Published : 22 Dec 2025, 11:45 AM
ভেনেজুয়েলার কাছে আরেকটি তেল ট্যাঙ্কারের পিছু নিয়েছে মার্কিন কোস্টগার্ড, জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।
রয়টার্স লিখেছে, ট্যাঙ্কারটি আটক করতে পারলে চলতি সপ্তাহে এটি এ ধরনের দ্বিতীয় এবং দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে তৃতীয় অভিযান হবে।
এক মার্কিন কর্মকর্তা রোববার রয়টার্সকে বলেছেন, “যুক্তরাষ্ট্রের কোস্টগার্ড নিষেধাজ্ঞার আওতায় থাকা একটি ‘ডার্ক ফ্লিট’ জাহাজকে ধরার চেষ্টা করছে। এই জাহাজটি ভেনেজুয়েলার অবৈধভাবে নিষেধাজ্ঞা এড়িয়ে যাওয়ার অংশ।”
আরেক কর্মকর্তা জানিয়েছেন, ট্যাঙ্কারটি নিষেধাজ্ঞার আওতায় আছে। তিনি আরও জানান, তারা এখনো জাহাজটিতে উঠতে পারেননি আর বাধা অন্যভাবেও দেওয়া হতে পারে।
পরিচয় না প্রকাশ করার শর্তে তারা দুইজনই অভিযানটি ঠিক কোথায় হচ্ছে তা বা যে জাহাজটিকে ধাওয়া করা হচ্ছে তার নাম জানাননি।
রয়টার্স জানিয়েছে, একজন মার্কিন মেরিটাইম নিরাপত্তা সূত্রসহ ব্রিটিশ মেরিটাইম রিস্ক ম্যানেজমেন্ট গ্রুপ ভ্যানগার্ড ট্যাঙ্কারটিকে বেলা ১ নামে শনাক্ত করেছে। এটি একটি বিশাল অপরিশোধিত জ্বালানি তেলবাহী জাহাজ। মার্কিন অর্থ মন্ত্রণালয় গত বছর এই ট্যাঙ্কারটিকে নিষেধাজ্ঞার তালিকায় যুক্ত করে। ইরানের সঙ্গে এই ট্যাঙ্কারটির যোগাযোগ আছে বলে দাবি করেছে তারা।
ট্যাঙ্কারট্র্যাকার ডটকমের তথ্য অনুযায়ী, রোববার ভেনেজুয়েলার দিকে এগিয়ে যাওয়ার সময় বেলা ১ খালি ছিল।
ভেনেজুয়েলর রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি পিডিভিএসএ-র নথিপত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, ২০২১ সালে ট্যাঙ্কারটি চীনে ভেনেজুয়েলার তেল সরবরাহে নিয়োজিত ছিল। আর ট্যাঙ্কারট্র্যাকারের তথ্য অনুযায়ী, এর আগে এটি ইরানের অপরিশোধিত জ্বালানি তেল বহন করতো।
শনিবার যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি জানায়, ভেনেজুয়েলা থেকে ছেড়ে আসা একটি তেল ট্যাঙ্কারকে ক্যারিবীয় সাগরের আন্তর্জাতিক জলসীমা থেকে জব্দ করেছে মার্কিন কোস্টগার্ড।
গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, তিনি ভেনেজুয়েলা থেকে ছেড়ে আসা ও দেশটির জলসীমায় প্রবেশ করতে যাওয়া নিষেধাজ্ঞার আওতায় থাকা তেল ট্যাঙ্কারগুলো ‘অবরোধ’ করার আদেশ দিয়েছেন।
ট্রাম্পের এই নির্দেশনার পর মার্কিন কোস্টগার্ড ভেনেজুয়েলা উপকূল থেকে ‘সেঞ্চুরিজ’নামের ওই তেল ট্যাঙ্কারটি জব্দ করে। এর আগে ১০ ডিসেম্বর একই উপকূল থেকে আরেকটি তেল ট্যাঙ্কার জব্দ করেছিল মার্কিন কোস্টগার্ড।
আরও পড়ুন: ভেনেজুয়েলা উপকূলে দ্বিতীয় তেল ট্যাঙ্কার জব্দ যুক্তরাষ্ট্রের