১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

দুর্নীতি দমন অভিযানের পর জেলেনস্কির চিফ অব স্টাফের পদত্যাগ

ইউক্রেইনের প্রেসিডেন্টের চিফ অব স্টাফ আন্দ্রি ইয়ারমাক ভুল কিছু করার অভিযোগে অভিযুক্ত না হলেও বাড়তে থাকা কেলেঙ্কারি নিয়ে চাপে ছিলেন।

দুর্নীতি দমন অভিযানের পর জেলেনস্কির চিফ অব স্টাফের পদত্যাগ
ইয়ারমাক ও জেলেনস্কি। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2025, 11:27 PM

Updated : 26 Aug 2026, 05:12 PM

ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির চিফ অব স্টাফ আন্দ্রি ইয়ারমাকের বাসায় অভিযান চালিয়েছে দুর্নীতি দমন সংস্থা।  এরপরই পদত্যাগ করেছেন ইয়ারমাক।

৫৪ বছর বয়সী ইয়ারমাক ইউক্রেইনে রাশিয়ার যুদ্ধে এই পুরোটা সময়ই জেলেনস্কির ঘনিষ্ঠ উপদেষ্টা ছিলেন। তিনি ভুল কিছু করার অভিযোগে অভিযুক্ত না হলেও বাড়তে থাকা কেলেঙ্কারি নিয়ে চাপের মুখে ছিলেন।

সম্প্রতি ইয়ারমাককে ইউক্রেইন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনাতেও প্রধান আলোচক হিসাবে নিয়োগ করেছিলেন জেলেনস্কি।

তার পদত্যাগের পর জেলেনস্কি জাতির উদ্দেশে এক ভাষণে ঐক্যের আহ্বান জানিয়েছেন। সতর্ক করে দিয়ে তিনি বলেছেন, “আমরা সবকিছু হারানোর ঝুঁকিতে আছি: আমাদের নিজেকে, ইউক্রেইনকে এবং আমাদের ভবিষ্যতকেও।”

ইউক্রেইনের দুর্নীতি-দমন সংস্থাগুলো গত শুক্রবার সকালের দিকে সরকারি কোয়ার্টারগুলোতে ইয়ারমাকের বাড়িতে অভিযান চালায়। স্যোশাল মিডিয়ায় ইয়ারমাক বলেন, তিনি তার দিক থেকে পূর্ণ সহযোগিতা করছেন।

জেলেনস্কি শুক্রবার ভিডিওতে এক ভাষণে ইউক্রেইন যুদ্ধ অবসানের আলোচনায়ি ইয়ারমাকের ভূমিকার প্রশংসা করেছেন। ইয়ারমাক সবসময় আলোচনায় ‘দেশপ্রেমিক অবস্থান বজায় রেখেছেন’ বলে উল্লেখ করেন তিনি।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের খসড়া শান্তি পরিকল্পনার অংশ হিসাবে মার্কিন সেনাবাহিনীর সেক্রেটারি ড্যান ড্রিসকলের এ সপ্তাহান্তেই ইউক্রেইনে যাওয়ার কথা রয়েছে। 

তার আগে দিয়ে ইউক্রেইনের নেতৃস্থানীয় অবস্থান থেকে ইয়ারমাকের সরে দাঁড়ানো জেলেনস্কির জন্য এক বড় ধাক্কা। 

ট্রাম্পের শান্তি পরিকল্পনা অনুযায়ী রাশিয়ার কাছে ইউক্রেইনের ভুমি ছাড় না দেওয়ার বিষয়ে অটল ছিলেন জেলেনস্কির চিফ অব স্টাফ ইয়ারমাক। তিনি একটি সাক্ষাৎকারে এও বলেছিলেন যে, পদ থেকে সরে দাঁড়ানোর জন্য তার ওপর প্রচণ্ড চাপ আছে।