১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মিশরের শারম আল-শেখের কাছে গাড়ি দুর্ঘটনায় কাতারের ৩ কর্মকর্তা নিহত

এ দুর্ঘটনায় কাতারের আরও দুই কর্মকর্তা আহত হয়েছেন। তারা শারম আল-শেখের একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

মিশরের শারম আল-শেখের কাছে গাড়ি দুর্ঘটনায় কাতারের ৩ কর্মকর্তা নিহত
মিশরের লোহিত সাগর তীরবর্তী অবকাশযাপন শহর শারম আল-শেখের দিকে যাওয়ার একটি রাস্তা। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2025, 11:47 AM

Updated : 26 Aug 2026, 02:27 PM

মিশরের লোহিত সাগর তীরবর্তী অবকাশযাপন শহর শারম আল-শেখের কাছে এক গাড়ি দুর্ঘটনায় কাতারের আমিরের প্রশাসনের (আমিরি দিওয়ান) তিন কর্মকর্তা নিহত হয়েছেন। 

রোববার মিশরের কায়রোতে অবস্থিত কাতারের দূতাবাস সামাজিক মাধ্যম এক্স এ দুর্ঘটনার কথা জানিয়ে একটি পোস্ট করেছে। 

এতে তারা জানিয়েছে, এ দুর্ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। তারা শারম আল-শেখের একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। 

রোববার এই আহতদের ও নিহতদের মৃতদেহগুলো দোহায় পাঠানো হবে বলে দূতাবাসটি জানিয়েছে; খবর রয়টার্সের। 

এর আগে রয়টার্সকে মিশরের নিরাপত্তা বাহিনীর দুটি সূত্র জানায়, কাতারি কূটনীতিকদের বহনকারী একটি গাড়ি শারম আল-শেখ শহর থেকে ৫০ কিলোমিটার দূরে থাকা অবস্থায় রাস্তার একটি বাঁকে উল্টে যায়।   

কাতার দূতাবাস এই ঘটনাটিকে ‘মর্মান্তিক সড়ক দুর্ঘটনা’ বলে বর্ণনা করে বলেছে, ওই তিনজন তাদের দায়িত্বপালনকালে নিহত হয়েছেন। 

গত কিছু দিন ধরে শারম আল-শেখে কাতার, তুরস্ক ও মিশরের মধ্যস্থতায় গাজা যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনা নিয়ে ইসরায়েল ও হামাসের মধ্যে পরোক্ষ আলোচনা চলছিল। এই আলোচনা থেকেই ইসরায়েল ও হামাসের মধ্যে একটি বন্দি বিনিময় ও যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর হয়েছে। সোমবার গাজা যুদ্ধ অবসানে ট্রাম্পের পরিকল্পনা নিয়ে হামাস ও ইসরায়েলের মধ্যে একটি চূড়ান্ত চুক্তি হওয়ার কথা রয়েছে। 

এই আলোচনা ও চুক্তির স্বাক্ষর অনুষ্ঠান উপলক্ষ্যে গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী দেশ কাতারের অনেক কর্মকর্তা এখন মিশরে রয়েছেন। 

সোমবার শারম আল-শেখে একটি আন্তর্জাতিক শীর্ষ সম্মেলনের মধ্য দিয়ে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ অবসানের চূড়ান্ত চুক্তিটি হওয়ার কথা। এই সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পসহ ২০ জনেরও বেশি বিশ্ব নেতা যোগ দেবেন বলে জানিয়েছে মিশর।  

আরও পড়ুন: 

গাজা চুক্তি উপলক্ষ্যে মিশরে শীর্ষ সম্মেলন যোগ দিচ্ছেন ট্রাম্প ও ২০ বিশ্ব নেতা