১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

লেবাননে ঘড়ির গোলমাল

দেশটির মুসলমান প্রধানমন্ত্রী ‘ডেলাইট সেভিংস’ সময়সূচি রোজার কারণে পিছিয়ে দিয়েছে, তাতে আপত্তি তুলেছে খ্রিস্টান সম্প্রদায়।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2023, 07:07 PM

Updated : 26 Mar 2023, 07:06 PM

অর্থনৈতিক দুর্দশায় থাকা মধ্যপ্রাচ্যের দেশ লেবাননে দেখা দিয়েছে আরেক সংকট। এটা দেখা দিয়েছে শীতকালীন সময়সূচি নিয়ে।

সোমবার বিবিসি ও সিএনএনের প্রতিবেদনে জানানো হয়, বৃহস্পতিবার লেবাননের তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি ঘোষণা করেন এ বছর ‘ডেলাইট সেভিংস’ সূচি শুরু হবে রমজান মাস শেষে, অর্থাৎ ২০ এপ্রিল থেকে।

প্রধানমন্ত্রী এই সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা না করলেও বিবিসি বলছে, মুসলিমদের রোজা পালনের সুবিধা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে রাজনৈতিকভাবে নাজিবের জনপ্রিয়তা বাড়ে।

আর এতেই বেঁধেছে গোল; কারণ সেদেশের খ্রিস্টান সম্প্রদায় এই সিদ্ধান্তের বিরোধিতায় সরব হয়েছে।

দিনের আলোর সর্বোচ্চ ব্যবহারের জন্য সাধারণত প্রতি বছর মার্চ মাসের শেষ রোববার লেবাননে ‘ডেলাইট সেভিং’ সময়সূচি পরিবর্তনের চল রয়েছে। সে অনুযায়ী এই বছর ২২ মার্চ থেকে ঘড়ির কাঁটা বদলে যাওয়ার কথা।

কিন্তু প্রধানমন্ত্রী নাজিবের অপ্রত্যাশিত ঘোষণায় দেশের মানুষ এখন বিভক্ত হয়ে পড়েছে।

রাজনৈতিক ও ধর্মীয়ভাবে লেবানন মূলত দুই অংশে বিভক্ত - মুসলিম ও খ্রিস্টান। সরকারও দুই সম্প্রদায়ের প্রতিনিধিত্বে গঠিত।

বর্তমানে মুসলিম প্রধানমন্ত্রীর ঘোষণার পর লেবাননের ক্রিশ্চিয়ান ম্যারোনাইট গির্জা বলেছে, সরকারের এমন ঘোষণায় তারা ‘অবাক’।

লেবাননের বেশ কয়েকটি প্রভাবশালী গোষ্ঠী এই ঘড়ির কাঁটা পরিবর্তনের সিদ্ধান্ত না মানার ঘোষণা দিয়েছে। তারা মার্চের শেষ রোববার থেকেই ‘ডেলাইট সেভিং’ সময়সূচি মেনে চলার কথাও জানিয়েছে। এর মধ্যে রয়েছে লেবাননের দুটি বড় সংবাদ মাধ্যম এলবিসিআই ও এমটিভি।

দেশটির জাতীয় পতাকাবাহী বিমান সংস্থা মিডল ইস্ট এয়ারলাইনস জানিয়েছে, তাদের ঘড়ি ও অন্যান্য ইলেকট্রনিক যন্ত্রের সময়সূচি দেশের শীতকালীন ঘড়ির কাঁটা অনুযায়ী পরিবর্তন করা হবে, তবে আন্তর্জাতিক সূচির বিভ্রাট এড়াতে ফ্লাইটের সময়সূচি বদলে যাবে।

সংকট আরও বেড়েছে কারণ সরকারের এই ‘ঘড়ির কাঁটা বদল’ এক মাস পেছানোর সিদ্ধান্ত অনেক মোবাইল অপারেটরকে আগে জানানো হয়নি। ফলে অনেকের মোবাইল ফোন, কম্পিউটার ও অন্যান্য ইলেকট্রনিক যন্ত্রে এরইমধ্যে শীতকালীন সূচি চালু হয়ে গেছে।