১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

শান্তি আলোচনার আগে নেটোতে যোগ দেওয়ার স্বপ্ন বাদ দিলেন জেলেনস্কি

পশ্চিমা দেশগুলোর কাছ থেকে নিরাপত্তার নিশ্চয়তা লাভের বিনিময়ে রাশিয়ার সঙ্গে যুদ্ধ শেষ করতে আপোস করেই এই সিদ্ধান্ত নিয়েছেন ইউক্রেইনের প্রেসিডেন্ট।

শান্তি আলোচনার আগে নেটোতে যোগ দেওয়ার স্বপ্ন বাদ দিলেন জেলেনস্কি
ভলোদিমির জেলেনস্কি। ছবি: রয়টার্স

রয়টার্স

Published : 14 Dec 2025, 10:50 PM

Updated : 26 Aug 2026, 05:19 PM

রাশিয়ার সঙ্গে শান্তিচুক্তির চেষ্টায় পশ্চিমা সামরিক জোট নেটোতে ইউক্রেইনের সদস্যপদ পাওয়ার আকাঙ্খা পরিহার করলেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

পশ্চিমা দেশগুলোর কাছ থেকে নিরাপত্তার নিশ্চয়তা লাভের বিনিময়ে রাশিয়ার সঙ্গে যুদ্ধ শেষ করতে আপোস করেই এই সিদ্ধান্ত নিলেন ইউক্রেইনের প্রেসিডেন্ট।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ, ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার এবং ইউক্রেইনের প্রেসিডেন্ট জেলেনস্কি জার্মানির বার্লিনে পৌঁছেছেন নতুন দফা শান্তি আলোচনার জন্য।

সেই আলোচনার আগেই জেলেনস্কি ইউক্রেইনের নেটো সদস্যপদ পাওয়ার স্বপ্ন ত্যাগের এই সিদ্ধান্ত জানালেন।

রোববার তিনি বলেন, যুক্তরাষ্ট্র, ইউরোপ এবং অন্যান্য মিত্রদের কাছ থেকে নিরাপত্তার নিশ্চয়তা পাওয়ার বিনিময়ে নেটো সদস্যপদের আশা ছেড়ে দেওয়াটা ইউক্রেইনের পক্ষ থেকে এক আপোস।

এর মধ্য দিয়ে ইউক্রেইন তার আগের অবস্থান থেকে অনেকখানি সরে এল। এতদিন রাশিয়ার হামলার বিরুদ্ধে রক্ষাকবচ হিসাবে ইউক্রেইন নেটো জোটে যোগ দেওয়ার জন্য লড়াই করে আসছিল।

ইউক্রেইনের সংবিধানেও এ ধরনের আকাঙ্খার উল্লেখ ছিল। এখন এই স্বপ্ন পরিহারের মধ্য দিয়ে রাশিয়ার ইউক্রেইনে আগ্রাসনের একটি লক্ষ্যও পূরণ হল। যদিও রাশিয়ার আরেক লক্ষ্য- মস্কোর কাছে ইউক্রেইনের ভূখণ্ড ছাড়ের বিষয়টি কিইভ এখনও মানতে রাজি হয়নি।

নেটো সদস্যপদের বিষয়ে হোয়াটসঅ্যাপের চ্যাটে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জেলেনস্কি বলেন, “শুরু থেকেই ইউক্রেইনের অভিলাষ ছিল নেটো সদস্যপদ পাওয়া। এটি ছিল বাস্তবিকই নিরাপত্তার এক নিশ্চয়তা। কিন্তু যুক্তরাষ্ট্র এবং ইউরোপের কিছু মিত্র এ চেষ্টাকে সমর্থন দেয়নি।

“আজ ইউক্রেইন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপক্ষীয় নিরাপত্তার নিশ্চয়তা, যুক্তরাষ্ট্রের কাছ থেকে আমাদের জন্য নেটোর আর্টিকেল-৫ ধাঁচের নিরাপত্তার নিশ্চয়তা এবং ইউরোপের মিত্রদেশগুলোর পাশাপাশি কানাডা ও জাপানের মতো অন্যান্য দেশগুলোর কাছ থেকে নিরাপত্তার নিশ্চয়তা ভবিষ্যতে ফের রাশিয়ার হামলা থেকে ইউক্রেইনকে সুরক্ষিত রাখার একটি সুযোগ।

“আর এটি আমাদের দিক থেকে ইতোমধ্যেই একটি আপোস।” নিরাপত্তার এই নিশ্চয়তা আইনি বাধ্যবাধকতায় বাঁধা থাকা উচিত বলেও মন্তব্য করেন জেলেনস্কি।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বারবারই ইউক্রেইনের কাছে নেটো সদস্যপদের চেষ্টা ছেড়ে দেওয়ার দাবি জানিয়ে এসেছেন। একইসঙ্গে তার দাবি, এখনও কিইভের দখলে থাকা ডনবাসের প্রায় ১০ শতাংশ এলাকা থেকে যেন ইউক্রেইন তাদের সেনা সরিয়ে নেয়।

পুতিনের আরও দাবি হচ্ছে, ইউক্রেইনকে একটি নিরপেক্ষ দেশ হতে হবে এবং ইউক্রেইনের মাটিতে কোনও নেটো সেনা মোতায়েন হতে পারবে না।