ভারতে চিকিৎসককে ছুরিকাঘাত, নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ
মায়ের চিকিৎসায় অসন্তুষ্ট এক ব্যক্তি চেন্নাইয়ের একটি সরকারি হাসপাতালের চিকিৎসককে বেশ কয়েকবার ছুরিকাঘাত করেন।
ভারতে তামিলনাড়ুর চেন্নাইয়ে এক চিকিৎসকের ওপর ছুরি হামলার ঘটনায় দেশটির চিকিৎসকদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।
পুলিশ জানিয়েছে, মায়ের চিকিৎসায় অসন্তুষ্ট এক ব্যক্তি চেন্নাইয়ের একটি সরকারি হাসপাতালের চিকিৎসক ক্যান্সার বিশেষজ্ঞ ডাঃ বালাজি জগনাথনকে বেশ কয়েকবার ছুরিকাঘাত করে। বুধবার(১৩ নভেম্বর) ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি। তবে বর্তমানে চিকিৎসকের অবস্থা স্থিতিশীল এবং হামলাকারীকে পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে।
ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (আইএমএ) এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে ৭৫ শতাংশেরও বেশি চিকিৎসক কোনও না কোনও ধরনের সহিংসতার শিকার হয়েছেন। এর মধ্যে ৬৮ দশমিকক ৩৩ শতাংশ চিকিৎসক আক্রমণের শিকার হয়েছেন রোগীর স্বজনদের হাতে।
কয়েক মাস আগে ভারতের পশ্চিমবঙ্গে কলকাতার আর জি কর হাসপাতালে শিক্ষানবীশ এক চিকিৎসককে ধর্ষণের পর হত্যার ঘটনা ঘটে। এই ধর্ষণ ও হত্যার বিচার চেয়ে দেশব্যাপী প্রতিবাদের ঝড় ওঠে। তখন থেকেই শুরু হয় ভারতে জুড়ে চিকিৎসকদের অনিরাপদ কাজের পরিবেশ নিয়ে সমালোচনার ঝড়।
বুধবার ডাঃ জগনাথন হামলাকারীর মায়ের চিকিৎসা করছিলেন। রোগী সম্প্রতি ওভারিয়ান ক্যান্সারে আক্রান্ত হয়েছেন।
সূত্রের খবর অনুযায়ী, একদিন আগেই ওই ব্যক্তিকে চিকিৎসকের সঙ্গে তর্ক করতে দেখা গিয়েছিল। পরের দিন, তিনি ডাঃ জগনাথনের কক্ষে প্রবেশ করে দরজা বন্ধ করে দেন। পরবর্তীতে রান্নাঘরের ছুরি দিয়ে তাকে সাতবার ছুরিকাঘাত করেন।
বের হওয়ার পথে হাসপাতালের কর্মীরা তাকে ধরে পুলিশ হেফাজতে নেয়। ওদিকে, চিকিৎসক জগনাথন মাথা, ঘাড়, পিঠ ও কানে আঘাত পাওয়ায় এরই মধ্যে তার অস্ত্রোপচার করা হয়েছে বলে জানিয়েছে বিবিসি।
বর্তমানে তার অবস্থা স্থিতিশীল। হাসপাতালের পরিচালক ডাঃ এল পার্থ সারথী বুধবার সাংবাদিকদের বলেন, "চিকিৎসকদের একটি দল তাকে আইসিইউ-তে পর্যবেক্ষণ করছে।
এই ঘটনায় তামিলনাড়ু রাজ্য জুড়ে প্রতিবাদের ঝড় উঠেছে। চেন্নাইয়ের বেশ কয়েকটি ডাক্তার ইউনিয়ন পরিষেবা সম্পূর্ণ কর্মবিরতির হুমকি দিয়েছে। দেশের চিকিৎসা পেশাদারদের বৃহত্তম ইউনিয়ন আইএমএ- এই হামলার নিন্দা জানিয়েছে এবং চিকিৎসকদের বিরুদ্ধে সহিংসতা রোধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।
তামিলনাড়ুর বিরোধী দলগুলিও এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছে এবং রাজ্যে আইনশৃঙ্খলা বজায় রাখতে ব্যর্থতার জন্য সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলেছে। উপমুখ্যমন্ত্রী উদয়নিধি স্ট্যালিন বুধবার হাসপাতাল পরিদর্শন করেন এবং হামলাকারীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
