০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

ফোরদো পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের হামলা

ফোরদো পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের বিমান হামলার ৪৮ ঘণ্টা পর সোমবার সেখানে ইসরায়েলও এই হামলা চালাল।

ফোরদো পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের হামলা
ইরানের ফোরদো পারমাণবিক স্থাপনা। ছবি: মাক্সার/বিবিসি

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2025, 05:23 PM

Updated : 26 Aug 2026, 01:15 PM

ইরানের ফোরদো পারমাণবিক স্থাপনায় ইসরায়েল আবার হামলা চালিয়েছে। ইরানের কোম প্রদেশের সংকটকালীন ব্যবস্থাপনা বিভাগের সদরদপ্তরের মুখপাত্র মোর্তজা হায়দারি আধা সরকারি তাসনিম বার্তা সংস্থাকে এ খবর জানিয়েছেন।

ফোরদো পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের বিমান হামলার ৪৮ ঘণ্টা পর সোমবার সেখানে ইসরায়েলও এই হামলা চালাল। ইসরায়েল এর আগে গত ১৩ জুন ইরানে ব্যাপক পরিসরে হামলা শুরু করার সময় পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালিয়েছিল।

সোমবার ফোরদোয় আবার ইসরায়েলের হামল হলেও এর কারণে এলাকাটির বাসিন্দাদের জন্য বিপদের কিছু নেই বলে বার্তা সংস্থা তাসনিমকে জানিয়েছেন মোর্তেজা হায়দারি।

ইরানের ফোরদো পারমাণবিক স্থাপনা মাটির অনেক গভীরে অবস্থিত। সেখানটার পারমাণবিক স্থাপনাটি পাহাড় খনন করে তৈরি করা। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের অনুমান, মাটি থেকে ৩০০ ফুট গভীরে থাকতে পারে স্থাপনাটি।

রোববার ভোরে আকাশপথে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী এই ফোরদো, নাতাঞ্জ ও ইস্পাহান- তিন পারমাণবিক স্থাপনাতে হামলা চালায়।

এই হামলায় ফোরদোর বড়সড় ক্ষতি হয়ে থাকতে পারে বলে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ) আশঙ্কা প্রকাশ করেছে। তার মধ্যেই এই পারমাণবিক কেন্দ্রটিতে ইসরায়েলের আরেক দফা হামলার খবর এল।