১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

মার্কিন সেনাদের অবস্থান ফাঁস ঠেকাতে বন্ধ করা হল ডিভাইসের বিজ্ঞাপন ট্র্যাকার

পশ্চিম এশিয়ায় মার্কিন সেনাদেরকে হামলার লক্ষ্যবস্তু করতে বাণিজ্যিকভাবে কেনা লোকেশন ডেটা ব্যবহার করা হয়েছে—এমন খবর প্রকাশের পর নতুন এই সতর্কতামূলক পদক্ষেপ নিল যুক্তরাষ্ট্র।

মার্কিন সেনাদের অবস্থান ফাঁস ঠেকাতে বন্ধ করা হল ডিভাইসের বিজ্ঞাপন ট্র্যাকার
মার্কিন সেনেটর রন ওয়াইডেন। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 04 Sep 2026, 11:27 PM

Updated : 17 Sep 2026, 02:54 AM

পশ্চিম এশিয়ায় মোতায়েন থাকা মার্কিন সেনাদের অবস্থানভিত্তিক ডেটা ব্যবহার করে শত্রু পক্ষ যেন হামলা চালানো বা অবস্থান শনাক্ত করতে না পারে সেজন্য সামরিক বাহিনীর ব্যবহৃত ফোন ও কম্পিউটারগুলোতে বিজ্ঞাপনী ট্র্যাকার বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মার্কিন সামরিক কর্মকর্তারা।

শুক্রবার মার্কিন সেনেটর রন ওয়াইডেনের প্রকাশিত চিঠি এবং বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সামরিক বাহিনীর বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। পশ্চিম এশিয়ায় মার্কিন সেনাদেরকে হামলার লক্ষ্যবস্তু করতে বাণিজ্যিকভাবে কেনা লোকেশন ডেটা ব্যবহার করা হয়েছে—এমন খবর প্রকাশের পর নতুন এই সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হল।

মার্কিন বিমানবাহিনী জানিয়েছে, তারা দুই মাস আগেই কম্পিউটার ও মোবাইল ফোনের বিজ্ঞাপন শনাক্তকারী (আইডি) বন্ধ করেছে। স্পেশাল অপারেশনস কমান্ড আলাদা চিঠিতে জানায়, সম্প্রতি তাদের উইন্ডোজ ডিভাইসগুলোতেও এসব আইডি নিষ্ক্রিয় করা হয়েছে।

সেনাবাহিনী রয়টার্সকে জানিয়েছে, চলতি বছরের শুরু থেকে মোবাইল ডিভাইসের সঙ্গে যুক্ত বিজ্ঞাপন আইডিগুলো নিষ্ক্রিয় বা বন্ধ করে দেওয়া হয়েছে।

প্রকাশিত তথ্য বা নথিগুলো যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান জাতীয় নিরাপত্তা উদ্বেগই সামনে নিয়ে এসেছে। কারণ, বিভিন্ন বিজ্ঞাপনী কোম্পানি মোবাইল বা ডিভাইসের লোকেশন ট্র্যাক করে তথ্য জমা করে এবং পরে সেই তথ্যগুলো ডেটা ব্রোকারদের কাছে বিক্রি করে দেয়। আর সেই তথ্য যুদ্ধক্ষেত্রে মোতায়েন সামরিক কর্মকর্তাদের অবস্থান শনাক্ত করা এবং হামলার লক্ষ্যবস্তু বানাতে ব্যবহার করা যেতে পারে।

স্মার্টফোনের মাধ্যমে তৈরি হওয়া লোকেশন ডাটা বা অবস্থানের তথ্য কমিয়ে আনার এই প্রচেষ্টা এমন এক সময়ে চলছে, যখন মার্কিন সামরিক কর্মকর্তারা সামগ্রিকভাবে সেনাদের ফোন ব্যবহারের ওপর আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপ করার কথা ভাবছেন।

গত জুলাইয়ে রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছিল, পশ্চিম এশিয়ায় মোতায়েন কিছু মার্কিন সেনার কাছ থেকে শিগগির মোবাইল ফোন জমা নেওয়া বা জব্দ করার নির্দেশ দেওয়া হতে পারে। কারণ, সেনাদের মোবাইল ফোনে ধারণ করা ভিডিও অনলাইনে শেয়ার হলে তা ইরানের জন্য আঞ্চলিক মার্কিন ঘাঁটিগুলোকে হামলার নিশানা করার ক্ষেত্রে সহায়ক হতে পারে।

নর্থ ক্যারোলাইনার রিপাবলিকান প্রতিনিধি প্যাট হ্যারিগান এবং সেনেটর ওয়াইডেন শুক্রবার প্রতিরক্ষা বিভাগের সদরদপ্তর পেন্টাগনে একটি চিঠি পাঠিয়েছেন, যেখানে সামরিক বাহিনী অবস্থান সংক্রান্ত তথ্য ব্যবসার ঝুঁকিগুলো সঠিকভাবে মোকাবেলা করেছে কিনা তা তদন্ত করে দেখার অনুরোধ জানানো হয়েছে।

চিঠিতে সামরিক ডিভাইসে বিজ্ঞাপনী আইডি নিষ্ক্রিয় করার পদক্ষেপ সম্পর্কে বিভিন্ন সেবা শাখার (সেনা, নৌ বা বিমান বাহিনী) হালনাগাদ তথ্যও দেওয়া হয়।

ওয়াইডেন বলেন, “এটি স্পষ্ট যে সামরিক বাহিনীর পদক্ষেপ এখনও হুমকি পুরোপুরি দূর করতে কার্যকর হয়নি।” ওদিকে, হ্যারিগান বলেন, “যুক্তরাষ্ট্রের শত্রুরা যেন কেবল একটি ক্রেডিট কার্ড ব্যবহার করে মার্কিন সেনাদের অবস্থানসংক্রান্ত তথ্য কিনতে না পারে।”

পেন্টাগন জানিয়েছে, তারা আইনপ্রণেতাদের কাছে সরাসরি এ বিষয়ে জবাব দেবে।

মোবাইল অ্যাডভারটাইজিং আইডি (এমএআইডি) হল প্রতিটি ডিভাইসের জন্য নির্ধারিত একটি স্বতন্ত্র শনাক্তকারী নম্বর, যা কোনও ব্যক্তির বিভিন্ন মোবাইল অ্যাপ ব্যবহারের ইতিহাস এবং তার নিখুঁত ভৌগোলিক অবস্থান ট্র্যাক করতে ব্যবহার করা হয়।

গোপনীয়তাবিষয়ক বিজ্ঞাপন প্রযুক্তি কোম্পানি ‘ডিক্রিপ্টঅ্যাডস’- এর সহপ্রতিষ্ঠাতা জ্যাক এডওয়ার্ডস বলেন, সামরিক ডিভাইসে এমএআইডি বন্ধ করা অবশ্যই ইতিবাচক পদক্ষেপ। এতে সেনাদের অবস্থানের তথ্য বৃহৎ পরিসরে বিক্রি হওয়া লোকেশন ডেটাসেটে যাওয়ার ঝুঁকি কমবে। 

যদিও তিনি সতর্ক করে বলেছেন যে, সেনা সদস্যদের এখনও অন্যান্য আরও জটিল উপায়ে অ্যাপের মাধ্যমে ট্র্যাক করা যেতে পারে। যেমন: নেটওয়ার্ক ডেটা বা অবস্থান বিষয়ক তথ্যের সঙ্গে ডিভাইসের প্রযুক্তিগত খুঁটিনাটি মিলিয়ে তা করা যেতে পারে।