Published : 25 Dec 2025, 12:59 AM
তিন দশকের দীর্ঘ প্রচেষ্টার পর অবশেষে ঋণ জর্জরিত রাষ্ট্রীয় বিমান সংস্থা পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের (পিআইএ) ৭৫ শতাংশ শেয়ার বিক্রি করল সরকার।
মঙ্গলবার অনুষ্ঠিত এক প্রতিযোগিতাপূর্ণ নিলামে ৪৮ কোটি ২০ লাখ ডলারের (৪৮২ মিলিয়ন ডলার) বিনিময়ে এয়ারলাইনসের এই শেয়ার কিনে নিয়েছে আরিফ হাবিব লিমিটেড। এটি পাকিস্তানের বৃহত্তম সিকিউরিটিজ ব্রোকারেজ, বিনিয়োগ ব্যাংকিং এবং গবেষণা সংস্থা।
‘দ্য ফিন্যান্সিয়াল টাইমস’ পত্রিকা জানায়, নিলাম অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করে রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম। একে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ সরকারের এয়ারলাইন্স বেসরকারীকরণ অভিযানের একটি বড় জয় হিসেবে দেখা হচ্ছে।
তিনটি পাকিস্তানি প্রতিষ্ঠান নিলামে অংশ নিয়েছিল। এর আগে গত বছর পিআইএ বিক্রির প্রথম প্রচেষ্টা ব্যর্থ হয়েছিল। কারণ, তখন মাত্র একটি পক্ষ দরপত্র জমা দিয়েছিল এবং তাদের প্রস্তাবিত দাম সরকারের কাঙ্ক্ষিত মূল্যের চেয়ে অনেক কম ছিল।
বর্তমান চুক্তিটি চূড়ান্ত হতে এখন কেবল নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের অপেক্ষা। নিলামে বিজয়ী প্রতিষ্ঠান এখন পাকিস্তান এয়ারলাইন্সটির ৭৫ শতাংশ শেয়ারের মালিক হবে এবং আগামী তিন মাসের মধ্যে বাকি ২৫ শতাংশ শেয়ার কেনার সুযোগ পাবে।
করাচিভিত্তিক ব্রোকারেজ হাউস টপলাইন সিকিউরিটিজ জানিয়েছে, বিক্রয়লব্ধ অর্থের ৯০ শতাংশের বেশি এয়ারলাইন্সের উন্নয়নে বিনিয়োগ করা হবে এবং বাকি অংশ ঋণ পরিশোধে ব্যয় হবে।
২০২৪ সালের জুলাই মাসে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে ৭০০ কোটি ডলারের ঋণ কর্মসূচি শুরু করেছিল পাকিস্তান। এর শর্ত হিসেবে দেশটিতে গ্যাস, বিদ্যুৎ ও করের হার বাড়ানো হয়েছে, যার ফলে সাধারণ মানুষের মধ্যে বিক্ষোভ দেখা দিয়েছে।
আইএমএফ কর্মসূচির অংশ হিসেবে ইসলামাবাদ কয়েক ডজন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান থেকে সরকারি মালিকানা প্রত্যাহারের অঙ্গীকার করেছে।
পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের (পিআইএ) শেয়ার বিক্রির পর প্রধানমন্ত্রীর মুখপাত্র মোশাররফ জাইদি বলেন, "খুবই সতর্কতার সঙ্গে এই প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে যা ন্যায্য ফল এনে দিয়েছে।
“এটি আগামীতে একই ধরনের আরও লেনদেনের পথ প্রশস্ত করবে এবং বেসরকারি খাতে নতুন শক্তি সঞ্চার করবে।"
সরকারি হিসাব অনুযায়ী, পিআইএ প্রতি বছর ৩ হাজার ৫০০ কোটি রুপি লোকসান দেয়। নিলামের আগে সরকার পিআইএ-র ৮০০ কোটি রুপির বেশি ঋণের মধ্যে ৬৭০ কোটি রুপি একটি হোল্ডিং কোম্পানিতে স্থানান্তর করেছে, যা সরকার নিজে পরিশোধ করবে।
বিশ্লেষকরা বলছেন, পুরনো ঋণের বোঝা সরকার নিজের কাঁধে নেওয়ায় ২০২৫ সালের প্রথমার্ধে পিআইএ ১ হাজার ১৫০ কোটি রুপি কর-পূর্ব মুনাফা দেখাতে সক্ষম হয়েছে। এছাড়া, সম্প্রতি ইইউ এবং যুক্তরাজ্যে লাভজনক রুটে পুনরায় ফ্লাইট চালুর অনুমতি পাওয়ায় এয়ারলাইন্সটির বাজারমূল্য বেড়েছে।
২০২০ সালে করাচিতে এক বিমান দুর্ঘটনার পর এই বাজারগুলোতে পিআইএ নিষিদ্ধ ছিল। নিলামে লাকি সিমেন্টের নেতৃত্বাধীন কনসোর্টিয়াম এবং স্থানীয় বিমান সংস্থা এয়ারব্লুকে টক্কর দিয়ে মালিকানা জিতে নেয় আরিফ হাবিব।
উদীয়মান বাজার বিষয়ক পরামর্শক সংস্থা টেলিমারের ইকুইটি রিসার্চ প্রধান হাসনাইন মালিক বলেন, "চুক্তি সম্পন্ন করতে পারা সরকারের জন্য বড় সাফল্য। তবে এটি ভাল দাম কি না তা নির্ভর করছে কত পরিমাণ দায় ও ঋণ স্থানান্তর করা হয়েছে তার ওপর।
“আরিফ হাবিবের জন্য এখন বড় চ্যালেঞ্জ হবে জনবল ও পরিচালনা ব্যয় পুনর্গঠন এবং বহর আধুনিকায়নে অর্থের সংস্থান করা।"