১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ফের হাসপাতালে ভর্তি মালয়েশিয়ার শতবর্ষী সাবেক প্রধানমন্ত্রী মাহাথির

“তিনি বিশ্রাম নিচ্ছেন। আশা করছি সন্ধ্যার মধ্যেই তিনি বাড়ি ফিরতে পারবেন,” বিবৃতিতে বলেছে তার কার্যালয়।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2025, 03:31 PM

Updated : 26 Aug 2026, 01:22 PM

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ শারীরিক দুর্বলতা ও অবসাদজনিত কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানিয়েছে তার কার্যালয়। 

বার্তা সংস্থা রয়টার্স জানায়, শততম জন্মদিন উপলক্ষে আয়োজিত বনভোজন অনুষ্ঠান থেকে মাহাথির আগেভাগে বেরিয়ে গেছেন বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হওয়ার পর রোববার তার কার্যালয় সাবেক প্রধানমন্ত্রীর হাসপাতালে ভর্তির এ খবর দেয়। 

দুই দশকেরও বেশি সময় ধরে দক্ষিণপূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়া শাসন করা মাহাথির আগেই হার্টে বাইপাস সার্জারি করিয়েছিলেন।

সাম্প্রতিক বছরগুলোতে তাকে একাধিকবার হাসপাতালে ভর্তি হতে দেখা গেছে। সর্বশেষ গত অক্টোবরেও তিনি শ্বাসনালীতে সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। 

রোববার দেওয়া বিবৃতিতে তার কার্যালয় জানায়, মাহাথির শারীরিক দুর্বলতা ও ক্লানিজনিত সমস্যা নিয়ে কুয়ালা লামপুরের ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে ভর্তি আছেন। তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। 

“তিনি বিশ্রাম নিচ্ছেন। আশা করছি সন্ধ্যার মধ্যেই তিনি বাড়ি ফিরতে পারবেন,” বিবৃতিতে বলেছে তারা। 

২০২২ সাল পর্যন্ত পার্লামেন্টের সদস্য থাকা মাহাথির নিজেও চিকিৎসক। রোববার তিনি নিজেই গাড়ি চালিয়ে অনুষ্ঠানে গিয়েছিলেন বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যমগুলো।

তার জন্মদিন ছিল বৃহস্পতিবার। আর শনিবার মাহাথিরের স্ত্রী হাসমা মোহাম্মদ আলিও ৯৯ বছরে পা দিয়েছেন, সেটিও রোববারের আয়োজনের অন্যতম উপলক্ষ ছিল। 

স্থানীয় গণমাধ্যমগুলো বলছে, ক্লান্ত অনুভব করার আগে মাহাথির এক ঘণ্টা সাইকেল চালিয়েছিলেন। 

২০০৩ সাল পর্যন্ত টানা ২২ বছর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী থাকা মাহাথিরকে দক্ষিণপূর্ব এশিয়ার দেশটির অর্থনৈতিক উন্নয়নের রূপকার বলা হয়।  

২০১৮ সালে বিরোধী জোটের নেতৃত্ব দিয়ে নির্বাচনে জিতে ফের প্রধানমন্ত্রী পদে ফিরেছিলেন তিনি। তবে নিজেদের মধ্যকার দ্বন্দ্বে দুই বছরেরও কম সময়ের মধ্যে ওই সরকার ভেঙে পড়ে।