১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

সিরিয়ায় হামলায় যোগ, আল কায়েদা সংশ্লিষ্ট নেতাকে হত্যা করল মার্কিন বাহিনী

নিহত বিলাল হাসান আল-জসিমের ‘সরাসরি সংযোগ’ ছিল জঙ্গিগোষ্ঠী আইএসআইএসের এক বন্দুকধারীর সঙ্গে; গত ১৩ ডিসেম্বর সিরিয়ার পালমিরাতে যুক্তরাষ্ট্র ও সিরীয় সেনা সদস্যদের হতাহতের ঘটনায় ওই বন্দুকধারী জড়িত ছিল।

সিরিয়ায় হামলায় যোগ, আল কায়েদা সংশ্লিষ্ট নেতাকে হত্যা করল মার্কিন বাহিনী
সিরিয়ায় আইএসআইএসের নিশানায় হামলা চালাতে অপারেশ হকি স্ট্রাইকে সহায়তা করতে মার্কিন সেন্ট্রাল কমান্ডের এক ঘাঁটি থেকে উড়ল এ কেসি-১৩৫ স্ট্র্যাটোট্যাঙ্কার এয়ারক্রাফট। ফাইল ছবি। ছবি: মার্কিন বিমান বাহিনী/রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2026, 11:55 AM

Updated : 26 Aug 2026, 05:35 PM

গত মাসে সিরিয়ায় মার্কিনিদের ওপর জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের হামলার সঙ্গে সংযোগ থাকা আল-কায়েদা সংশ্লিষ্ট এক নেতাকে শুক্রবার মার্কিন সামরিক বাহিনী হত্যা করেছে।

শনিবার এক বিবৃতিতে মধ্যপ্রাচ্য ও আশপাশের অঞ্চলে সক্রিয় মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম এ খবর দিয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। 

নিহত বিলাল হাসান আল-জসিমের ‘সরাসরি সংযোগ’ ছিল জঙ্গিগোষ্ঠী আইএসআইএসের এক বন্দুকধারীর সঙ্গে; গত ১৩ ডিসেম্বর সিরিয়ার পালমিরাতে যুক্তরাষ্ট্র ও সিরীয় সেনা সদস্যদের হতাহতের ঘটনায় ওই বন্দুকধারী জড়িত ছিল, বলছে সেন্টকম।

“তিন মার্কিন নাগরিকের মৃত্যুর সঙ্গে সংযোগ থাকা এক সন্ত্রাসীর নিহত হওয়া প্রমাণ করে যে, আমাদের বাহিনীর ওপর যারা হামলা চালায়, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ,” বিবৃতিতে বলেছেন মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার। 

১৩ ডিসেম্বরের পর থেকে মার্কিন বাহিনী সিরিয়ায় একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে। ইতিমধ্যেই শতাধিক আইএসআইএস নিশানায় হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে মার্কিন সামরিক বাহিনী।

“কখনো ভুলবো না আমরা, কখনো থামবো না,” সেন্টকমের বিবৃতিসহ এক্সে দেওয়া পোস্টে বলেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।