১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

আফগানিস্তানের হেলমান্দে তালেবান-পাকিস্তান গুলিবিনিময়

নতুন বানানো একটি টহল চৌকিতে তালেবান বাহিনী দুটি কনটেইনার নিয়ে যাওয়ার সময় তাদের লক্ষ্য করে পাকিস্তানি বাহিনী গুলিবর্ষণ শুরু করলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়।

আফগানিস্তানের হেলমান্দে তালেবান-পাকিস্তান গুলিবিনিময়
প্রতিনিধিত্বশীল ছবি। ছবি: আমু টিভি

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2025, 02:34 PM

Updated : 10 Sep 2026, 12:43 PM

আফগানিস্তানের দক্ষিণের হেলমান্দ প্রদেশে তালেবান যোদ্ধাদের সঙ্গে পাকিস্তানি সীমান্ত রক্ষী বাহিনীর সদস্যদের গুলি বিনিময়ের খবর পাওয়া গেছে। 

বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৯টার দিকে বাহরামচা জেলায় দুই পক্ষের মধ্যে এই সংঘর্ষ শুরু হয় বলে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম কাবুল নাও।

নতুন বানানো একটি টহল চৌকিতে তালেবান বাহিনী দুটি কনটেইনার নিয়ে যাওয়ার সময় তাদের লক্ষ্য করে পাকিস্তানি বাহিনী গুলিবর্ষণ শুরু করলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। 

আফগানিস্তানের স্থানীয় সময় সাড়ে ১১টার দিকেও ওই গুলিবিনিময় চলছিল বলে এক খবরে বলেছে যুক্তরাষ্ট্রভিত্তিক আরেকটি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আমু টিভি। 

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া পোস্টে আল-অ্যারাবিয়াও দুই পক্ষের মধ্যে সংঘর্ষের খবর দিয়েছে।

পরে সংঘর্ষ থামলেও সীমান্তে উত্তেজনা রয়েই গেছে, বলেছে কাবুল নাও।  

দুই পক্ষের এই গুলিবিনিময়ে এখন পর্যন্ত হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। 

এই ঘটনা নিয়ে তালেবান বা পাকিস্তানের কোনো কর্মকর্তারা মন্তব্য পাওয়া যায়নি।

২০২১ সালে তালেবান আফগানিস্তানের ক্ষমতায় ফেরার পর থেকে পাকিস্তানি বাহিনীর সঙ্গে তাদের টুকটাক সংঘর্ষ লেগেই আছে।  

গত বছর দুই পক্ষের মধ্যে একই ধরনের এক সংঘর্ষের কারণে তোরখাম সীমান্ত ক্রসিং প্রায় এক মাস বন্ধ ছিল।

সেপ্টেম্বরে আফগানিস্তানের খোস্ত প্রদেশ ও পাকিস্তানের কুররম জেলার মাঝে এক প্রাণঘাতী সংঘর্ষে অন্তত ১৬ তালেবান যোদ্ধা প্রাণ হারিয়েছিল, আহত হয়েছিল আরও ২৭ জন।