ক নির্দেশনা জারি করতে শুরু করে। দিনের শেষভাগে পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও সতর্কতা জারি আছে।
দৈনিক বুয়েনস আইরেস হেরাল্ড বলছে, মঙ্গলবার সেমিফাইনালে ফ্রান্সকে হারিয়ে বুধবার রাতে স্পেনের দল নিউ জার্সিতে পৌঁছায় এবং ধোঁয়ার কারণে বড় কোনো সমস্যা ছাড়াই তারা অনুশীলন শুরু করেছে। অন্যদিকে, বুধবার ইংল্যান্ডকে হারানোর পর আর্জেন্টিনা দল জর্জিয়াতেই অবস্থান করছিল। স্থানীয় সময় শুক্রবার সকালে তারা নিউ জার্সিতে পৌঁছাবে এবং অনুশীলন শুরু করবে।
আশার কথা হচ্ছে, শুক্রবার আবহাওয়া পরিস্থিতির উন্নতির আভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। শনিবার নিউ জার্সি, নিউ ইয়র্কসহ আশপাশের অঞ্চলে বজ্রঝড় ও ভারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে, যা ধোঁয়া কাটিয়ে উঠতে সাহায্য করতে পারে।
বিশ্বকাপ ফাইনালের দিন, অর্থাৎ রোববারের পূর্বাভাসে বলা হয়, ওইদিন রৌদ্রোজ্জ্বল ও শুষ্ক আবহাওয়া থাকতে পারে। বিকেলের দিকে তাপমাত্রা হতে পারে ২৮ ডিগ্রি সেলসিয়াস।