১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘ছোট’ প্রযুক্তিগত সমস্যা: ট্রাম্পের দাভোসগামী বিমান ফিরে গেল মার্কিন ঘাঁটিতে

ট্রাম্পকে বহনকারী উড়োজাহাজ এয়ার ফোর্স ওয়ান ‘ছোট সমস্যা’ সত্ত্বেও বাড়তি সতর্কতার কারণে জয়েন্ট বেইস অ্যান্ড্রুতে ফিরে গেছে।

‘ছোট’ প্রযুক্তিগত সমস্যা: ট্রাম্পের দাভোসগামী বিমান ফিরে গেল মার্কিন ঘাঁটিতে
ট্রাম্প ও তার সফরসঙ্গীরা নতুন একটি উড়োজাহাজে করে সুইজারল্যান্ডে যাবেন। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2026, 11:54 AM

Updated : 26 Aug 2026, 05:36 PM

হোয়াইট হাউজ জানিয়েছে, সুইজারল্যান্ডের পথে রওনা হওয়ার প্রায় এক ঘণ্টা পর প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে বহনকারী উড়োজাহাজ ‘ছোট একটি বৈদ্যুতিক সমস্যার’ কারণে বিমান ঘাঁটিতে ফিরে যেতে বাধ্য হয়েছে। 

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটেছে বলে খবর দিয়েছে একটি আন্তর্জাতিক বার্তা সংস্থা। 

হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট জানান, ট্রাম্পকে বহনকারী উড়োজাহাজ এয়ার ফোর্স ওয়ান বাড়তি সতর্কতার কারণে জয়েন্ট বেইস অ্যান্ড্রুতে ফিরে গেছে। 

ওই ঘাঁটিটি থেকে ট্রাম্প ও তার সফরসঙ্গীরা আরেকটি উড়োজাহাজে করে সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনে যোগ দিতে যাবেন বলে জানিয়েছে তিনি। 

তিনি আরও জানান, উড়োজাহাজটি উড্ডয়নের পর এয়ার ফোর্স ওয়ানের ক্রুরা ‘একটি ছোট বৈদুতিক সমস্যা’ শনাক্ত করেন, এরপরই ফিরে আসার সিদ্ধান্তটি নেওয়া হয়।

সাউথ চায়না মর্নিং পোস্ট ট্রাম্পের সফরসঙ্গী এক সাংবাদিকের বরাতে জানিয়েছে, উড্ডয়নের পর উড়োজাহাজটির প্রেস কেবিনের লাইটগুলো হঠাৎ করে নিভে যায়, কিছুক্ষণের মধ্যে আলো ফিরে এলেও তাৎক্ষণিকভাবে এর কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। এর প্রায় আধ ঘণ্টা পর তাদের জানানো হয়, ফ্লাইটটিকে ফিরে যেতে হবে।  

বুধবার বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনে ট্রাম্পের ভাষণ দেওয়ার কথা আছে। 

মার্কিন প্রেসিডেন্টের ব্যাক্তিগত বিমান এয়ার ফোর্স ওয়ানের বহরে এখন দুটি উড়োজাহাজ আছে। এগুলো প্রায় ৪০ বছর ধরে দেশটির প্রেসিডেন্টদের নিয়ে উড়ে বেড়াচ্ছে। এগুলোর স্থলে নতুন উড়োজাহাজ বহাল করতে কাজ করছে বোয়িং কোম্পানি, কিন্তু তাদের কর্মসূচী বেশ কয়েকবার বিলম্বের মুখে পড়েছে।