ব্রিটিশ সাবেক মন্ত্রী খুন: তরুণকে ছেড়ে দিল পুলিশ
“আমাদের প্রধান অগ্রাধিকার হচ্ছে এই অপরাধের জন্য প্রকৃত দায়ীদের চিহ্নিত করা।”
যুক্তরাজ্যের প্রবীণ রাজনীতিক অ্যান উইডিকম্ব হত্যার সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার তরুণকে ছেড়ে দেওয়া হয়েছে।
রয়টার্স লিখেছে, খুনের সঙ্গে সংশ্লিষ্টতা না মেলায় তাকে ছেড়ে দেওয়ার কথা জানিয়েছে পুলিশ।
ডেভন অ্যান্ড কর্নওয়াল পুলিশের অ্যাসিস্ট্যান্ট চিফ কনস্টেবল ম্যাট লংম্যান শনিবার এক বিবৃতিতে বলেন, “আমাদের প্রধান অগ্রাধিকার হচ্ছে এই অপরাধের জন্য প্রকৃত দায়ীদের চিহ্নিত করা এবং হাতে থাকা সব তথ্য-প্রমাণ পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করা।”
তিনি বলেন, “হত্যাকাণ্ডের তদন্তটি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে, তবে তা বেশ দ্রুতগতিতে এগোচ্ছে। ঠিক কী ঘটেছিল তা নিশ্চিতভাবে জানতে আমরা প্রয়োজনীয় সব ধরনের সম্পদ ও জনবল নিয়োজিত করেছি।”
বৃহস্পতিবার দক্ষিণ-পশ্চিম ইংল্যান্ডের গ্রামীণ এলাকার নিজ বাড়ি থেকে উইডিকম্বের লাশ উদ্ধার করা হয়। তার শরীরের আঘাতের চিহ্ন রয়েছে।
উইডিকম্ব তার কট্টর সামাজিক রক্ষণশীল অবস্থানের জন্য বিশেষভাবে পরিচিত ছিলেন। ১৯৯২ থেকে ১৯৯৭ মেয়াদে জন মেজরের কনজারভেটিভ সরকারে তিনি জুনিয়র মন্ত্রী ছিলেন।
পরবর্তীকালে নাইজেল ফারাজের পপুলিস্ট দল ‘রিফর্ম ইউকে’-র অভিবাসন ও বিচার বিষয়ক মুখপাত্র হওয়ার পাশাপাশি, ২০১৯ থেকে ২০২০ সাল পর্যন্ত ইউরোপীয় পার্লামেন্টের সদস্যও (এমইপি) ছিলেন তিনি।
উইডিকম্বের মৃত্যুর খবরে তার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারসহ বিভিন্ন রাজনৈতিক শিবিরের শীর্ষ নেতারা।
