Published : 10 Nov 2025, 05:25 PM
ফিলিপিন্সে আঘাত হানা বছরের অন্যতম শক্তিশালী ঝড়, ‘সুপার টাইফুন’ খ্যাত ফুং-ওংয়ে মৃত্যু বেড়ে ৪ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।
ঝড়ের তাণ্ডব থেমে যাওয়ার পর কর্তৃপক্ষ এখন ক্ষয়ক্ষতির পরিমাণ যাচাই শুরু করেছে, তবে এখন পর্যন্ত বড় ধরনের ধ্বংসযজ্ঞের খবর পাওয়া যায়নি।
টাইফুনটি দুর্বল হয়ে এখন তাইওয়ানের পথে রয়েছে। বুধবার দ্বীপটির পশ্চিম উপকূলে এটি আঘাত হানবে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।
রোববার ফুং-ওং আঘাত হানার আগেই ১০ লাখের বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়েছিল কর্তৃপক্ষ। তারপরও প্রবল বাতাস, ভারি বৃষ্টি ও ঝড়ের ঢেউ নিয়ে ফিলিপিন্সের সবচেয়ে জনবহুল দ্বীপ লুজনে আছড়ে পড়ে টাইফুনটি। যার কারণে অনেককে ঘুমহীন রাতও কাটাতে হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
“বাতাস আমাদের (ছাদের) ধাতব ছাউনিতে আঘাত করছিল, গাছের ডালপালা পড়ছিল, যে কারণে আমরা রাতে ঘুমাতে পারিনি। বাড়ির অবস্থা খতিয়ে দেখতে বের হওয়ার পর আমরা ক্ষয়ক্ষতির মাত্রা টের পাই,” বলেছেন রোমিও মারিয়ানো। ঝড়ের সময় দাদির সঙ্গে ইসাবেলা প্রদেশে নিজেদের বাড়িতে আশ্রয় নিয়েছিলেন তিনি।
তবে এরপরও প্রাণহানির পরিমাণ কম হবে বলে সব সূচকেই ধারণা মিলছে, গণমাধ্যমের জন্য ব্রিফিংয়ে এমনটাই বলেছেন বেসামরিক প্রতিরক্ষা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা রাফি আলেজান্দ্রো।
নুয়েভা ভিজকায়া প্রদেশের কায়াপা শহরের উত্তরাঞ্চলে কাদার নিচে চাপা পড়া একটি বাড়িতে দু্ই শিশুর মৃত্যু হয়েছে বলে টেলিফোনে জানিয়েছেন আঞ্চলিক বেসামরিক প্রতিরক্ষা কর্মকর্তা আলভিন আয়সন।
এর আগে পানিতে ডুবে ও পড়ন্ত বস্তুর আঘাতে আরও দুইজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল।
ভূমিধস অরোরা প্রদেশের চারটি শহরকেও বিচ্ছিন্ন করে রেখেছে বলে জানিয়েছেন আলেজান্দ্রো।
ঝড়টি ক্রমশ উত্তরপূর্ব দিকে সরছে। সোমবার ফুং-ওংয়ের বাতাসের গতি ঘণ্টায় ১৩০ থেকে ১৬০ কিলোমিটারে নেমে এলেও উপকূলীয় এলাকাগুলোতে বৃষ্টি ঝরাচ্ছে।
চলতি বছর এটি ফিলিপিন্সে আঘাত হানা ২১তম ঝড়; কয়েকদিন আগে আঘাত হানা টাইফুন কালমায়েগি দেশটিতে ২২৪ জনের প্রাণ কেড়ে নিয়েছে। ভিয়েতনামে মারা গেছে আরও ৫ জন।
ফুং-ওংয়ের কারণে তাইওয়ানের পাহাড়ি পূর্ব উপকূলে প্রবল বৃষ্টি হবে বলে আশঙ্কা করা হচ্ছে। সেপ্টেম্বরে অন্য এক টাইফুনের কারণে সৃষ্ট বন্যায় দ্বীপটিতে ১৮ জনের মৃত্যু হয়েছিল। সেখানকার সরকার এরই মধ্যে গুয়াংফু শহর খালি করতে নির্দেশ দিয়েছে।