১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

গাজা চুক্তি উপলক্ষ্যে মিশরে শীর্ষ সম্মেলন যোগ দিচ্ছেন ট্রাম্প ও ২০ বিশ্ব নেতা

তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বা হামাসের কোনো প্রতিনিধি সম্মেলনে উপস্থিত থাকবেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

গাজা চুক্তি উপলক্ষ্যে মিশরে শীর্ষ সম্মেলন যোগ দিচ্ছেন ট্রাম্প ও ২০ বিশ্ব নেতা
মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পসহ বিশ্ব নেতাদের স্বাগত জানাতে প্রস্তুত হচ্ছে মিশরের শারম আল-শেখ শহর। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2025, 10:33 AM

Updated : 26 Aug 2026, 02:27 PM

ফিলিস্তিনি ছিটমহল গাজায় যুদ্ধ শেষ করার লক্ষ্যে একটি চুক্তি চূড়ান্ত করতে মিশরের লোহিত সাগর তীরবর্তী অবকাশযাপন শহর শারম আল-শেখে একটি আন্তর্জাতিক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। 

সোমবারের এই সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পসহ বিশ্বের ২০ জনেরও বেশি নেতা উপস্থিত থাকবেন বলে শনিবার এক বিবৃতিতে জানিয়েছেন মিশরের প্রেসিডেন্টের মুখপাত্র।

‘গাজা যুদ্ধ শেষ করতে একটি চুক্তি’ সম্পন্ন করাই এই সম্মেলনের মূল কাজ হবে বলে ওই বিবৃতিতে জানানো হয়েছে।  

এতে বলা হয়েছে, “এই সম্মেলনের লক্ষ্য গাজা ভূখণ্ডের যুদ্ধটি শেষ করা, মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা অর্জনের প্রচেষ্টাগুলোকে শক্তিশালী করা।”

বিবৃতিতে আরও বলা হয়েছে, “এই অঞ্চলে শান্তি অর্জনের জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের দৃষ্টিভঙ্গী ও বিশ্বব্যাপী সংঘাত নিরসনে তার নিরলস প্রচেষ্টার ফলশ্রুতিতে এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।” 

বিবিসি জানিয়েছে, মিশরের এই বিবৃতির আগে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ নিশ্চিত করেছেন যে তিনি এই সম্মেলনে উপস্থিত থাকছেন।  

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স 

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প

আল জাজিরা জানিয়েছে, জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার জানিয়েছেন তারাও এই সম্মেলনে উপস্থিত থাকবেন। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ও স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজও শারম আল-শেখের সম্মেলনে যোগ দিচ্ছেন।  

তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বা ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের কোনো প্রতিনিধি সম্মেলনে উপস্থিত থাকবেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।  

মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশের প্রধানরাও এ সম্মেলনে উপস্থিত থাকবেন বলে ধারণা করা হচ্ছে। 

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ও মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তা আল সিসি এই আন্তর্জাতিক সম্মেলনের সভাপতিত্ব করবেন। সম্মেলনে গাজায় ইসরায়েলের যুদ্ধ শেষ করার উদ্দেশে ট্রাম্পের প্রস্তাবিত শান্তি পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে।