১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ককরোচ পার্টির আন্দোলনের জেরে দিল্লির ১৬ মেট্রো স্টেশন বন্ধ

নিরাপত্তাজনিত কারণে মেট্রো স্টেশনগুলো পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছে দিল্লি মেট্রো রেল করপোরেশন।

ককরোচ পার্টির আন্দোলনের জেরে দিল্লির ১৬ মেট্রো স্টেশন বন্ধ
মান্ডি হাউজ মেট্রো স্টেশন। ছবি: পিটিআই

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2026, 05:58 PM

Updated : 11 Sep 2026, 03:43 PM

ভারতের রাজধানী দিল্লিতে নিট-ইউজি প্রশ্নফাঁসের প্রতিবাদে 'ককরোচ জনতা পার্টি' (সিজেপি)-র বিক্ষোভের জেরে নিরাপত্তাজনিত কারণে ১৬টি মেট্রো স্টেশন সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

বন্ধ থাকা স্টেশনগুলো হল: লোক কল্যাণ মার্গ, রাজীব চৌক, প্যাটেল চৌক, রামকৃষ্ণ আশ্রম মার্গ, বারাখাম্বা রোড, সুপ্রিম কোর্ট, সেবা তীর্থ, জনপথ, মান্ডি হাউস, সেন্ট্রাল সেক্রেটারিয়েট, আইটিও, দিল্লি গেট, ইন্দ্রপ্রস্থ, খান মার্কেট, জোর বাগ, শিবাজি স্টেডিয়াম।

দিল্লি মেট্রো রেল করপোরেশন (ডিএমআরসি) এক্সে দেওয়া এক পোস্টে জানায়, ‘নিরাপত্তাজনিত কারণে’ মেট্রো স্টেশনগুলো পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখা হয়েছে। তবে রাজীব চক, মান্ডি হাউস এবং সেন্ট্রাল সেক্রেটারিয়েটে ইন্টারচেঞ্জ সুবিধা চালু রাখা হয়েছে।

এর আগে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ককরোচ জনতা পার্টি (সিজেপি) সংসদ অভিমুখে বিক্ষোভ কর্মসূচি দেয়। এতে সাড়া দিয়ে হাজার হাজার মানুষ দিল্লিতে সমবেত হওয়ায় সোমবার বেশ কয়েকটি মেট্রো স্টেশন বন্ধ করে দেওয়া হয়েছিল।

দিল্লিতে বিক্ষোভ ও নিরাপত্তায় কড়াকড়ির কারণে ডিএমআরসি মেট্রো স্টেশন বন্ধ রাখায় মেট্রো স্টেশনগুলোতে চরম বিশৃঙ্খলা দেখা দিয়েছে। 

রাজীব চক, জনপথ, সেন্ট্রাল সেক্রেটারিয়েট এবং মণ্ডী হাউস সহ মূল স্টেশনগুলোর গেট বন্ধ থাকায় ও নিরাপত্তার কড়াকড়িতে যাত্রীরা বিকল্প রুটের খোঁজে দ্বিধায় পড়েন। ডিএমআরসি গেট খোলার কোনও সময়সীমাও বলে দেয়নি।

 ভারতীয় পত্রিকা এনডিটিভির সাংবাদিকরা দিল্লি মেট্রো ভায়োলেট লাইনে গেছেন কাশ্মীরী গেট থেকে ফরিদাবাদের বল্লবগড় পর্যন্ত পথে ভ্রমণ করে। এই রুটের ছয়টি মেট্রো স্টেশনের ঢোকা এবং বের হওয়ার গেট বন্ধ দেখতে পান তারা।

এনডিটিভির সাংবাদিকরা মান্ডি হাউজ স্টেশন থেকে বের হওয়ার চেষ্টা করার সময় মানুষের লম্বা লাইন দেখতে পান, যারা গেট খোলার অপেক্ষায় ছিল।

মেট্রো স্টেশনের গেট বন্ধ থাকায় রাস্তায় বাস, অটো ও ক্যাবের জন্য লম্বা লাইন তৈরি হচ্ছে। ফলে যাতায়াতে অতিরিক্ত সময় লাগছে। যাত্রীদের মেট্রোর অফিসিয়াল ওয়েবসাইট বা গুগলের নেভিগেশন অ্যাপ ব্যবহার করে খোলা থাকা কাছের স্টেশনগুলোতে পৌঁছানোর পরামর্শ দেওয়া হচ্ছে।