১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

নরওয়ের রাজধানীতে মার্কিন দূতাবাসে বিস্ফোরণ

অসলোর পশ্চিমাংশে ওই দূতাবাস কম্পাউন্ড থেকে বিস্ফোরণের শব্দ শোনা যায় আর সেখান থেকে ধোঁয়া উঠতে দেখা যায়।

নরওয়ের রাজধানীতে মার্কিন দূতাবাসে বিস্ফোরণ
বিস্ফোরণের ঘটনার পর অসলোর মার্কিন দূতাবাসের সামনে পুলিশের গাড়ি। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2026, 11:50 AM

Updated : 26 Aug 2026, 03:06 PM

নরওয়ের রাজধানী অসলোতে মার্কিন দূতবাসে বিকট শব্দে একটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে আর কেউ আহত হয়নি বলে দেশটির পুলিশ জানিয়েছে।  

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রয়টার্স জানায়, স্থানীয় সময় রোববার রাত প্রায় ১টার দিকে অসলোর পশ্চিমাংশে ওই দূতাবাস কম্পাউন্ড থেকে বিস্ফোরণের শব্দ শোনা যায় আর সেখান থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। 

ঘটনার সময় মার্কিন দূতাবাসের পাশের রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন কলেজ শিক্ষার্থী সেবাস্তিয়ান টরস্টাড (১৮) । তিনি বলেছেন, “রাস্তায় ধোঁয়ার খুব ঘন একটা আস্তরণ ছিল। দূতাবাসের প্রবেশপথ কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে।” 

অসলোর পুলিশ জানিয়েছে, দূতাবাসের কন্স্যুলার বিভাগের প্রবেশপথে বিস্ফোরণটি ঘটে। ঘটনাস্থলে আরও কোনো বিস্ফোরক ডিভাইস পাওয়া যায়নি।  

পরে পুরো শরীর সাদা পোশাকে ঢাকা পুলিশের দুই টেকনিশিয়ানকে ঘটনাস্থলে কাজ করতে দেখা যায়।  

এক বিবৃতিতে অসলোর পুলিশ বিভাগ বলেছে, “কুকুর, ড্রোন ও হেলিকপ্টারের সাহায্য নিয়ে ঘটনাস্থলে তদন্ত চালানো হয়েছে। এক বা একাধিক সম্ভাব্য অপরাধীদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।” 

রয়টার্স জানিয়েছে, দৈনিক দপ্তরিক সময়ের বাইরে তাদের জানানো মন্তব্যের অনুরোধে দূতাবাসটি তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ও ঘটনার বিষয়ে মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি। 

২৮ ফেব্রুয়ারি থেকে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আক্রমণ শুরু করার পর থেকে মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে মার্কিন দূতাবাস আক্রান্ত হয়েছে। তবে ইরান যুদ্ধ শুরুর পর থেকে ইউরোপে কোনো মার্কিন দূতাবাসে বিস্ফোরণের এটিই সম্ভবত প্রথম ঘটনা।