২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

ট্রাম্পের নৈশভোজে গুলি: যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে অভিযুক্তের

যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ জানিয়েছেন, অভিযুক্ত মূলত ট্রাম্পকে লক্ষ্য করেই হামলাটি চালিয়েছেন বলে তদন্তকারীদের ধারণা।

ট্রাম্পের নৈশভোজে গুলি: যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে অভিযুক্তের
ঘটনাস্থলে আটকের পর হামলাকারী কোল টমাস অ্যালেন। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2026, 03:17 PM

Updated : 26 Aug 2026, 03:30 PM

ওয়াশিংটন ডিসির হিলটন হোটেলে হোয়াইট হাউজ সংবাদদাতা সমিতির নৈশভোজে গুলি চালানো বন্দুকধারী কোল টমাস অ্যালেনের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে। 

সোমবার আদালতে তোলা হলে প্রসিকিউটর জানান, দোষী সাব্যস্ত হলে ৩১ বছর বয়সী অ্যালেনের যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে।

হামলাকারী অ্যালেন শনিবার রাতে ঘটনাস্থলে শটগান থেকে সিক্রেট সার্ভিসের এক এজেন্টের দিকে গুলি ছোড়েন।

রয়টার্স জানিয়েছে, ক্যালিফোর্নিয়ার টরেন্সের বাসিন্দা অ্যালেনকে কড়া পাহারায় ওয়াশিংটন ফেডারেল আদালতে হাজির করা হয়।

শুনানিতে প্রসিকিউটর জোসেলিন ব্যালানটাইন বলেন, “তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড জে. ট্রাম্পকে হত্যার চেষ্টা করেছিলেন।”

যুক্তরাষ্ট্রে সাম্প্রতিক সময়ে রাজনৈতিক সহিংসতার যে ধারা দেখা যাচ্ছে, এই ঘটনাকে তারই অংশ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। গত সেপ্টেম্বরে এক সমাবেশে রক্ষণশীল রাজনৈতিক কর্মী চার্লি কার্ককে গুলি করে হত্যা করা হয়। 

তার কয়েক মাস আগেই মিনেসোটার এক ডেমোক্রেটিক আইনপ্রণেতা ও তার স্বামী হত্যাকাণ্ডের শিকার হন। এছাড়া ২০২৪ সালের নির্বাচনি প্রচারের সময়ও ট্রাম্প দুইবার হত্যাচেষ্টার লক্ষ্যস্থল হয়েছিলেন।

যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ আদালতের বাইরে সাংবাদিকদের বলেন, তদন্তকারীদের ধারণা, অ্যালেন মূলত ট্রাম্পকে লক্ষ্য করেই এই হামলা চালিয়েছেন। হামলার রাতে আত্মীয়দের পাঠানো এক ইমেইলে তিনি প্রেসিডেন্টকে ‘বিশ্বাসঘাতক’ বলে উল্লেখ করেছিলেন।

ব্ল্যাঞ্চ আরও বলেন, “সভ্য সমাজে সহিংসতার কোনো স্থান নেই। গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে বাধাগ্রস্ত করতে এর ব্যবহার কোনোভাবেই বরদাস্ত করা হবে না।”

তদন্তকারীরা জানিয়েছেন, অ্যালেন একটি ১২-গেজ পাম্প-অ্যাকশন শটগান, তিনটি ছুরি এবং একটি সেমি-অটোমেটিক হ্যান্ডগান নিয়ে ওয়াশিংটনে এসেছিলেন। শটগান থেকে অন্তত এক রাউন্ড গুলি ছোড়া হয়েছে বলে প্রমাণ পেয়েছে পুলিশ।

সংক্ষিপ্ত ওই শুনানিতে নিজের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে কোনো মন্তব্য করেননি অ্যালেন। তবে তিনি আদালতকে জানান, কম্পিউটার সায়েন্সে তার স্নাতকোত্তর (মাস্টার্স) ডিগ্রি রয়েছে। অ্যালেনের আইনজীবী তেজিরা অ্যাবে আদালতে দাবি করেন, এর আগে অ্যালেন কখনও গ্রেপ্তার হননি এবং তার বিরুদ্ধে কোনো অপরাধের রেকর্ডও নেই।

এদিকে, আদালতের হলফনামা অনুযায়ী, অ্যালেন গত ৬ এপ্রিল হিলটন হোটেলের কক্ষ বুক করেন এবং গত সপ্তাহে ক্যালিফোর্নিয়া থেকে ট্রেনে করে ওয়াশিংটনে পৌঁছান। 

হামলার আগে পরিবারের কাছে পাঠানো এক ইমেইলে তিনি নিজেকে ‘ফ্রেন্ডলি ফেডারেল অ্যাসাসিন’ হিসেবে পরিচয় দেন এবং ট্রাম্প প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের লক্ষ্যস্থল করার পরিকল্পনার কথা জানান।

শনিবারের ওই নৈশভোজে সাংবাদিকদের পাশাপাশি অনেক প্রভাবশালী রাজনীতিক উপস্থিত ছিলেন। গুলির শব্দে আতঙ্কিত হয়ে অতিথিরা টেবিলের নিচে আশ্রয় নেন আর নিরাপত্তা কর্মীরা দ্রুত ট্রাম্পকে মঞ্চ থেকে সরিয়ে নেন।

হলফনামায় বলা হয়েছে, অ্যালেন একটি দীর্ঘ আগ্নেয়াস্ত্র হাতে হোটেলের সিকিউরিটি চেকপয়েন্টের ম্যাগনেটোমিটারের ভেতর দিয়ে দৌড়ে যাওয়ার চেষ্টা করেন। 

এ সময় সিক্রেট সার্ভিসের এক কর্মকর্তা তাকে লক্ষ্য করে গুলি চালালে তিনি মাটিতে পড়ে যান, তবে তিনি গুলিবিদ্ধ হননি। ধস্তাধস্তির সময় এক কর্মকর্তার বুকে গুলি লাগলেও বুলেটপ্রুফ জ্যাকেটের কারণে তিনি প্রাণে বেঁচে যান।

আদালত অ্যালেনকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত রিমান্ডে রাখার আদেশ দিয়েছেন বলে জানিয়েছে রয়টার্স।