Published : 23 Apr 2026, 03:16 AM
মার্কিন সংবাদপত্র ওয়াশিংটন পোস্টের সাবেক সম্পাদক ড্যান এগেনকে ওয়াশিংটনে তার বাসায় মৃত অবস্থায় পাওয়া গেছে।
তিনটি পুলিৎজার পাওয়া প্রতিবেদনের সঙ্গে যুক্ত ওয়াশিংটন পোস্টের দীর্ঘদিনের এই প্রতিবেদকের লাশ বুধবার পাওয়া যায়। তার বয়স হয়েছিল ৬০ বছর।
তার সাবেক স্ত্রী স্টিফানি আর্মারের বরাতে মৃত্যুর খবর দিয়েছে ওয়াশিংটন পোস্ট।
তার মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্তের প্রতিবেদনের জন্য অপেক্ষার তথ্য দিয়ে পুলিশ ও স্থানীয় কর্তৃপক্ষ এর সঙ্গে সহিংসতা বা অন্য কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের যোগ দেখছে না।
এ বছরের শুরুতে ছাঁটাইয়ের সময় চাকরি হারানো এগেন আরেকটি সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত হওয়ার অপেক্ষায় ছিলেন।
ওয়াশিংটন পোস্টে দীর্ঘদিন প্রতিবেদক ও সম্পাদক হিসেবে কাজ করার সময় তিনি তিনটি পুলিৎজার পুরস্কারজয়ী প্রকল্পে কাজ করেছেন, যা বিশ্বজুড়ে আলোচনার জন্ম দেয়।
তিনি পোস্টের হয়ে হোয়াইট হাউজ, কংগ্রেস ও রাষ্ট্রপতি নির্বাচনের সংবাদ পরিবেশন ভিন্নমাত্রা যোগ করেছিলেন বলে তার মৃত্যুর খবরের প্রতিবেদনে বুধবার ওয়াশিংটন পোস্ট লিখেছে।
ওয়াশিংটন পোস্টের তিন দশকের ক্যারিয়ারে রাজনীতি বিষয়ক সংবাদ 'পরিবেশনার রূপকার' হিসেবে তাকে তুলে ধরেছে নিউ ইয়র্ক পোস্ট।
ওয়াশিংটন পোস্ট বলছে, এগেন ২০০২ সালে ৯/১১ এর নেপথ্য ষড়যন্ত্রকারীদের নিয়ে তদন্তের জন্য পুলিৎজার পুরস্কার জয়ী দলের সদস্য ছিলেন। পরে তিনি এমন সব প্রজেক্টে কাজ করেছেন যা সাংবাদিকতার সবচেয়ে মর্যাদাপূর্ণ এই পুরস্কার আবারও জয় করে। ২০১৬ সালের নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের প্রতিবেদনের জন্য এবং ২০২২ সালে আগের বছরের ইউএস ক্যাপিটলে আক্রমণের ঘটনা অনুসন্ধানের জন্য। তিনি এসব প্রকল্প পরিচালনায় সহায়তা করেন।
১৯৯৭ সালে ওয়াশিংটন পোস্টে যোগদান করা এগেন গত ফেব্রুয়ারিতে ছাঁটাই হওয়া শতাধিক সাংবাদিকদের একজন ছিলেন। তিনি ওয়াশিংটনভিত্তিক সংবাদ সংস্থা 'নোটাস' যোগ দেওয়ার অপেক্ষা করছিলেন—যা 'দ্য স্টার' নামে নতুনভাবে আত্মপ্রকাশ করছে।