Published : 02 Jul 2026, 07:48 PM
ভারত ও জাপানের দ্বিপক্ষীয় সম্পর্কের ইতিহাসে এক অভূতপূর্ব মুহূর্তের সাক্ষী থাকল দিল্লি। তিন দিনের রাষ্ট্রীয় সফরে ভারতে গেছেন জাপানের নবনিযুক্ত প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। আর প্রথম সফরেই তাকে উষ্ণ অভ্যর্থনায় ভাসিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
কেবল কূটনৈতিক প্রোটোকলই নয়, তাকাইচিকে ‘আমার ছোট বোন’ বলে সম্বোধন করে ভারত-জাপান বন্ধুত্বকে নতুন উচ্চতায় নিয়ে গেছেন তিনি। ১৬তম ভারত-জাপান বার্ষিক শীর্ষ সম্মেলনে দুই রাষ্ট্রনেতার এই রসায়ন এখন আন্তর্জাতিক মহলে আলোচনায়।
জাপানের প্রধানমন্ত্রী পদে বসার পর এটাই সানায়ে তাকাইচির প্রথম ভারত সফর। ফলে এই সফরকে ঘিরে দু’দেশের কূটনৈতিক মহলে ব্যাপক তৎপরতা ছিল। তবে আনুষ্ঠানিক বৈঠক শুরুর আগেই মোদী ও তাকাইচির ব্যক্তিগত সম্পর্কের রসায়ণ সবাইকে চমকে দিয়েছে।
ভারতে পৌঁছনোর পর সানায়ে তাকাইচি ইনস্টাগ্রামে তার সফরের ছবি শেয়ার করেছেন। জবাবে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে উষ্ণভাবে স্বাগত জানিয়ে লিখেছেন, “ভারতে স্বাগতম, জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি, আমার ছোট বোন। আপনার প্রথম ভারত সফর আয়োজন করতে পেরে আমরা আনন্দিত।”
তিনি জাপানের প্রধানমন্ত্রীকে একজন দূরদর্শী ও জনপ্রিয় নেত্রী হিসেবেও বর্ণনা করেন। ওদিকে, সফরে যাওয়া জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচিও মোদীর সঙ্গে তার ঘনিষ্ঠ ব্যক্তিগত সম্পর্কের বিষয়টি তুলে ধরেন।
‘সুন্দর ছোট বোন’ হিসেবে মোদীর সম্বোধনের কথা উল্লেখ করে তিনি বলেন যে, "আমাদের লক্ষ্য একই এবং আমরা এই সম্পর্ককে ভাই-বোন হিসাবেই গড়ে তুলব।"
ভারত ও জাপান কৌশলগত সহযোগিতা আরও গভীর করবে এবং আন্তর্জাতিক শৃঙ্খলাকে সম্মান করবে জানিয়ে তাকাইচি বলেন,
“আমরা ভারত ও জাপানের মধ্যে কৌশলগত সহযোগিতা আরও বাড়াব। আঞ্চলিক শান্তির জন্য সামুদ্রিক নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা ভারত মহাসাগরে মহড়া বাড়াব।”
বুধবার তাকাইচি নয়াদিল্লিতে পৌঁছান। তার এই সফরে বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা, প্রযুক্তি এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে সহযোগিতাসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বৃহস্পতিবার দুই দেশের মধ্যে ৪টি গুরুত্বপূর্ণ চুক্তি সই হয়েছে।
ভারতের প্রধানমন্ত্রী মোদী বলেছেন, বিশ্বব্যাপী অস্থিরতার এই আবহে পারস্পরিক বিশ্বাস সবচেয়ে গুরুত্বপূর্ণ। দুই দেশের অংশীদারিত্ব পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। তাকাইচির এই সফর বিশ্ব অংশীদারিত্বের এক নতুন অধ্যায়ের সূচনা করেছে।
তিনি বলেন, ভারত ও জাপান বিশ্বের অন্যতম বৃহত্তম অর্থনীতি। আমরা শান্তি ও স্থিতিশীলতার পথ প্রশস্ত করব।