Published : 18 Nov 2025, 10:52 AM
মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের গাজা পরিকল্পনায় সমর্থন দিয়ে যুক্তরাষ্ট্রের উত্থাপন করা একটি খসড়া প্রস্তাবনা জাতিসংঘ নিরাপত্তা পরিষদ অনুমোদন করলেও ফিলিস্তিনি ছিটমহলটির শাসকদল হামাস তা প্রত্যাখ্যান করেছে।
রয়টার্স জানিয়েছে, ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটি ওই নিষ্পত্তি নিয়ে আপত্তি তুলে বলেছে, এটি ফিলিস্তিনিদের দাবি ও অধিকার পূরণে ব্যর্থ হয়েছে এবং ছিটমহলটির ওপর একটি আন্তর্জাতিক কর্তৃত্ব আরোপ করতে চাইছে, কিন্তু ফিলিস্তিনিরা ও প্রতিরোধ শক্তিগুলো এর বিরোধিতা করে।
টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে হামাস বলেছে, “গাজা ভূখণ্ডের ভেতরে প্রতিরোধ শক্তিগুলোকে নিরস্ত্র করাসহ আন্তর্জাতিক বাহিনীকে বিভিন্ন কাজ ও ভূমিকা পালনের দায়িত্ব দেওয়া হলে তা এই বাহিনীর নিরপেক্ষতা হরণ করবে এবং এটিকে সংঘাতে দখলদারদের (ইসরায়েল) পক্ষের একটি দলে পরিণত করবে।”
হামাস জানিয়েছে, তারা তাদের ভূখণ্ডে বিদেশি বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত মেনে নেবে না।
মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ২০ দফা গাজা শান্তি পরিকল্পনায় ফিলিস্তিনি ভূখণ্ডে একটি আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনী (আইএসএফ) মোতায়েনের কথা বলা হয়েছে। যুক্তরাষ্ট্র বলছে, কয়েকটি দেশ এই বাহিনীতে অবদান রাখতে আগ্রহ দেখিয়েছে।
বিবিসি জানিয়েছে, সোমবার ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদের ভোটাভুটিতে প্রস্তাবটির পক্ষে ভোট দেয় ১৩টি দেশ, এর মধ্যে ছিল যুক্তরাজ্য, ফ্রান্স ও সোমালিয়া। কোনো দেশ প্রস্তাবের বিপক্ষে ভোট দেয়নি। রাশিয়া ও চীন ভোটদানে বিরত ছিল।
ইসরায়েল ও ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস অক্টোবরে ট্রাম্পের ২০ দফা গাজা শান্তি পরিকল্পনার প্রথম পর্বে সম্মতি দিয়েছিল। ওই পর্বে দুই বছর ধরে চলা গাজা যুদ্ধ অস্ত্রবিরতির মাধ্যমে বন্ধ রাখার সিদ্ধান্ত ও জিম্মি-বন্দি বিনিময়ের চুক্তি হয়েছিল।
কিন্তু জাতিসংঘের নিষ্পত্তিকে একটি অন্তর্বর্তীকালীন শাসনব্যবস্থাকে বৈধতা দেওয়ার জন্য গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে আর যেসব দেশ গাজায় সেনা পাঠানোর কথা বিবেচনা করছে এটি তাদেরও ভরসা যোগাচ্ছে।
হামাস প্রত্যাখ্যান করলেও ফিলিস্তিন কর্তৃপক্ষ জাতিসংঘের নিষ্পত্তিকে স্বাগত জানিয়েছে। এক বিবৃতিতে তারা বলেছে, তারা এর বাস্তবায়নের অংশ হতে প্রস্তুত।
আরও পড়ুন:
ট্রাম্পের গাজা পরিকল্পনায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অনুমোদন