১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী পদে লড়াইয়ের ঘোষণা অ্যান্ডি বার্নামের

পদত্যাগের ঘোষণা দেওয়া ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমারের অবদানকে স্মরণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে বার্নাম জানান, তিনি এই পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী পদে লড়াইয়ের ঘোষণা অ্যান্ডি বার্নামের
ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2026, 06:59 PM

Updated : 11 Sep 2026, 03:28 PM

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ ঘোষণার পরই তার স্থলাভিষিক্ত হওয়া এবং লেবার পার্টির শীর্ষ নেতৃত্বের লড়াইয়ে নামবেন বলে নিশ্চিত করে জানিয়েছেন দলটির প্রভাবশালী নেতা অ্যান্ডি বার্নাম।

সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে স্টারমারের অবদানকে স্মরণ করে গ্রেটার ম্যানচেস্টারের বিদায়ী এই মেয়র জানান, তিনি নিজেকে এই পদের জন্য যোগ্য প্রার্থী হিসেবে উপস্থাপন করতে যাচ্ছেন।

বিবৃতিতে বার্নাম লিখেছেন, “কিয়ার স্টারমার আমাদের দেশের জন্য বিশাল অবদান রেখেছেন এবং এমন একটি চ্যালেঞ্জিং সময়ে তার নেতৃত্ব ও নিষ্ঠার জন্য আমি তাকে ধন্যবাদ জানাতে চাই।”

“তার এই সিদ্ধান্ত একটি অন্তর্বর্তীকালীন প্রক্রিয়ার সূচনা করেছে এবং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে পুরো প্রক্রিয়াটি যেন একটি সুশৃঙ্খল এবং দায়িত্বশীল উপায়ে পরিচালিত হয়। আমি এই প্রক্রিয়ার অংশ হিসেবে নিজেকে তুলে ধরব।”

“দেশ এখন স্থিতিশীলতা, গাম্ভীর্য ও সবচেয়ে জরুরি বিষয়গুলোর ওপর ধারাবাহিক মনোযোগ আশা করে এবং সেটিই তারা পাবে। আমরা যখন সামনে এগিয়ে যাব, তখন আমাদের প্রধান অগ্রাধিকার হতে হবে সবাই মিলে একসঙ্গে কাজ করা, যাতে দেশকে আমরা সবাই কাঙ্ক্ষিত জায়গায় ফিরিয়ে নিতে পারি।”

“মানুষ এখন অর্থনৈতিক প্রবৃদ্ধি, জীবনযাত্রার ব্যয়, জনপরিষেবা, আবাসন এবং পরবর্তী প্রজন্মের জন্য সুযোগ তৈরির ক্ষেত্রে অগ্রগতি দেখতে চায়। রাজনৈতিক পরিবর্তন যেন কোনোভাবেই মানুষের জীবনমান উন্নয়নের দায়িত্ব থেকে মনোযোগ সরিয়ে না দেয়।”

“লেবার আন্দোলন তখনই সবচেয়ে শক্তিশালী হয়, যখন এটি আত্মবিশ্বাস ও সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে সামনের দিকে তাকায়।”

“এখান থেকে আমরা এটাই করব এবং আমরা নিশ্চিত করব যেন এই ক্ষমতা হস্তান্তর আমাদের দল ও দেশের জন্য নবায়নের একটি ইতিবাচক প্রক্রিয়া হয়।”

বার্নামের রাজনৈতিক অতীত ও মেকারফিল্ডের জয়

যুক্তরাজ্যের রাজনীতিতে অ্যান্ডি বার্নাম অপরিচিত কেউ নন। এক দশকের বেশি সময় আগে তিনি দুবার লেবার পার্টির নেতৃত্বের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, তবে সে সময় সফল হতে পারেননি। 

গত কয়েক মাসে জনমত জরিপে লেবার পার্টির জনপ্রিয়তার পারদ নেমে যাওয়া এবং গত মে মাসের স্থানীয় সরকার নির্বাচনে হতাশাজনক ফলের পর দলের অনেক এমপি এখন দলকে সঠিক পথে ফেরাতে বার্নামকেই যোগ্য মনে করছেন।

সম্প্রতি মেকারফিল্ড আসনের উপনির্বাচনে রিফর্ম ইউকে-এর প্রার্থীকে ৯ হাজারের বেশি ভোটে হারিয়ে নিজের জয় নিশ্চিত করেন বার্নাম। এই জয়ের মাধ্যমে ২০২৪ সালের সাধারণ নির্বাচনে লেবার পার্টির পাওয়া ৪৫ শতাংশ ভোটকে ওই আসনে প্রায় ৫৫ শতাংশে নিয়ে গেছেন তিনি।

বার্নামের জন্য এই জয় রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, কারণ লেবার পার্টির নেতৃত্বের প্রতিযোগিতায় অংশ নিতে হলে প্রথম শর্তই হলো পার্লামেন্ট সদস্য (এমপি) হওয়া। 

নির্বাচনের আগেই বার্নাম ঘোষণা দিয়েছিলেন, মেকারফিল্ডে জিততে পারলে তিনি সম্ভাব্য নেতৃত্ব নির্বাচনে অংশ নিয়ে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে চ্যালেঞ্জ জানাবেন।

এর আগে তীব্র রাজনৈতিক চাপের মুখে ডাউনিং স্ট্রিটের পোডিয়ামে দাঁড়িয়ে পদত্যাগের ঘোষণা দেন কিয়ার স্টারমার। তার এই বিদায়ের পর অ্যান্ডি বার্নাম যদি লেবার পার্টির নেতা নির্বাচিত হন, তবে ব্রেক্সিট গণভোটের পর তিনি হবেন যুক্তরাজ্যের সপ্তম প্রধানমন্ত্রী।