১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ট্রাম্পের শুল্কের চাপ মাথায় নিয়ে রাশিয়া সফরে ভারতের নিরাপত্তা উপদেষ্টা

রাশিয়ার তেল কেনা নিয়ে ভারতকে শুল্কবৃদ্ধির হুমকি দেওয়ার পর অতিরিক্ত আরও শুল্ক চাপিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট।  এর মধ্যেই রাশিয়া সফর করছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল।

ট্রাম্পের শুল্কের চাপ মাথায় নিয়ে রাশিয়া সফরে ভারতের নিরাপত্তা উপদেষ্টা
অজিত ডোভাল (ডান থেকে), নরেন্দ্র মোদী ও এস জয়শঙ্কর। ছবি: দ্য হিন্দুস্তান টাইমস

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2025, 10:39 PM

Updated : 26 Aug 2026, 01:31 PM

রাশিয়ার কাছ থেকে তেল কেনা নিয়ে ভারতকে যুক্তরাষ্ট্রের দেওয়া হুমকির তোয়াক্কা না করে এবং বাড়তি শুল্কের চাপের মধ্যেই মস্কো সফর করছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল।

ভারতের উপর ২৫ শতাংশ শুল্ক চাপানোর পর ২৪ ঘণ্টার মধ্যে তা আরও বাড়ানোর হুঁশিয়ারি মঙ্গলবারেই দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। কিন্তু এর পরোয়া না করে পরদিন বুধবার রাশিয়া সফরে যান অজিত ডোভাল।

ওদিকে, ট্রাম্পও নাছোড়বান্দা। কথামতো ২৪ ঘণ্টার মধ্যেই ভারতের ওপর বাড়তি আরও ২৫ শতাংশ শুল্ক চাপিয়েছেন তিনি। এর ফলে যুক্তরাষ্ট্রে ভারতের আমদানি পণ্যের ওপর মোট শুল্ক দাঁড়াচ্ছে ৫০ শতাংশে। 

ট্রাম্পের নির্বাহী আদেশ সইয়ের দিন থেকে ২১ দিন পর এই শুল্ক কার্যকর হবে। বুধবার রাতে মস্কোয় পৌঁছে যাওয়ার কথা ভারতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের।তার মধ্যেই এল এই বাড়তি শুল্কের চাপ।

বৃহস্পতিবার অজিত ডোভাল রাশিয়ার উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে একথা জানিয়েছে ভারতের পত্রিকা ‘দ্য হিন্দুস্থান টাইমস’। পত্রিকাটি অবশ্য বলেছে, ডোভালের এই সফরের দিনক্ষণ আগে থেকেই নির্ধারিত ছিল।

কিন্তু অতিসম্প্রতি ভারত-রাশিয়া বাণিজ্যিক সম্পর্ক নিয়ে যেভাবে ভারতকে নিশানা করে একের পর এক আক্রমণ শানিয়েছে যুক্তরাষ্ট্র, সেই প্রেক্ষাপটে ডোভালের এই সফরের তাৎপর্য অনেক বেড়ে গেছে। 

সরকারিভাবে ভারত ও রাশিয়া কেউই ডোভালের এই সফরের আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। আবার ডোভালের সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠক হওয়ার সম্ভাবনাও নাকচ করেননি সংশ্লিষ্ট কর্মকর্তারা।

রাশিয়ার রাষ্ট্রপরিচালিত বার্তা সংস্থা ‘তাস’ এর খবরে বলা হয়েছে,  এই সফর পরিকল্পিত। এর মূল লক্ষ্য, ভারত ও রাশিয়ার মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা। ভূ-রাজনৈতিক পরিস্থিতির বর্তমান অবস্থা নিয়েও বৈঠকে আলোচনা হবে। তাছাড়া, ভারতে রাশিয়ার তেল সরবরাহের মতো বিষয় নিয়েও আলোচনা হবে।

সফরকালে রাশিয়ার ঊর্ধ্বতন নিরাপত্তা ও প্রতিরক্ষা কর্মকর্তাদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করবেন অজিত ডোভাল। বৈঠকে আঞ্চলিক স্থিতিশীলতা, সন্ত্রাসবাদ দমনের মতো বিষয়ে আলোচনা হতে পারে। 

আরও যেসব বিষয় আলোচনায় আসতে পারে সেগুলো হল: এস-৪০০ এয়ার ডিফেন্স সিস্টেম। ইতোমধ্যেই ভারত এস-৪০০-মডেলের ৩টি সিস্টেম পেয়েছে। বাকি ২টির ডেলিভারি নিয়ে আলোচনা হবে।

সস্তা অপরিশোধিত তেল ভারতে দীর্ঘমেয়াদে আমদানির জন্য বিশেষ কৌশল নির্ধারণ নিয়েও আলোচনা হতে পারে। কৌশলগত সম্পর্ক জোরদার: রাশিয়ার সঙ্গে সামরিক ও কূটনৈতিক সম্পর্ক আরও গভীর করা নিয়ে আলোচনা হতে পারে।

কথা হতে পারে আফগানিস্তান পরিস্থিতি এবং কাবুলের তালেবান সরকারকে রাশিয়ার স্বীকৃতি দেওয়ার সাম্প্রতিক সিদ্ধান্ত নিয়েও। ডোভালের পর চলতি মাসের শেষের দিকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করেরও রাশিয়ায় যাওয়ার কথা রয়েছে।

রাশিয়ার কাছ থেকে ভারতের তেল এবং অস্ত্র কেনা নিয়ে নাখোশ ট্রাম্প। গত বুধবারই ভারতীয় পণ্যের উপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করার কথা ঘোষণা করেছিলেন তিনি।

পাশাপাশি, রাশিয়ার কাছ থেকে তেল এবং অস্ত্র কেনার জন্য ভারতকে জরিমানাও দিতে হবে বলে তিনি জানিয়েছিলেন। আরেক ধাপ সুর চড়িয়ে সোমবার ভারতকে সরাসরি শুল্ক-হুমকিও দেন ট্রাম্প। 

সেই হুঁশিয়ারির কড়া প্রতিক্রিয়া জানায় ভারতও। সোমবার রাতেই ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয় থেকে জানানো হয়, রাশিয়ার কাছ থেকে তেল কেনা নিয়ে নয়াদিল্লিকে বার বার উদ্দেশ্যপ্রণোদিত ভাবে নিশানা করছে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন। এটি শুধু অন্যায্যই নয়, অযৌক্তিকও।

তবে এর তোয়াক্কা না করে মঙ্গলবার ট্রাম্প ফের জানান, ২৪ ঘণ্টার মধ্যে ভারতের উপর আরও শুল্ক চাপতে চলেছে। আর বুধবারেই ভারতের ওপর সেই অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করলেন তিনি।