১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

পেরুতে জোড়া ভূমিকম্পে নিহত ৬, আহত ২১

হুনিন অঞ্চলের চুপাকা প্রদেশে ৫ দশমিক ১ মাত্রার ও ৩ দশমিক ৭ মাত্রার দুটি ভূমিকম্প হয়।

পেরুতে জোড়া ভূমিকম্পে নিহত ৬, আহত ২১
মধ্য পেরুতে ভূমিকম্পের পর একটি ধ্বংসপ্রাপ্ত বাড়ি। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2026, 02:41 PM

Updated : 11 Sep 2026, 03:42 PM

পেরুর একটি পার্বত্য অঞ্চলে জোড়া ভূমিকেম্প অন্তত ছয়জন নিহত ও আরও ২১ জন আহত হয়েছে। 

রোববার পেরুর বেসামরিক প্রতিরক্ষা প্রধান এ তথ্য জানিয়েছেন বলে খবর বার্তা সংস্থা রয়টার্সের। 

দেশটির জাতীয় ভূমিকম্প বিষয়ক কেন্দ্র সামাজিক মাধ্যমে এক্স এ এক পোস্টে জানিয়েছে, স্থানীয় সময় শনিবার রাতে হুনিন অঞ্চলের চুপাকা প্রদেশে ৫ দশমিক ১ মাত্রার ও ৩ দশমিক ৭ মাত্রার দুটি ভূমিকম্প হয়। প্রথম ভূমিকম্পটির উৎপত্তি ভূপৃষ্ঠের ২৪ কিলোমিটার আর দ্বিতীয়টি ১৮ কিলোমিটার গভীরে। 

ভূমিকম্পের উপকেন্দ্রগুলো রাজধানী লিমা থেকে প্রায় ৩০০ কিলোমিটার পূর্বে।  

ইউরোপিয়ান-মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার এর আগে প্রথম ভূমিকম্পটির মাত্রা ৫ দশমিক ৬ বলে জানিয়েছিল। 

পেরুর জাতীয় বেসামরিক প্রতিরক্ষা ইনস্টিটিউটের প্রধান লুইস ভাসকেস স্থানীয় রেডিও স্টেশন এক্সিতোসাকে জানান, প্রাথমিক প্রতিবেদনগুলোতে দেখা গেছে যে ৪৮টি বাড়ি ধ্বংস আর ১৮টি ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে প্রায় ৩০০ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদেরকে তাঁবু দেওয়া হচ্ছে। 

চুপাকার ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর ঘরবাড়িগুলো সাধারণত কাঁচা ইটের ব্লক দিয়ে তৈরি কাঠামো।  

ভাসকেস জানান, রোববার ভোরে জরুরি বিভাগের ও দমকলের কর্মীরা অকুলস্থলে পৌঁছেছেন। তারা ধ্বংসস্তূপের আবর্জনা পরিষ্কার করা শুরু করেছেন। আর কেউ যেন এসব আবর্জনার মধ্যে আটকা না পড়েন সে বিষয়ে সতর্ক আছেন তারা।  

পেরু প্যাসিফিক রিং অব ফায়ারের (প্রশান্ত মহাসাগরের আগ্নেয় বলয়) উপর অবস্থিত। প্রশান্ত মহাসাগরের পূর্ব, উত্তর ও পশ্চিম উপকূলজুড়ে ছড়িয়ে থাকা এই আগ্নেয় বলয়টিতে বিশ্বের প্রায় ৮৫ শতাংশ ভূমিকম্পের উৎপত্তি হয়।