জলপ্রপাতের ফুঁসে ওঠা পানিতে ভেসে গেলেন ৩ নারী, শেষ মুহূর্তে রক্ষা
এক ভিডিও ক্লিপে ৬ নারীকে ওই জলপ্রপাতের মাঝখানে আটকা পড়া অবস্থায় দেখা যায়, তাদের চারপাশ দিয়ে বয়ে যাচ্ছিল প্রচুর জল।
ভারতের বিহার রাজ্যের এক জলপ্রপাতের হঠাৎ ফুঁসে ওঠা পানির তোড়ে ভেসে গিয়েছিলেন কয়েকজন নারী, তবে শেষ মুহূর্তে প্রায় অলৌকিকভাবে রক্ষা পেয়েছেন তারা।
রোববার বিহারের গয়া জেলার লঙ্গুরিয়া জলপ্রপাতে ঘটনাটি ঘটেছে। ক্যামেরায় ধারণ করা ঘটনাটির একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, প্রায় দুই মিনিটের ওই ভিডিও ক্লিপে ছয়জন নারীকে ওই জলপ্রপাতের মাঝখানে আটকা পড়া অবস্থায় দেখা যায়, তাদের চারপাশ দিয়ে তীব্র গতিতে বয়ে যাচ্ছিল জল।
প্রথমে এক নারী একটি পাথর পার হয়ে রক্ষা পান। একই কাজ করতে গিয়ে তিন নারী একটি পাথর অতিক্রম করার সময় পিছলে পানির সঙ্গে ভেসে যান। জলপ্রপাত যেখানে অনেকখানি নিচে আছড়ে পড়ছে সেখানে পৌঁছানোর আগেই গ্রামবাসীরা তাদের উদ্ধার করেন। এ সময় পঞ্চম নারীকে জলপ্রপাতের অপর পাশ থেকে উদ্ধার করা হয়।
ষষ্ঠজন তখনো জলপ্রপাতের মাঝখানে আটকা পড়েছিলেন। কয়েক মিনিট পর স্থানীয়রা তাকেও উদ্ধার করতে সক্ষম হন।
কর্মকর্তারা জানিয়েছেন, এই উদ্ধার অভিযানের সময় পাথরের সঙ্গে সংঘর্ষে এক নারী জখম হন। তাকে হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আবহাওয়া স্বাভাবিক থাকায় অনেক মানুষ জলপ্রপাতে এসে আনন্দ করছিলেন। কিন্তু হঠাৎ উঁচু পাহাড় থেকে প্রচুর পানি নেমে আসতে থাকায় পরিস্থিতি অস্বাভাবিক হয়ে ওঠে আর পর্যটকরা তাড়াহুড়া করে সেখান থেকে সরে যেতে শুরু করেন। তখনই ওই নারীরা জলপ্রপাতের মাঝখানে আটকা পড়েন।
গ্রামবাসীরা জানিয়েছেন, লঙ্গুরিয়া জলপ্রপাতে আগে কখনো হঠাৎ করে এতো পানি বাড়তে দেখেননি তারা।
